আল জামিউস সহীহ- ইমাম বুখারী রহঃ

৪৯- নবীজী সাঃ ও সাহাবা রাঃ ; মর্যাদা ও বিবিধ ফাযায়েল

হাদীস নং: ৩৪২০
আন্তর্জাতিক নং: ৩৬৮৫
- নবীজী সাঃ ও সাহাবা রাঃ ; মর্যাদা ও বিবিধ ফাযায়েল
২০৮৫. উমর ইবনে খাত্তাব আবু হাফস কুরাইশী-আদাবী (রাযিঃ)- এর ফযীলত ও মর্যাদা
৩৪২০। আবদান (রাহঃ) .... ইবনে আব্বাস (রাযিঃ) থেকে বর্ণিত, তিনি বলেন, উমর (রাযিঃ)- এর লাশ খাটের উপর রাখা হল। খাটটি কাঁধে তোলে নেয়ার পূর্বক্ষণ পর্যন্ত লোকজন তা ঘিরে দুআ পাঠ করছিল। আমিও তাদের মধ্যে একজন ছিলাম। হঠাৎ একজন আমার কাঁধের উপর হাত রাখায় আমি চমকে উঠলাম। চেয়ে দেখলাম, তিনি আলী (রাযিঃ)। তিনি উমর (রাযিঃ)- এর জন্য আল্লাহর অশেষ রহমতের দুআ করছিলেন। তিনি বলছিলেন, হে উমর, আমার জন্য আপনার চেয়ে অধিক প্রিয় এমন কোন ব্যক্তি আপনি রেখে যাননি, যার আমলের অনুসরণ করে আল্লাহর নৈকট্য লাভ করব। আল্লাহর কসম। আমার এ বিশ্বাস যে আল্লাহ আপনাকে (জান্নাতে) আপনার সঙ্গীদ্বয়ের সাথে রাখবেন। আমার মনে আছে, আমি বহুবার নবী কারীম (ﷺ)- কে বলতে শুনেছি, আমি, আবু বকর ও উমর গেলাম। আমি, আবু বকর ও উমর প্রবেশ করলাম এবং আমি, আবু বকর ও উমর বের হলাম ইত্যাদি।
كتاب المناقب
باب مَنَاقِبُ عُمَرَ بْنِ الْخَطَّابِ أَبِي حَفْصٍ الْقُرَشِيِّ الْعَدَوِيِّ رَضِيَ اللَّهُ عَنْهُ
3685 - حَدَّثَنَا عَبْدَانُ، أَخْبَرَنَا عَبْدُ اللَّهِ، حَدَّثَنَا عُمَرُ بْنُ سَعِيدٍ، عَنِ ابْنِ أَبِي مُلَيْكَةَ، أَنَّهُ سَمِعَ ابْنَ عَبَّاسٍ، يَقُولُ: وُضِعَ عُمَرُ عَلَى سَرِيرِهِ فَتَكَنَّفَهُ النَّاسُ، يَدْعُونَ وَيُصَلُّونَ قَبْلَ أَنْ يُرْفَعَ وَأَنَا فِيهِمْ، فَلَمْ يَرُعْنِي إِلَّا رَجُلٌ آخِذٌ مَنْكِبِي، فَإِذَا عَلِيُّ بْنُ أَبِي طَالِبٍ فَتَرَحَّمَ عَلَى عُمَرَ، وَقَالَ: مَا خَلَّفْتَ أَحَدًا أَحَبَّ إِلَيَّ أَنْ أَلْقَى اللَّهَ بِمِثْلِ عَمَلِهِ مِنْكَ، وَايْمُ اللَّهِ إِنْ كُنْتُ لَأَظُنُّ أَنْ يَجْعَلَكَ اللَّهُ مَعَ صَاحِبَيْكَ، وَحَسِبْتُ إِنِّي كُنْتُ كَثِيرًا أَسْمَعُ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ: «ذَهَبْتُ أَنَا وَأَبُو بَكْرٍ، وَعُمَرُ، وَدَخَلْتُ أَنَا وَأَبُو بَكْرٍ، وَعُمَرُ، وَخَرَجْتُ أَنَا وَأَبُو بَكْرٍ، وَعُمَرُ»

