আল জামিউল কাবীর- ইমাম তিরমিযী রহঃ

৪২. অনুমতি প্রার্থনা ও বিবিধ শিষ্টাচারের অধ্যায়

হাদীস নং: ২৭১৮
আন্তর্জাতিক নং: ২৭১৮
অনুমতি প্রার্থনা ও বিবিধ শিষ্টাচারের অধ্যায়
চিঠির উপর মোহর লাগান।
২৭১৮. ইসহাক ইবনে মনসুর (রাহঃ) ...... আনাস ইবনে মালিক (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেনঃ আল্লাহর নবী (ﷺ) যখন অনারবদের (নেতাদের) কাছে পত্র লিখতে ইচ্ছা করলেন তখন তাঁকে বলা হল, মোহর ছাড়া চিঠি অনারবরা গ্রহণ করে না। তাই তিনি একটি আংটি তৈরী করেন। আনাস (রাযিঃ) বলেন, আমি যেন আংটিটির শুভ্রতা এখনও প্রত্যক্ষ করছি। - বুখারি ও মুসলিম

(আবু ঈসা বলেন) এই হাদীসটি হাসান-সহীহ।
أبواب الاستئذان والآداب عن رسول الله صلى الله عليه وسلم
باب مَا جَاءَ فِي خَتْمِ الْكِتَابِ
حَدَّثَنَا إِسْحَاقُ بْنُ مَنْصُورٍ، أَخْبَرَنَا مُعَاذُ بْنُ هِشَامٍ، حَدَّثَنِي أَبِي، عَنْ قَتَادَةَ، عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ، قَالَ لَمَّا أَرَادَ نَبِيُّ اللَّهِ صلى الله عليه وسلم أَنْ يَكْتُبَ إِلَى الْعَجَمِ قِيلَ لَهُ إِنَّ الْعَجَمَ لاَ يَقْبَلُونَ إِلاَّ كِتَابًا عَلَيْهِ خَاتَمٌ فَاصْطَنَعَ خَاتَمًا . قَالَ فَكَأَنِّي أَنْظُرُ إِلَى بَيَاضِهِ فِي كَفِّهِ . قَالَ أَبُو عِيسَى هَذَا حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ .

হাদীসের ব্যাখ্যা:

বিশুদ্ধ বর্ণনা দ্বারা জানা যায় যে, রাসূলুল্লাহ (ﷺ) ষষ্ঠ হিজরীর শেষ দিকে হুদায়বিয়ার সফর থেকে প্রত্যাবর্তনের পর তখনকার দুনিয়ার প্রসিদ্ধ বাদশাহ ও শাসকদের নামে ইসলামের দাওয়াত সম্বলিত পত্র প্রেরণ করেছিলেন। সে সময়ই এ ঘটনা ঘটল যে, যখন তিনি পত্র লিখাবার ইচ্ছা প্রকাশ করলেন, তখন কোন কোন সাহাবী- যারা এসব রাষ্ট্রের রীতি নীতি সম্পর্কে অবগত ছিলেন, বললেন যে, এসব পত্রে হুযুর (ﷺ)-এর মোহর থাকা জরুরী। এসব রাজা-বাদশাহ মোহর ছাড়া পত্রের কোন গুরুত্বই দেয় না। হুযুর (ﷺ) তাদের এ পরামর্শ গ্রহণ করলেন এবং রূপার একটি আংটি তৈরী করলেন- যার উপরের পাত্রে محمد رسول الله অংকিত ছিল।
বুখারী শরীফের রেওয়ায়াত দ্বারা এ কথাও জানা গেল যে, এ তিনটি শব্দ তিন লাইনে নীচ থেকে উপরে এভাবে লিখা ছিল:
الله
رسول
محمد
এটাই হুযুর (ﷺ)-এর মোহর এবং এটাই তাঁর আংটি ছিল।
বর্ণনায় বাম হাতের কনিষ্ঠ আঙ্গুলে ব্যবহার করার কথাও এসেছে এবং ডান হাতে ব্যবহারের কথাও। মনে হয়, কখনো ডান হাতেও ব্যবহার করতেন, আর কখনো বাম হাতেও পরে নিতেন।
ব্যাখ্যা সূত্রঃ_ মা'আরিফুল হাদীস (মাওলানা মনযূর নোমানী রহ.)
tahqiqতাহকীক:বিশুদ্ধ (পারিভাষিক সহীহ)