কিতাবুস সুনান- ইমাম ইবনে মাজা রহঃ
২৭. পানাহার সংক্রান্ত অধ্যায়
হাদীস নং: ৩২৯০
আন্তর্জাতিক নং: ৩২৯০
পানাহার সংক্রান্ত অধ্যায়
খাদিম খাদ্য নিয়ে এলে তা থেকে তাকে কিছু দেওয়া
৩২৯০। ঈসা ইবন হাম্মদ মিসরী (রাহঃ)....আবু হুরায়রা (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ যখন তোমাদের কারো ক্রীতদাস তার সামনে আহার পরিবেশন করে, যা পাকানোর কষ্ট ও গরম সে সহ্য করেছে তখন সে যেন তাকে ডেকে নিজের সাথে বসিয়ে খাওয়ায়। আর সে যদি তা না করে তাহলে একটি গ্রাস তুলে যেন তার হাতে দেয়।
كتاب الأطعمة
بَاب إِذَا أَتَاهُ خَادِمُهُ بِطَعَامِهِ فَلْيُنَاوِلْهُ مِنْهُ
حَدَّثَنَا عِيسَى بْنُ حَمَّادٍ الْمِصْرِيُّ، أَنْبَأَنَا اللَّيْثُ بْنُ سَعْدٍ، عَنْ جَعْفَرِ بْنِ رَبِيعَةَ، عَنْ عَبْدِ الرَّحْمَنِ الأَعْرَجِ، عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ قَالَ رَسُولُ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ " إِذَا أَحَدُكُمْ قَرَّبَ إِلَيْهِ مَمْلُوكُهُ طَعَامًا قَدْ كَفَاهُ عَنَاءَهُ وَحَرَّهُ فَلْيَدْعُهُ فَلْيَأْكُلْ مَعَهُ فَإِنْ لَمْ يَفْعَلْ فَلْيَأْخُذْ لُقْمَةً فَلْيَجْعَلْهَا فِي يَدِهِ " .
হাদীসের ব্যাখ্যা:
রাসূলুল্লাহ (ﷺ)-এর যুগে যেসব বাড়ীতে দাস-দাসী থাকত, খাবার পাকানোর ন্যায় কাজ তাদের থেকেই নেওয়া হত। তাদের ব্যাপারে তিনি নির্দেশ দিয়েছেন যে, যখন তারা খাবার রান্না করে নিয়ে আসবে, তখন তাদেরকে নিজের খাবারে শরীক করে নাও এবং সাথে বসিয়ে তাদেরকে আহার করাও। আর যখন খানা কম থাকে এবং এরূপ করার সুযোগ থাকে না, তখনও তাদেরকে এখান থেকে কিছু অংশ অবশ্যই প্রদান কর। কেননা, তারাই এটা রান্না করতে আগুনের তাপ ও ধোঁয়ার কষ্ট সহ্য করেছে।
ব্যাখ্যা সূত্রঃ_ মা'আরিফুল হাদীস (মাওলানা মনযূর নোমানী রহ.)