আল জামিউল কাবীর- ইমাম তিরমিযী রহঃ
১. রাসূলুল্লাহ ﷺ থেকে বর্ণিত পবিত্রতা অর্জনের অধ্যায়
হাদীস নং: ৮০
আন্তর্জাতিক নং: ৮০
রাসূলুল্লাহ ﷺ থেকে বর্ণিত পবিত্রতা অর্জনের অধ্যায়
আগুনে পাকানো খাদ্য আহারে উযু না করা।
৮০. আবী উমর (রাহঃ) ..... জাবির (রাযিঃ) থেকে বর্ণনা করেন যে, তিনি বলেন একবার রাসূল (ﷺ) এর সঙ্গে আমিও ঘর থেকে বের হলাম। রাসূল (ﷺ) জনৈক আনসারী মহিলার বাড়িতে গেলেন। তিনি রাসূল (ﷺ) এর জন্য একটি বকরী যবেহ করলেন। রাসূল (ﷺ) তা থেকে আহার করলেন। তারপর সেই মহিলা এক কাঁদি কাঁচা খেজুর এনে হাযির করলেন। রাসূল (ﷺ) তা থেকে কিছু খেজুর খেলেন। পরে যোহরের উযু করলেন এবং নামায আদায় করে ফিরে বসলেন। উক্ত মহিলা বকরীটির গোশত থেকে যা অবশিষ্ট ছিল তা তাঁর সামনে এনে হাযির করলেন। নবী (ﷺ) তা আহার করলেন। পরে তিনি আসরের নামায আদায় করলেন; কিন্তু উযু করলেন না।
أبواب الطهارة عن رسول الله صلى الله عليه وسلم
باب مَا جَاءَ فِي تَرْكِ الْوُضُوءِ مِمَّا غَيَّرَتِ النَّارُ
حَدَّثَنَا ابْنُ أَبِي عُمَرَ، حَدَّثَنَا سُفْيَانُ بْنُ عُيَيْنَةَ، قَالَ حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ مُحَمَّدِ بْنِ عَقِيلٍ، سَمِعَ جَابِرًا، . قَالَ سُفْيَانُ وَحَدَّثَنَا مُحَمَّدُ بْنُ الْمُنْكَدِرِ، عَنْ جَابِرٍ، قَالَ خَرَجَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم وَأَنَا مَعَهُ فَدَخَلَ عَلَى امْرَأَةٍ مِنَ الأَنْصَارِ فَذَبَحَتْ لَهُ شَاةً فَأَكَلَ وَأَتَتْهُ بِقِنَاعٍ مِنْ رُطَبٍ فَأَكَلَ مِنْهُ ثُمَّ تَوَضَّأَ لِلظُّهْرِ وَصَلَّى ثُمَّ انْصَرَفَ فَأَتَتْهُ بِعُلاَلَةٍ مِنْ عُلاَلَةِ الشَّاةِ فَأَكَلَ ثُمَّ صَلَّى الْعَصْرَ وَلَمْ يَتَوَضَّأْ . قَالَ وَفِي الْبَابِ عَنْ أَبِي بَكْرٍ الصِّدِّيقِ وَابْنِ عَبَّاسٍ وَأَبِي هُرَيْرَةَ وَابْنِ مَسْعُودٍ وَأَبِي رَافِعٍ وَأُمِّ الْحَكَمِ وَعَمْرِو بْنِ أُمَيَّةَ وَأُمِّ عَامِرٍ وَسُوَيْدِ بْنِ النُّعْمَانِ وَأُمِّ سَلَمَةَ . قَالَ أَبُو عِيسَى وَلاَ يَصِحُّ حَدِيثُ أَبِي بَكْرٍ فِي هَذَا الْبَابِ مِنْ قِبَلِ إِسْنَادِهِ إِنَّمَا رَوَاهُ حُسَامُ بْنُ مِصَكٍّ عَنِ ابْنِ سِيرِينَ عَنِ ابْنِ عَبَّاسٍ عَنْ أَبِي بَكْرٍ الصِّدِّيقِ عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم . وَالصَّحِيحُ إِنَّمَا هُوَ عَنِ ابْنِ عَبَّاسٍ عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم . هَكَذَا رَوَى الْحُفَّاظُ . قَالَ أَبُو عِيسَى وَالْعَمَلُ عَلَى هَذَا عِنْدَ أَكْثَرِ أَهْلِ الْعِلْمِ مِنْ أَصْحَابِ النَّبِيِّ صلى الله عليه وسلم وَالتَّابِعِينَ وَمَنْ بَعْدَهُمْ مِثْلِ سُفْيَانَ الثَّوْرِيِّ وَابْنِ الْمُبَارَكِ وَالشَّافِعِيِّ وَأَحْمَدَ وَإِسْحَاقَ رَأَوْا تَرْكَ الْوُضُوءِ مِمَّا مَسَّتِ النَّارُ . وَهَذَا آخِرُ الأَمْرَيْنِ مِنْ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم . وَكَأَنَّ هَذَا الْحَدِيثَ نَاسِخٌ لِلْحَدِيثِ الأَوَّلِ حَدِيثِ الْوُضُوءِ مِمَّا مَسَّتِ النَّارُ .
