আল জামিউল কাবীর- ইমাম তিরমিযী রহঃ

১৯. রাসূলুল্লাহ ﷺ থেকে বর্ণিত কুরবানীর অধ্যায়

হাদীস নং: ১৫২১
আন্তর্জাতিক নং: ১৫২১
রাসূলুল্লাহ ﷺ থেকে বর্ণিত কুরবানীর অধ্যায়
শিরোনামবিহীন পরিচ্ছেদ
১৫২৭। কুতায়বা (রাহঃ) ......... জাবির ইবনে আব্দুল্লাহ (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, আমি রাসূলুল্লাহ (ﷺ) কে কুরবানীর ঈদে প্রত্যক্ষ করেছি। তিনি খুতবা প্রদান শেষ করে মিম্বর থেকে নেমে এলেন। একটি মেষ আনা হল। রাসূলুল্লাহ (ﷺ) নিজের হাতে সেটিকে যবেহ করলেন। বললেন, ″বিসমিল্লাহি আল্লাহু আকবার″। এটি হল আমার পক্ষ থেকে এবং আমার উম্মতের মধ্যে যারা কুরবানী দিতে পারেনি তাদের পক্ষ থেকে।’’

আবু দাউদ ২৫০১,

এই সূত্রে হাদীসটি গারীব। ফকীহ সাহাবী এবং আলিমদের এ হাদীস অনুসারে আমল রয়েছে। যবেহর সময় বলবে, বিসমিল্লাহি আল্লাহু আকবার। এ হল ইমাম ইবনে মুবারক (রাহঃ)-এর অভিমত। রাবী মুত্তালিব ইবনে আব্দুল্লাহ ইবনে হানতাব সম্পর্কে বলা হয় যে, তিনি জাবির (রাযিঃ) থেকে কিছু শোনেন নি।
أبواب الأضاحي عن رسول الله صلى الله عليه وسلم
باب
حَدَّثَنَا قُتَيْبَةُ، حَدَّثَنَا يَعْقُوبُ بْنُ عَبْدِ الرَّحْمَنِ، عَنْ عَمْرِو بْنِ أَبِي عَمْرٍو، عَنِ الْمُطَّلِبِ، عَنْ جَابِرِ بْنِ عَبْدِ اللَّهِ، قَالَ شَهِدْتُ مَعَ النَّبِيِّ صلى الله عليه وسلم الأَضْحَى بِالْمُصَلَّى فَلَمَّا قَضَى خُطْبَتَهُ نَزَلَ عَنْ مِنْبَرِهِ فَأُتِيَ بِكَبْشٍ فَذَبَحَهُ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم بِيَدِهِ وَقَالَ " بِسْمِ اللَّهِ وَاللَّهُ أَكْبَرُ هَذَا عَنِّي وَعَمَّنْ لَمْ يُضَحِّ مِنْ أُمَّتِي " . قَالَ أَبُو عِيسَى هَذَا حَدِيثٌ غَرِيبٌ مِنْ هَذَا الْوَجْهِ . وَالْعَمَلُ عَلَى هَذَا عِنْدَ أَهْلِ الْعِلْمِ مِنْ أَصْحَابِ النَّبِيِّ صلى الله عليه وسلم وَغَيْرِهِمْ أَنْ يَقُولَ الرَّجُلُ إِذَا ذَبَحَ بِسْمِ اللَّهِ وَاللَّهُ أَكْبَرُ وَهُوَ قَوْلُ ابْنِ الْمُبَارَكِ . وَالْمُطَّلِبُ بْنُ عَبْدِ اللَّهِ بْنِ حَنْطَبٍ يُقَالُ إِنَّهُ لَمْ يَسْمَعْ مِنْ جَابِرٍ .

হাদীসের ব্যাখ্যা:

কুরবানী করার সময় রাসূলুল্লাহ ﷺ আল্লাহর কাছে এই বলে আরযি পেশ করতেন: আমার পক্ষ থেকে অথবা কুরবানী দানে আমার অসমর্থ উম্মাতের পক্ষ থেকে এই কুরবানী। স্পষ্টতই এটাই ছিল উম্মাতের প্রতি রাসূলুল্লাহ ﷺ -এর প্রগাঢ় স্নেহের প্রকাশ। তবে এর মর্ম এই নয় যে, তিনি সকল উম্মাতের পক্ষ থেকে অথবা অসমর্থ লোকদের পক্ষে কুরবানী করেছেন, তাই তাদের জন্য যথেষ্ট এবং তাদের আর কুরবানী করতে হবে না। বরং এর মর্ম হল, হে আল্লাহ্! কুরবানীর সাওয়াবে আমার সাথে আমার উম্মাতকেও অংশীদার কর। সাওয়াবে অংশীদার করা এক জিনিস, আর সবার পক্ষ থেকে কুরবানী আদায় হয়ে যাওয়া ভিন্ন জিনিস।
ব্যাখ্যা সূত্রঃ_ মা'আরিফুল হাদীস (মাওলানা মনযূর নোমানী রহ.)