আল জামিউল কাবীর- ইমাম তিরমিযী রহঃ

১৩. তালাক - লি'আনের অধ্যায়

হাদীস নং: ১১৮৪
আন্তর্জাতিক নং: ১১৮৪
তালাক - লি'আনের অধ্যায়
যথার্থভাবে বা কৌতুকার্থে ’তালাক’ উচ্চারণ করা।
১১৮৫. কুতায়বা (রাহঃ) ...... আবু হুরায়রা (রাযিঃ) থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ্ (ﷺ) বলেছেন, তিনটি বিষয় এমন যেগুলির যথার্থ তো যথার্থই এমনকি সেগুলোর কৌতুকের ব্যবহারও যথার্থ: বিবাহ, তালাক, রাজআত। - ইবনে মাজাহ

ইমাম আবু ঈসা (রাহঃ) বলেন, এই হাদীসটি হাসান-গারীব। সাহাবী ও অপরাপর আলিমগণের আমল এ হাদীস অনুসারে রয়েছে। রাবী আব্দুর রহমান হলেন ইবনে হাবীব ইবনে আদরাক আল-মাদানী। আমার মতে (এই সনদের) ইবনে মাহাক হলেন ইউসূফ ইবনে মাহাক।
أبواب الطلاق واللعان عن رسول الله ﷺ
باب مَا جَاءَ فِي الْجِدِّ وَالْهَزْلِ فِي الطَّلاَقِ
حَدَّثَنَا قُتَيْبَةُ، حَدَّثَنَا حَاتِمُ بْنُ إِسْمَاعِيلَ، عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ أَرْدَكَ، عَنْ عَطَاءٍ، عَنِ ابْنِ مَاهَكَ، عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم " ثَلاَثٌ جِدُّهُنَّ جِدٌّ وَهَزْلُهُنَّ جِدٌّ النِّكَاحُ وَالطَّلاَقُ وَالرَّجْعَةُ " . قَالَ أَبُو عِيسَى هَذَا حَدِيثٌ حَسَنٌ غَرِيبٌ . وَالْعَمَلُ عَلَى هَذَا عِنْدَ أَهْلِ الْعِلْمِ مِنْ أَصْحَابِ النَّبِيِّ صلى الله عليه وسلم وَغَيْرِهِمْ . قَالَ أَبُو عِيسَى وَعَبْدُ الرَّحْمَنِ هُوَ ابْنُ حَبِيبِ بْنِ أَرْدَكَ الْمَدَنِيُّ وَابْنُ مَاهَكَ هُوَ عِنْدِي يُوسُفُ بْنُ مَاهَكَ .

হাদীসের ব্যাখ্যা:

উদ্দেশ্য হচ্ছে কেউ যদি হাসি-ঠাট্টায় বিয়ে করে অথবা এভাবে হাসি-ঠাট্টায় স্ত্রীকে তালাক দেয় কিংবা তালাকপ্রাপ্তা স্ত্রীকে ঠাট্টাচ্ছলে রাজ'আত (পুনরায় গ্রহণ) করে, তবে এ সব বিষয় শরীয়তে অনুষ্ঠিত ও গ্রহণযোগ্য হবে। অর্থাৎ বিয়ে অনুষ্ঠিত হবে, তালাক পতিত হবে এবং রাজ'আত হয়ে যাবে। এর কারণ হচ্ছে উল্লিখিত তিনটি বিষয় ইসলামী শরীয়তে এতই সূক্ষ্ম ও এতই গুরুত্ব বহন করে যে, এসব বিষয়ে হাসি-ঠাট্টার সুযোগই রাখা হয়নি। এসব বিষয়ে মানুষের মুখ থেকে যা বের হবে তাই বাস্তব ও দৃঢ় কথা বলে মনে করা হবে। অন্য শব্দাবলীতে এরূপ বুঝতে হবে যে, ইসলামী শরীয়তে এটা হাসি-ঠাট্টার ক্ষেত্রই নয়।
ব্যাখ্যা সূত্রঃ_ মা'আরিফুল হাদীস (মাওলানা মনযূর নোমানী রহ.)
tahqiqতাহকীক:তাহকীক চলমান