কিতাবুস সুনান- ইমাম ইবনে মাজা রহঃ
৩১. আদব - শিষ্টাচারের অধ্যায়
হাদীস নং: ৩৭৭৯
আন্তর্জাতিক নং: ৩৭৭৯
আদব - শিষ্টাচারের অধ্যায়
কুরআনের সাওয়াব
৩৭৭৯। হিশাম ইব্ন আম্মার (রাহঃ)...... আয়েশা থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ কুরআন পাঠে অভিজ্ঞ ব্যক্তি লিখন দায়িত্বে নিযুক্ত মর্যাদাবান ও নেক ফিরিশতাদের সঙ্গে থাকবে। আর যে ব্যক্তি কষ্ট করে ঠেকে পড়ে তার পাওনা হলো দু'টি সাওয়াব।
كتاب الأدب
بَاب ثَوَابِ الْقُرْآنِ
حَدَّثَنَا هِشَامُ بْنُ عَمَّارٍ، حَدَّثَنَا عِيسَى بْنُ يُونُسَ، حَدَّثَنَا سَعِيدُ بْنُ أَبِي عَرُوبَةَ، عَنْ قَتَادَةَ، عَنْ زُرَارَةَ بْنِ أَوْفَى، عَنْ سَعْدِ بْنِ هِشَامٍ، عَنْ عَائِشَةَ، قَالَتْ قَالَ رَسُولُ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ " الْمَاهِرُ بِالْقُرْآنِ مَعَ السَّفَرَةِ الْكِرَامِ الْبَرَرَةِ وَالَّذِي يَقْرَؤُهُ يَتَتَعْتَعُ فِيهِ وَهُوَ عَلَيْهِ شَاقٌّ لَهُ أَجْرَانِ اثْنَانِ " .
হাদীসের ব্যাখ্যা:
এ হাদীসে سفرة যে শব্দটি এসেছে, এর দ্বারা অধিকাংশ হাদীস ব্যাখ্যাতাগণ ওহী বাহক ফেরেশতাদেরকে উদ্দেশ্য করেছেন। আর কেউ কেউ বলেছেন, এর দ্বারা উদ্দেশ্য হচ্ছে নবী-রাসূলগণ। আর শাব্দিক অর্থে উভয়টিরই অবকাশ রয়েছে। হাদীসটির মর্ম এই যে, আল্লাহর যেসব বান্দা কুরআনকে আল্লাহর কালাম বিশ্বাস করে এর সাথে সম্পর্ক রাখে এবং অধিক তেলাওয়াত ও চর্চার কারণে কুরআনের সাথে তাদের বিশেষ সম্বন্ধ ও ব্যুৎপত্তি অর্জিত হয়ে যায়, তারা নবী-রাসূল অথবা ওহীবাহক ফেরেশতাদের সঙ্গ ও সান্নিধ্য লাভ করবে। আর যেসব বান্দার অবস্থা এই যে, যোগ্যতা ও চর্চার স্বল্পতার কারণে তারা কুরআন চালু পড়তে পারে না; বরং কষ্ট করে আটকে আটকে পড়ে এবং এ অবস্থা সত্ত্বেও সওয়াব ও পুণ্যের আশায় তেলাওয়াত করেই যায়। তারা তেলাওয়াতের সওয়াব ও প্রতিদান ছাড়া এই কষ্ট বরদাশত করার কারণে অতিরিক্ত সওয়াব পাবে। তাই এ অবস্থার কারণে তাদের মন ভেঙ্গে দেওয়ার কোন কারণ নেই।
ব্যাখ্যা সূত্রঃ_ মা'আরিফুল হাদীস (মাওলানা মনযূর নোমানী রহ.)