আল জামিউল কাবীর- ইমাম তিরমিযী রহঃ

৩৩. ফিতনাসমূহ ও কিয়ামতের বিবরণ

হাদীস নং: ২২১০
আন্তর্জাতিক নং: ২২১০
ফিতনাসমূহ ও কিয়ামতের বিবরণ
চেহারা বিকৃতি বা ভূমিধ্বস শুরু হওয়ার আলামত।
২২১৩. সালিহ ইবনে আব্দুল্লাহ (রাহঃ) ...... আলী ইবনে আবু তালিব (রাযিঃ) থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ আমার উম্মত যখন এ পনেরটি বিষয়ে লিপ্ত হবে তখন তাদের উপর মুসিবত নিপতিত হবে। জিজ্ঞাসা করা হল, সেগুলো কি ইয়া রাসূলাল্লাহ?

তিনি বললেন, যখন গনিমত পরিণত হবে ব্যক্তিগত সম্পদে, আমানত পরিণত হবে লুটের মালরূপে, যাকাত গণ্য হবে জরিমানারূপে, পুরুষরা তাদের স্ত্রীদের অনুগত হবে আর মায়েদের হবে অবাধ্য, বন্ধুদের সাথে তো সদাচারণ করবে অথচ পিতার সঙ্গে করবে দুর্ব্যবহার, মসজিদে শোরগোল করা হবে, নিকৃষ্টতম চরিত্রের লোকটি হবে তার সম্প্রদায়ের নেতা, কেবল অনিষ্টের ভয়ে কোন ব্যক্তিকে সম্মান করা হবে, মদপান করা হবে, রেশম বস্ত্র পরিধান করা হবে, গায়িকা ও বাদ্যযন্ত্রের রেওয়াজ চলবে, উম্মতের শেষ যুগের লোকেরা প্রথম যুগের লোকদের অভিসম্পাত করবে তখন তোমরা অপেক্ষা করবে অগ্নিবায়ু বা ভূমিধ্বস বা চেহারা বিকৃতির আযাবের।
أبواب الفتن عن رسول الله صلى الله عليه وسلم
بَابُ مَا جَاءَ فِي عَلاَمَةِ حُلُولِ الْمَسْخِ وَالخَسْفِ
حَدَّثَنَا صَالِحُ بْنُ عَبْدِ اللَّهِ التِّرْمِذِيُّ، حَدَّثَنَا الْفَرَجُ بْنُ فَضَالَةَ أَبُو فَضَالَةَ الشَّامِيُّ، عَنْ يَحْيَى بْنِ سَعِيدٍ، عَنْ مُحَمَّدِ بْنِ عَمْرِو بْنِ عَلِيٍّ، عَنْ عَلِيِّ بْنِ أَبِي طَالِبٍ، قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم " إِذَا فَعَلَتْ أُمَّتِي خَمْسَ عَشْرَةَ خَصْلَةً حَلَّ بِهَا الْبَلاَءُ " . فَقِيلَ وَمَا هُنَّ يَا رَسُولَ اللَّهِ قَالَ " إِذَا كَانَ الْمَغْنَمُ دُوَلاً وَالأَمَانَةُ مَغْنَمًا وَالزَّكَاةُ مَغْرَمًا وَأَطَاعَ الرَّجُلُ زَوْجَتَهُ وَعَقَّ أُمَّهُ وَبَرَّ صَدِيقَهُ وَجَفَا أَبَاهُ وَارْتَفَعَتِ الأَصْوَاتُ فِي الْمَسَاجِدِ وَكَانَ زَعِيمُ الْقَوْمِ أَرْذَلَهُمْ وَأُكْرِمَ الرَّجُلُ مَخَافَةَ شَرِّهِ وَشُرِبَتِ الْخُمُورُ وَلُبِسَ الْحَرِيرُ وَاتُّخِذَتِ الْقَيْنَاتُ وَالْمَعَازِفُ وَلَعَنَ آخِرُ هَذِهِ الأُمَّةِ أَوَّلَهَا فَلْيَرْتَقِبُوا عِنْدَ ذَلِكَ رِيحًا حَمْرَاءَ أَوْ خَسْفًا وَمَسْخًا " . قَالَ أَبُو عِيسَى هَذَا حَدِيثٌ غَرِيبٌ لاَ نَعْرِفُهُ مِنْ حَدِيثِ عَلِيِّ بْنِ أَبِي طَالِبٍ إِلاَّ مِنْ هَذَا الْوَجْهِ وَلاَ نَعْلَمُ أَحَدًا رَوَاهُ عَنْ يَحْيَى بْنِ سَعِيدٍ الأَنْصَارِيِّ غَيْرَ الْفَرَجِ بْنِ فَضَالَةَ . وَالْفَرَجُ بْنُ فَضَالَةَ قَدْ تَكَلَّمَ فِيهِ بَعْضُ أَهْلِ الْحَدِيثِ وَضَعَّفَهُ مِنْ قِبَلِ حِفْظِهِ وَقَدْ رَوَاهُ عَنْهُ وَكِيعٌ وَغَيْرُ وَاحِدٍ مِنَ الأَئِمَّةِ .

