আল জামিউল কাবীর- ইমাম তিরমিযী রহঃ
৪২. অনুমতি প্রার্থনা ও বিবিধ শিষ্টাচারের অধ্যায়
হাদীস নং: ২৭৬৭
আন্তর্জাতিক নং: ২৭৬৭
অনুমতি প্রার্থনা ও বিবিধ শিষ্টাচারের অধ্যায়
ঐ অবস্থায় শোয়া মাকরূহ হওয়া।
২৭৬৭. কুতায়বা (রাহঃ) ..... জাবির (রাযিঃ) থেকে বর্ণিত যে, রাসূলুল্লাহ্ (ﷺ) ইশতিমাল সাম্মা (অর্থাৎ বাম কাঁধ খালি রেখে দুই কিনারা ডান কাঁধে এনে জড়ো করে চাদর পরিধান করা) এবং ইহতিবা (অর্থাৎ নিতম্ব মাটিতে রেখে দুই হাঁটু উঁচু করে পিঠের সঙ্গে চাদর পেঁচিয়ে বসা) আর চিত হয়ে শুয়ে (হাঁটু উঁচু করে) এক পায়ের উপর আরেক পা তুলে দিতে নিষেধ করেছেন।
أبواب الاستئذان والآداب عن رسول الله صلى الله عليه وسلم
بَابُ مَا جَاءَ فِي الكَرَاهِيَةِ فِي ذَلِكَ
حَدَّثَنَا قُتَيْبَةُ، حَدَّثَنَا اللَّيْثُ، عَنْ أَبِي الزُّبَيْرِ، عَنْ جَابِرٍ، أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم نَهَى عَنِ اشْتِمَالِ الصَّمَّاءِ وَالاِحْتِبَاءِ فِي ثَوْبٍ وَاحِدٍ وَأَنْ يَرْفَعَ الرَّجُلُ إِحْدَى رِجْلَيْهِ عَلَى الأُخْرَى وَهُوَ مُسْتَلْقٍ عَلَى ظَهْرِهِ . قَالَ أَبُو عِيسَى هَذَا حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ .
হাদীসের তাখরীজ (সূত্র):
(আবু ঈসা বলেন) হাদীসটি হাসান-সহীহ।
হাদীসের ব্যাখ্যা:
হুযুর (ﷺ)-এর যুগে আরবদের মধ্যে সাধারণ সেলাইবিহীন লুঙ্গি পরার প্রচলন ছিল। আর এ কথা স্পষ্ট যে, যদি লুঙ্গি পরিধান করে কেউ এভাবে চিৎ হয়ে শুয়ে যায় যে, এক খাড়া হাঁটুর উপর অন্য পা রাখা থাকে, তাহলে অনেক সময় সতর খুলে যেতে পারে। সম্ভবত এজন্যই রাসূলুল্লাহ (ﷺ) এভাবে শয়ন করতে নিষেধ করেছেন। কিন্তু পোশাক যদি এমন হয় যে, এভাবে শয়ন করলেও সতর খোলার আশংকা থাকে না, তাহলে স্পষ্ট কথা এটাই যে, এমতাবস্থায় এর নিষেধাজ্ঞা থাকবে না।
ব্যাখ্যা সূত্রঃ_ মা'আরিফুল হাদীস (মাওলানা মনযূর নোমানী রহ.)