মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)
৫- নামাযের অধ্যায়
হাদীস নং: ১৪২৯
- নামাযের অধ্যায়
৪৭. প্রথম অনুচ্ছেদ - দু’ ঈদের সালাত
১৪২৯। হযরত ইবনে আব্বাস (রাঃ)-কে একদা জিজ্ঞাসা করা হইল, আপনি রাসুলুল্লাহ্, ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিত কখনও ঈদের নামাযে উপস্থিত ছিলেন কি? তিনি বলিলেন, হ্যাঁ, (ছিলাম। দেখিয়াছি) রাসূলুল্লাহ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদগাহে বাহির হইলেন (এবং প্রথমে) নামায পড়িলেন তৎপর খোতবা দান করিলেন। (পরের রাবী বলেন, ) ইবনে আব্বাস (রাঃ) আযান বা একামতের কথা উল্লেখ করেন নাই। অতঃপর হুযূর (ﷺ) মহিলাদের নিকটে আসিলেন, তাহাদিগকে ওয়ায ও নসীহত করিলেন এবং সদকা-খয়রাত করার জন্য উপদেশ দিলেন। অতঃপর আমি দেখিলাম, মহিলাগণ নিজেদের কান ও গলার দিকে হাত বাড়াইলেন এবং গহনা খুলিয়া খুলিয়া বেলালের নিকট দিতে লাগিলেন। অতঃপর হুযূর (ছাঃ) ও বেলাল ঘরের দিকে রওয়ানা হইলেন। — মোত্তাঃ
كتاب الصلاة
بَابُ صَلَاةِ الْعِيْدَيْنِ
وَسُئِلَ ابْنُ عَبَّاسٍ: أَشَهِدْتَ مَعَ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ الْعِيدَ؟ قَالَ: نَعَمْ خَرَجَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَصَلَّى ثُمَّ خَطَبَ وَلَمْ يَذْكُرْ أَذَانًا وَلَا إِقَامَةً ثُمَّ أَتَى النِّسَاءَ فَوَعَظَهُنَّ وَذَكَّرَهُنَّ وَأَمَرَهُنَّ بِالصَّدَقَةِ فَرَأَيْتُهُنَّ يُهْوِينَ إِلَى آذَانِهِنَّ وَحُلُوقِهِنَّ يَدْفَعْنَ إِلَى بِلَالٍ ثُمَّ ارْتَفَعَ هُوَ وَبِلَالٌ إِلَى بَيته
হাদীসের ব্যাখ্যা:
এই হাদীসে ঈদের খুতবায় পুরুষের পাশাপাশি নারীদেরও পৃথকভাবে সম্বোধন করার বিষয় উল্লিখিত হয়েছে। হযরত আবদুল্লাহ্ ইবনে আববাস (রা) থেকে বর্ণিত সহীহ্ মুসলিমের এক হাদীস সূত্রে জানা যায় যে, নবী কারীম ﷺ খেয়াল করেছিলেন যে, নারীরা খুতবা শুনতে পায়নি (তাই তিনি পৃথকভাবে তাদের নসীহত করেন)।
জ্ঞাতব্যঃ রাসূলুল্লাহ ﷺ এর যুগে দুই ঈদের সালাতে সাধারণভাবে মহিলারা অংশ নিত। বরং বলা যায়, এ বিষয়ে তাঁর নির্দেশও ছিল। কিন্তু সময়ের বিবর্তনে এবং মুসলমানদের মধ্যে ফিতনা ফাসাদ দেখা দেওয়ায় ফিকহবিদ বিশেষজ্ঞ আলিমগণ যেমন জুমু'আ ও পাঁচ ওয়াক্তের সালাতে মহিলাদের জামা'আতে অংশগ্রহণ করাকে অসমীচীন মনে করেন, অনুরূপভাবে দুই ঈদের সালাতের ক্ষেত্রেও তাদের ঈদগাহে যাওয়া তারা অসমীচীন মনে করেন।

ব্যাখ্যা সূত্রঃ_ মা'আরিফুল হাদীস (মাওলানা মনযূর নোমানী রহ.)