হাদীসের তাখরীজ (সূত্র):

এ হাদীসটি গারীব। আলী রাদিয়াল্লাহু আনহু-এর রিওয়ায়াত হিসাবে এ সূত্র ছাড়া এটি সম্পর্কে আমাদের কিছু জানা নাই। ফারাজ ইবনে ফাযালা ছাড়া আর কেউ এ হাদীসটি ইয়াহইয়া ইবনে সাঈদ আনসারী (রাহঃ) থেকে বর্ণনা করেছেন বলেও আমরা জানিনা, কোন কোন হাদীস বিশেষজ্ঞ ফারাজ ইবনে ফাযালার সমালোচনা করেছেন এবং স্মরণশক্তির দিক দিয়ে তাকে যঈফ বলেছেন ওয়াকী এবং আরো কতিপয় ইমাম তার বরাতে হাদীস রিওয়ায়াত করেছেন।

হাদীসের ব্যাখ্যা:

আলোচ্য হাদীসে রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কিয়ামতের পূর্বে উম্মতের মধ্যে সৃষ্টি হবে এরূপ পনেরটি মন্দ বিষয়ের উল্লেখ করেছেন। ১. এই যে, গণীমতের মাল প্রকৃতপক্ষে যা যোদ্ধা ও গাজীদের প্রাপ্য এবং যার মধ্যে ফকির ও মিসকীনদেরও অংশ রয়েছে, কর্তৃপক্ষ তা ব্যক্তিগত সম্পদ হিসাবে ব্যয় করতে থাকবে। ২. লোকজন সেচ্ছায় রাষ্ট্রের যাকাত প্রদান করবে না বরং এটাকে এক প্রকার জরিমান মনে করবে। (১) ৩. ইলম যা দীনের জন্যই এবং নিজের আখিরাতের জন্য অর্জন করা উচিত তা দীন বহির্ভূত উদ্দেশ্যে অর্থাৎ পার্থিব লাভ ও অন্যান্য উদ্দেশ্যে অর্জন করা হবে, ৪ ও ৫. লোকজন তাদের স্ত্রীদের আনুগত্য করবে এবং মা গণের অবাধ্যতা ও তাদেরকে কষ্ট প্রদান করা তাদের রীতি হবে। ৬. বন্ধু-বান্ধবকে নিকটবর্তী করা হবে। ৭. পিতাকে দূরে রাখা হবে, তার সাথে মন্দ আচরণ করা হবে। ৮. মসজিদসমূহ যা আল্লাহর ঘর এবং আদব রক্ষার্থে তাতে বিনা প্রয়োজনে উচুস্বরে শব্দ করা নিষেধ, তার আদব ও সম্মান বাকি থাকবে না। তাতে কণ্ঠ উচু এবং হৈ-হাঙ্গামা হবে। ৯. গোত্রের সর্দারী ও নেতৃত্ব ফাসিক-কাফিরদের হাতে এসে যাবে। ১০. জাতির সর্বাধিক নিচু লোক জাতির দায়িত্বশীল হবে ১১. মন্দ লোকের মন্দ ও শয়তানীর ভয়ে তাদের সম্মান করা হবে। ১২ ও ১৩. পেশাধারী গায়িকা এবং মা'আযিফ ও মাযামির অর্থাৎ ঢোল বাঁশি এবং বিভিন্ন বাদ্যযন্ত্রের আধিক্য হবে ১৪. মদপান বেশি হবে। ১৫. উম্মতের মধ্যে পরে আগমনকারী লোকজন উম্মতের প্রথম স্তরের লোকজনকে নিজেদের অভিশাপ ও অশ্লীল বাক্যের লক্ষ্যস্থল বানাবে।

পরিশেষে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন, উম্মতের মধ্যে যখন অনিষ্ট সৃষ্টি হবে তখন আল্লাহ্ তা'আলার ক্রোধ এই আকৃতিতে আসবে যে, লাল ঝঞ্ঝাবায়ু, ভীষণ ভূমিকম্প, লোকজনের ভূ-গর্ভস্থ হওয়া, তাদের আকৃতি পরিবর্তন, এবং প্রস্তর-বৃষ্টি বর্ষণ, এছাড়াও আল্লাহ্ তা'আলার ক্রোধ ও ওজস্বীতা ক্রমাগত এভাবে প্রকাশ পাবে যেভাবে হারের সুতা ছিড়ে যাওয়ার কারণে এর দানাগুলো ক্রমান্বয়ে পতিত হতে থাকে।

হাদীসের প্রকাশ্য অর্থ এই যে, যখন এই মন্দসমূহ উম্মতে এবং মুসলিম সমাজে সর্বব্যাপী হবে তখন আল্লাহ্ তা'আলার ক্রোধ ও উত্তেজনা এই আকৃতিসমূহে প্রকাশ পাবে।

টিকা: ১. উল্লেখ্য, ইসলামী জীবন ব্যবস্থায় রাষ্ট্র যাকাত আদায় করে তা তার উপযুক্তদের নিকট পৌঁছাত। যাদের অন্তরে আল্লাহর ভয় ও ঈমান মযবুত নয় তারা এটাকে রাষ্ট্রীয় ট্যাক্সের ন্যায় জরিমানা মনে করে।
ব্যাখ্যা সূত্রঃ_ মা'আরিফুল হাদীস (মাওলানা মনযূর নোমানী রহ.)
tahqiqতাহকীক:তাহকীক চলমান