হাদীসের ব্যাখ্যা:

হযরত আলী রাযি.-এর এ বক্তব্য কোন ব্যাখ্যা-বিশ্লেষণের প্রয়োজন রাখে না। এতে তিনি যে বলেছেন: "আল্লাহর কসম! আমি এটাই ধারণা করতাম যে, আল্লাহ্ আপনাকে আপনার দু'সাথী (রাসূলুল্লাহ (ﷺ) ও আবূ বকর সিদ্দীক)-এর সঙ্গেই করে দিবেন।" এর অর্থ এটাও হতে পারে যে, আমার এটাই আশা ছিল যে, আপনি তাঁদের সাথেই সমাহিত হবেন। আর এ অর্থও হতে পারে যে, আখেরাতে জান্নাতে আপনাকে তাঁদের সাথী বানিয়ে দেওয়া হবে। আর উভয় অর্থও নেওয়া যেতে পারে। অধম সংকলকের নিকট এটাই প্রাধান্যযোগ্য। হযরত আলী রাযি. এ বক্তব্যে এ বাস্তব সত্যটি সুস্পষ্টভাবে প্রকাশ করে দিয়েছেন যে, রাসুলুল্লাহ (ﷺ)-এর আপন এ দু'সাথীর সাথে তাঁর এমন বিশেষ সম্পর্ক ছিল, যা কেবল তাঁদের ভাগ্যেই জুটেছিল।

হযরত আলী রাযি. নিজের এ বক্তব্যের শুরুতে এই কথা বলেছেন, مَا خَلَّفْتَ أَحَدًا أَحَبَّ إِلَيَّ أَنْ أَلْقَى اللَّهَ بِمِثْلِ عَمَلِهِ مِنْكَ (অর্থাৎ, আপনি আপনার পর আল্লাহর এমন কোন বান্দা ছেড়ে যাননি, যার আমলের মত আমল নিয়ে আল্লাহর দরবারে হাজির হওয়া আমি পছন্দ করব।) এর দ্বারা জানা গেল যে, হযরত আলী রাযি.-এর অপছন্দ ও বাসনা ছিল যে, আমি আল্লাহর দরবারে হযরত উমরের ন্যায় আমল নিয়ে যদি উপস্থিত হতে পারতাম। আর হযরত উমরের পর এমন কোন ব্যক্তি রইলেন না।

হাফেয ইবনে হাজার (রহঃ) এ হাদীসেরই ব্যাখ্যা করতে গিয়ে লিখেছেন:

وَقَدْ أَخْرَجَ ابْنُ أَبِي شَيْبَةَ وَمُسَدَّدٌ مِنْ طَرِيقِ جَعْفَرِ بْنِ مُحَمَّدٍ، عَنْ أَبِيهِ، عَنْ عَلِيٍّ نَحْوَ هَذَا الْكَلَامِ، وَسَنَدُهُ صَحِيحٌ، وَهُوَ شَاهِدٌ جَيِّدٌ لِحَدِيثِ ابْنِ عَبَّاسٍ، كَوْنُ مُخْرَجِهِ مِنْ آلِ عَلِيٍّ، رَضِيَ اللَّهُ عَنْهُمْ.

অর্থাৎ, ইবনে আবী শায়বা ও মুসাদ্দাদ হযরত জাফর সাদেকের সূত্রে বর্ণনা করেছেন যে, তিনি নিজের পিতা মুহাম্মদ (বাকের) থেকে স্বয়ং হযরত আলী রাযি.-এর মুখ নিসৃত এ ধরনের বক্তব্য বর্ণনা করেছেন। এর বর্ণনাসূত্র বিশুদ্ধ এবং ইবনে আব্বাসের বর্ণনার প্রতি সমর্থন প্রকাশ করে। কেননা, এটা স্বয়ং হযরত আলী রাযি.-এর আওলাদের বর্ণনা। -ফতহুল বারী, খণ্ড-১৪, পৃষ্ঠা-৩৭৪
ব্যাখ্যা সূত্রঃ_ মা'আরিফুল হাদীস (মাওলানা মনযূর নোমানী রহ.)
tahqiqতাহকীক:বিশুদ্ধ (পারিভাষিক সহীহ)