মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)

৬- জানাযা-কাফন-দাফনের অধ্যায়

হাদীস নং: ১৫৪৬
- জানাযা-কাফন-দাফনের অধ্যায়
১. প্রথম অনুচ্ছেদ - রোগী দেখা ও রোগের সাওয়াব
১৫৪৬। হযরত আবু হুরায়রা (রাঃ) বলেন, রাসূলুল্লাহ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিয়াছেন : শহীদ পাঁচ ব্যক্তি- (১) যে মহামারীতে মারা গিয়াছে, (২) যে পেটের অসুখে মারা গিয়াছে, (৩) যে পানিতে ডুবিয়া মারা গিয়াছে, (৪) যে দেওয়াল চাপা পড়িয়া মারা গিয়াছে এবং (৫) যে ব্যক্তি আল্লাহর রাস্তায় যুদ্ধে মারা গিয়াছে। — মোত্তাঃ
كتاب الجنائز
بَابُ عِيَادَةِ الْمَرِيْضِ وَثَوَابِ الْمَرَضِ
وَعَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «الشُّهَدَاءُ خَمْسَةٌ الْمَطْعُونُ وَالْمَبْطُونُ وَالْغَرِيقُ وَصَاحب الْهدم والشهيد فِي سَبِيل الله»

হাদীসের ব্যাখ্যা:

এ হাদীসের প্রতি চিন্তা করলে জানা যায় যে, যেসব ব্যক্তির মৃত্যু যে কোন আকস্মিক দুর্ঘটনায় কিংবা কোন ভয়ানক ও দয়া উদ্রেককারী রোগে হয়ে থাকে, তাদের সবাইকে আল্লাহ্ তা'আলা স্বীয় বিশেষ দয়া ও করুণায় এক শ্রেণীর শাহাদতের পুরস্কার দান করবেন।

উল্লেখ্য, এভাবে মৃত্যুবরণকারীদের জন্য এতে বিরাট সুসংবাদ এবং তাদের সংশ্লিষ্ট ও উত্তরসুরীদের জন্য সান্ত্বনার বিরাট উপকরণ রয়েছে। আল্লাহ্ তা'আলা আমাদেরকে বিশ্বাসের সৌভাগ্যদান করুন। আমাদের এ যুগে বাস ইত্যাদি কিংবা রেল ও বিমানের দুর্ঘটনায়, এরূপে হৃৎপিন্ডের ক্রিয়া বন্ধ হওয়ার কারণে আল্লাহর বান্দাদের জীবন প্রদীপ নির্বাপিত হয়, আল্লাহ্ তা'আলার দয়ার ওপর পূর্ণ আশা রয়েছে যে, তাদের সাথেও আল্লাহ্ তা'আলার রহমতের আচরণ তাই হবে। নিঃসন্দেহে তাঁর রহমত সীমাহীন ও প্রশস্ত।
ব্যাখ্যা সূত্রঃ_ মা'আরিফুল হাদীস (মাওলানা মনযূর নোমানী রহ.)
tahqiqতাহকীক:বিশুদ্ধ (পারিভাষিক সহীহ)