আল জামিউল কাবীর- ইমাম তিরমিযী রহঃ

৪৬. কুরআনের তাফসীর অধ্যায়

হাদীস নং: ৩৩৬০
আন্তর্জাতিক নং: ৩৩৬০
কুরআনের তাফসীর অধ্যায়
সূরা কাউসার
৩৩৬০. আহমদ ইবনে মানী (রাহঃ) ...... আনাস (রাযিঃ) থেকে বর্ণিত যে, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ আমি জান্নাতে পায়চারি করছিলাম। এমন সময় হঠাং একটি নহর আমার সামনে পড়ল এর উভয় তীরে মতির গম্বুজ। ফিরিশতাকে বললামঃ এটি কি? তিনি বললেনঃ এটি কাউসার। আল্লাহ তাআলা আপনাকে যা দান করেছেন। নবী (ﷺ) বলেনঃ এরপর তিনি এর মাটিতে হাত মেরে মিশক আম্বর বের করে নিয়ে এলেন। তারপর আমার সামনে সিদরাতুল-মুন্তাহা উপস্থাপিত হল। সেখানে আমি মহাজ্যোতি প্রত্যক্ষ করেছি।
أبواب تفسير القرآن عن رسول الله صلى الله عليه وسلم
بَاب وَمِنْ سُورَةِ الكَوْثَرِ
حَدَّثَنَا أَحْمَدُ بْنُ مَنِيعٍ، حَدَّثَنَا سُرَيْجُ بْنُ النُّعْمَانِ، حَدَّثَنَا الْحَكَمُ بْنُ عَبْدِ الْمَلِكِ، عَنْ قَتَادَةَ، عَنْ أَنَسٍ، قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم " بَيْنَا أَنَا أَسِيرُ فِي الْجَنَّةِ إِذْ عَرَضَ لِي نَهْرٌ حَافَّتَاهُ قِبَابُ اللُّؤْلُؤِ . قُلْتُ لِلْمَلَكِ مَا هَذَا قَالَ هَذَا الْكَوْثَرُ الَّذِي أَعْطَاكَهُ اللَّهُ قَالَ ثُمَّ ضَرَبَ بِيَدِهِ إِلَى طِينَةٍ فَاسْتَخْرَجَ مِسْكًا ثُمَّ رُفِعَتْ لِي سِدْرَةُ الْمُنْتَهَى فَرَأَيْتُ عِنْدَهَا نُورًا عَظِيمًا " . قَالَ أَبُو عِيسَى هَذَا حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ . وَقَدْ رُوِيَ مِنْ غَيْرِ وَجْهٍ عَنْ أَنَسٍ .

হাদীসের তাখরীজ (সূত্র):

এ হাদীসটি হাসান-সহীহ। আনাস রাদিয়াল্লাহু আনহু থেকে একাধিক সূত্রে এটি বর্ণিত আছে।

হাদীসের ব্যাখ্যা:

জান্নাত ভ্রমণকালে হাওযে কাওসারের নিকট উপস্থিত হওয়ার যে বিষয় নবী করীম (ﷺ) আলোচ্য হাদীসে উল্লেখ করেছেন তা সম্ভবতঃ শবে মে'রাজের ঘটনা। নবী করীম (ﷺ) -এর প্রশ্নের জবাবে জিবরাঈল (আ)-এর উক্তি এটা হাওযে কাওসার যা আপনার রব আপনাকে দান করেছেন তা কুরআন শরীফের আয়াত - إِنَّا أَعْطَيْنَكَ الْكَوْثَرُ এর দিকে ইঙ্গিত প্রদান করে। এ আয়াতে বলা হয়েছে যে, আমি আপনাকে কাওসার প্রদান করেছি কাওসারের অর্থ হল প্রচুর কল্যাণ। আল্লাহ তা'আলা রাসূলুল্লাহ (ﷺ)-কে কল্যাণের যে ভাণ্ডার প্রদান করেছেন তা হল, কুরআন, শরীয়াত, উচ্চ রূহানী সিফাত, দুনিয়া এবং আখিরাতে উচ্চ মর্যাদা প্রদান প্রভৃতি। যদিও এসব বিষয় কাওসারের অন্তর্ভুক্ত তবুও 'কাওসার' শব্দের খাস মিসদাক হল জান্নাতের প্রস্রবণ। এটা মনে রাখা দরকার যে দীন ও ঈমানের যে নি'আমত আল্লাহ তার রাসূল (ﷺ)-কে দান করেছেন এবং তার মাধ্যমে আল্লাহর বেশুমার বান্দাহর নিকট পৌঁছেছে আখিরাতে হাওযে কাওসার এবং নহরে কাওসারের রূপ নিয়ে তার প্রকাশ ঘটবে এবং তা থেকে আল্লাহর বেশুমার বান্দাহ কল্যাণ লাভ করবে এবং তৃষ্ণা নিবারণ করবে।
ব্যাখ্যা সূত্রঃ_ মা'আরিফুল হাদীস (মাওলানা মনযূর নোমানী রহ.)
tahqiqতাহকীক:তাহকীক চলমান