মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)

৫- নামাযের অধ্যায়

হাদীস নং: ৭০৫
- নামাযের অধ্যায়
৭. প্রথম অনুচ্ছেদ - মাসজিদ ও সালাতের স্থান
৭০৫। হযরত কা'ব ইবনে মালেক (রাযিঃ) হতে বর্ণিত। তিনি বলেছেন, নবী পাক (ﷺ) দিবসের পূর্বাহ্ন ব্যতীত কখনও সফর হতে গৃহে ফিরতেন না। আর প্রবাস হতে ফিরে এসে প্রথমেই তিনি মসজিদে প্রবেশ করতেন এবং তাতে দুই রাকাত নামায পড়তেন। তারপর তথায় (কিছুক্ষণ) বসতেন। —বুখারী, মুসলিম
كتاب الصلاة
بَابُ الْمَسَاجِدِ وَمَوَاضِعِ الصَّلَاةِ
وَعَنْ كَعْبِ بْنِ مَالِكٍ قَالَ: كَانَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ لَا يَقْدَمُ مِنْ سَفَرٍ إِلَّا نَهَارًا فِي الضُّحَى فَإِذَا قَدِمَ بَدَأَ بِالْمَسْجِدِ فَصَلَّى فِيهِ رَكْعَتَيْنِ ثمَّ جلس فِيهِ

হাদীসের ব্যাখ্যা:

অপরাপর হাদীস সূত্রে সবিস্তার জানা যায় যে, নবী কারীম ﷺ যখন সফর থেকে বাড়ী ফিরতেন তখন মদীনার অদূরে কোথাও শেষ অবস্থান নিতেন। ফলে মদীনায় এ মর্মে সংবাদ ছড়িয়ে পড়ত যে, তিনি অমুক স্থানে যাত্রা বিরতি করছেন এবং আগামীকাল ভোরে মদীনায় তাশরীফ আনবেন। তারপর তিনি ভোরবেলা রওয়ানা করে চাশতের সময় মদীনায় উপস্থিত হতেন এবং প্রথমে মসজিদে অবস্থান নিতেন। তিনি যেন তাঁর ঘরে প্রবেশের পূর্বে আল্লাহর দরবারে তাঁর ইবাদতের নযরানা পেশ করতেন। তারপর কিছুক্ষণ মসজিদে অবস্থান করতেন এবং সাক্ষাৎ প্রার্থীরা তাঁর সঙ্গে মুলাকাত করে ধন্য হতেন। এই ছিল মসজিদের সাথে সম্পর্কের ক্ষেত্রে মহানবী হযরত মুহাম্মদ ﷺ এর সর্বোত্তম আদর্শিক নমুনা। আল্লাহ্ তা'আলা আমাদের সবাইকে এর মর্ম বুঝার এবং তা অনুসরণ করার তাওফীক দিন।
ব্যাখ্যা সূত্রঃ_ মা'আরিফুল হাদীস (মাওলানা মনযূর নোমানী রহ.)
tahqiqতাহকীক:বিশুদ্ধ (পারিভাষিক সহীহ)