হাদীসের তাখরীজ (সূত্র):
এই বিষয়ে আবু হুরায়রা, ইবনে মাসঊদ, আবু রাফি, উম্মু হাকাম, আমর ইবনে উমায়্যা, উম্মু আমির, সুওয়ায়াদ ইবনে মু‘নাম এবং উম্মু সালামা রাদিয়াল্লাহু আনহু থেকেও হাদিস বর্ণিত আছে। এই বিষয়ে আবু বকর সিদ্দীক রাদিয়াল্লাহু আনহু থেকেও হাদিস বর্ণিত আছে। তবে সনদের দিক থেকে সেই রিওয়ায়াতটি সহীহ নয়। হাদিসটি গুসাম ইবনে মিসাকক-ইবনে সিরীন-ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু নবী (ﷺ) সূত্রে বর্ণিত। হাফিজুল হাদিস নির্ভরযোগ্য রাবীগণ এভাবেই এটির রিওয়ায়াত করেছেন। ইবনে সিরীন-ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু নবী (ﷺ) সনদে একধিক সূত্রে এই হাদিসটি বর্ণিত আছে। আতা ইবনে ইয়াসার, ইকরিমা, মুহাম্মাদ ইবনে আমার ইবনে আতা, আলী ইবনে আবদিল্লাহ ইবনে আব্বাস প্রমুখ হাফিজুল হাদিস রাবীগণ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু নবী (ﷺ) সুত্রে হাদিসটি বর্ণনা করেছেন; তাঁর মাঝে আবু বকর সিদ্দীক রাদিয়াল্লাহু আনহু এর উল্লেখ করেননি। এটি অধিকতর সহীহ। ইমাম আবু ঈসা তিরমিযী বলেনঃ সাহাবা, তাবিঈ এবং তৎপরবর্তী প্রায় সকল ফিকহবিদ আলিম যথা সুফিয়ান ছাওরী, ইবনে মুবারক, শাফিঈ, আহমদ, ইসাহাক প্রমুখ এই হাদিস অনুসারে আমল করেছেন। তাঁরা আগুনে প্রস্তুত খাদ্য আহারের ক্ষেত্রে অযু করা জরুরী নয় বলে মত প্রকাশ করেছেন। এই ক্ষেত্রে রাসূল (ﷺ) এর শেষ আমল ছিল এরূপই। এই হাদিসটি আগুনে প্রস্তুত খাদ্য আহারের ক্ষেত্রে অযু করার বিধান সম্বলিত হাদিসটি জন্য নাসিখ বা রহিতকারী বলে গণ্য।
হাদীসের ব্যাখ্যা:
আগুনে পাকানো খাদ্য খেলে অযু নষ্ট হয় না। আর এটাই হানাফী মাযহাবের মত। (আল-মাবসূত লিসসারাখসী: ১/৭৯)
আরো প্রমাণিত হয় যে, আগুনে পাকানো খাদ্য খেলে অযু নষ্ট হওয়া সম্পর্কে যে সকল হাদীস বর্ণিত আছে তা হযরত জাবের রা. কর্তৃক বর্ণিত হাদীস (নাসাঈ: ১৮৫,সুনানে আবু দাউদ: ১৯২) ও ইবনু ‘আব্বাস (রাঃ) থেকে বর্ণিতঃ রসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বকরীর রানের (পাকানো) গোশ্ত খেয়ে সলাত আদায় করলেন কিন্তু উযূ করেননি। (সহীহ : বুখারী ২০৭, মুসলিম ৩৫৪) হাদীস দ্বারা রহিত হয়ে গেছে।
আরো প্রমাণিত হয় যে, আগুনে পাকানো খাদ্য খেলে অযু নষ্ট হওয়া সম্পর্কে যে সকল হাদীস বর্ণিত আছে তা হযরত জাবের রা. কর্তৃক বর্ণিত হাদীস (নাসাঈ: ১৮৫,সুনানে আবু দাউদ: ১৯২) ও ইবনু ‘আব্বাস (রাঃ) থেকে বর্ণিতঃ রসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বকরীর রানের (পাকানো) গোশ্ত খেয়ে সলাত আদায় করলেন কিন্তু উযূ করেননি। (সহীহ : বুখারী ২০৭, মুসলিম ৩৫৪) হাদীস দ্বারা রহিত হয়ে গেছে।