মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)
৫- নামাযের অধ্যায়
হাদীস নং: ৫৭৮
- নামাযের অধ্যায়
তৃতীয় অনুচ্ছেদ
৫৭৮। হযরত আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আছ (রাযিঃ) হতে বর্ণিত। তিনি বলেছেন, নবী পাক (ﷺ) একদিন নামায সম্পর্কে আলোচনায় বললেন, যে ব্যক্তি নামাযের হেফাজাত করবে, তা তার জন্য কিয়ামত দিবসে আলো, প্রমাণ এবং মুক্তির উপায় হবে। আর যে তার হেফাজত করবে না, তার জন্য তা আলো, প্রমাণ এবং মুক্তি হবে না; বরং কিয়ামত দিবসে সে কারূন, ফিরআওন, হামান এবং উবাই ইবনে খালাফের সাথে থাকবে। আহমদ, দারেমী, বায়হাকী
كتاب الصلاة
اَلْفَصْلُ الثَّالِثُ
وَعَنْ عَبْدِ اللَّهِ بْنِ عَمْرِو بْنِ الْعَاصِ عَنْ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: أَنَّهُ ذَكَرَ الصَّلَاةَ يَوْمًا فَقَالَ: «مَنْ حَافَظَ عَلَيْهَا كَانَتْ لَهُ نُورًا وَبُرْهَانًا وَنَجَاةً يَوْمَ الْقِيَامَةِ وَمن لم يحافظ عَلَيْهَا لم يكن لَهُ نور وَلَا برهَان وَلَا نجاة وَكَانَ يَوْمَ الْقِيَامَةِ مَعَ قَارُونَ وَفِرْعَوْنَ وَهَامَانَ وَأُبَيِّ بْنِ خَلَفٍ» . رَوَاهُ أَحْمَدُ وَالدَّارِمِيُّ وَالْبَيْهَقِيُّ فِي شُعَبِ الْإِيمَانِ
হাদীসের ব্যাখ্যা:
সালাত বর্জন এমন গুরুতর অপরাধ যার ফলে সালাত বর্জনকারী জাহান্নামে পৌঁছে যায় যেখানে ফির'আউন, হামান, কারূন ও উবাই ইবনে খালফের স্থান হবে। তবে সকল জাহান্নামীর শাস্তি কিন্তু একই রাখা হবে না। কারণ একটি জেলখানায় অনেক আসামী থাকলেও অপরাধ অনুসারে প্রত্যেকের ভিন্ন ভিন্ন শাস্তি হয়ে থাকে। কেননা ظُلُمَاتٌ بَعْضُهَا فَوْقَ بَعْضٍ "অন্ধকারপুঞ্জ স্তরের উপর স্তর।" (২৪, সূরা নূর: ৪০)
ব্যাখ্যা সূত্রঃ_ মা'আরিফুল হাদীস (মাওলানা মনযূর নোমানী রহ.)