আল জামিউল কাবীর- ইমাম তিরমিযী রহঃ

৪৬. কুরআনের তাফসীর অধ্যায়

হাদীস নং: ৩১৭৫
আন্তর্জাতিক নং: ৩১৭৫
কুরআনের তাফসীর অধ্যায়
সূরা মু’মিনূন
৩১৭৫. ইবনে আবু উমর (রাহঃ) ...... নবী (ﷺ) এর সহধর্মিণী আয়িশা (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, এ আয়াতটি সম্পর্কে আমি রাসূলুল্লাহ্ (ﷺ)-কে জিজ্ঞাসা করলাম। (والَّذِينَ يُؤْتُونَ مَا آتَوْا وَقُلُوبُهُمْ وَجِلَةٌ) ’আর যারা দান করে এবং তাদের অন্তর ভীত কম্পিত।’’ আয়িশা (রাযিঃ) বলেন, এরা কি তারা যারা মদ পান করে এবং চুরি করে?

তিনি বললেনঃ না, হে সিদ্দীক তনয়া, বরং এরা হল ঐ সব লোক যারা রোযা পালন করে, নামায আদায় করে, সাদ্‌কা দেয়। অথচ তাদের পক্ষ থেকে এ সব কবুল না হওয়ার আশঙ্কা করে। এরাই তারা যারা কল্যাণের দিকে দ্রুত ধাবমান এবং তার দিকে অগ্রগামী।
أبواب تفسير القرآن عن رسول الله صلى الله عليه وسلم
بَابٌ: وَمِنْ سُورَةِ الْمُؤْمِنُونَ
حَدَّثَنَا ابْنُ أَبِي عُمَرَ، حَدَّثَنَا سُفْيَانُ، حَدَّثَنَا مَالِكُ بْنُ مِغْوَلٍ، عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ سَعِيدِ بْنِ وَهْبٍ الْهَمْدَانِيِّ، أَنَّ عَائِشَةَ، زَوْجَ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَتْ سَأَلْتُ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم عَنْ هَذِهِ الآيَةِ : ( والَّذِينَ يُؤْتُونَ مَا آتَوْا وَقُلُوبُهُمْ وَجِلَةٌ ) قَالَتْ عَائِشَةُ أَهُمُ الَّذِينَ يَشْرَبُونَ الْخَمْرَ وَيَسْرِقُونَ قَالَ " لاَ يَا بِنْتَ الصِّدِّيقِ وَلَكِنَّهُمُ الَّذِينَ يَصُومُونَ وَيُصَلُّونَ وَيَتَصَدَّقُونَ وَهُمْ يَخَافُونَ أَنْ لاَ يُقْبَلَ مِنْهُمْ أُولَئِكَ الَّذِينَ يُسَارِعُونَ فِي الْخَيْرَاتِ وَهُمْ لَهَا سَابِقُونَ " . قَالَ وَقَدْ رُوِيَ هَذَا الْحَدِيثُ عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ سَعِيدٍ عَنْ أَبِي حَازِمٍ عَنْ أَبِي هُرَيْرَةَ عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم نَحْوَ هَذَا .

হাদীসের তাখরীজ (সূত্র):

আবদুর রহমান ইবনে সাঈদ-আবু হাযিম-আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু সূত্রে নবী (ﷺ) থেকে এ হাদীসটি অনুরূপ বর্ণিত আছে।

হাদীসের ব্যাখ্যা:

আরবী ভাষায় أتى শব্দ শুধু সম্পদ বা পার্থিব জিনিস দান করার মধ্যে সীমাবদ্ধ নয়, বরং একাধিক অর্থে তা ব্যবহার করা হয়। যেমন أتى الأمر ‘সে কোন কাজ করল’ أتى الجرم 'সে অপরাধ করল'। তাই আয়েশা (রা)-এর মনে সন্দেহ হয়েছিল, হয়ত يؤتون ما آتوا এর অর্থ, 'তারা যা করার তা করল' অর্থাৎ চুরি করার বা শরাব পান করার পর তাদের মনে আল্লাহর ভয় উদিত হল এবং এ কারণে তারা নেকীর কাজে অগ্রগামীদের অন্তর্গত হল। নবী ﷺ তাঁর ভুল ধারণা নিরসন করে দিয়ে বললেন। নেক কাজে দ্রুত ধাবমান এবং অগ্রগামীরা নামায, রোযা ও দান-খয়রাত করার পরও ভয় করে থাকে যে, তাদের এসব ইবাদত কবুল করা হবে না। সূরা মু'মিনুনে মু'মিন বান্দার এ গুণের উল্লেখ রয়েছে। বলা বাহুল্য, আল্লাহর খাঁটি বান্দারা আল্লাহর পথে দিনরাত মেহনত করে ও আল্লাহর হুকুম পালন করার জন্য নিজের প্রাণ ও সম্পদ বিলিয়ে দিয়েও ভীত-সন্ত্রস্ত থাকেন। তাঁরা গর্ববোধ করেন না। তাই সারা জীবন ইসলামের অতুলনীয় খিদমত করার পরও মৃত্যুকালে উমর (রা) অত্যন্ত ভীত-সন্ত্রস্ত ছিলেন। তিনি আখিরাতের হিসেব-নিকাশকে ভীতির চোখে দেখতেন এবং আফসোস করে বলতেন যে, তিনি যদি পশু-পাখি হয়ে জন্ম নিতেন, তাহলে কোনরূপ হিসেব দিতে হতো না। এ ব্যাপারে ইমাম হাসান বসরী (র) অত্যন্ত সুন্দর বলেছেনঃ "মু'মিন ইবাদত করেও সন্ত্রস্ত থাকে এবং মুনাফিক অপরাধ করেও ভয়শূন্য থাকে।"
ব্যাখ্যা সূত্রঃ_ মা'আরিফুল হাদীস (মাওলানা মনযূর নোমানী রহ.)