কিতাবুস সুনান- ইমাম ইবনে মাজা রহঃ

২৩. হজ্ব - উমরার অধ্যায়

হাদীস নং: ২৯৪৪
আন্তর্জাতিক নং: ২৯৪৪
হজ্ব - উমরার অধ্যায়
হাজরে আসওয়াদ চুম্বন করা
২৯৪৪। সুওয়ায়দ ইব্‌ন সাঈদ (রাহঃ) ......... সাঈদ ইব্‌ন জুবাইর (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, আমি ইব্‌ন আব্বাস (রাযিঃ)-কে বলতে শুনেছি, রাসূলুল্লাহ্ (ﷺ) বলেছেনঃ কিয়ামতের দিন এই পাথরকে উপস্থিত করা হবে। তার দু'টি চোখ থাকবে তা দিয়ে সে দেখবে, যবান থাকবে তা দিয়ে সে কথা বলবে এবং সাক্ষী দেবে এমন লোকের অনুকূলে যে তাকে সত্যতার সাথে চুম্বন করেছে।
كتاب المناسك
بَاب اسْتِلَامِ الْحَجَرِ
حَدَّثَنَا سُوَيْدُ بْنُ سَعِيدٍ، حَدَّثَنَا عَبْدُ الرَّحِيمِ الرَّازِيُّ، عَنِ ابْنِ خُثَيْمٍ، عَنْ سَعِيدِ بْنِ جُبَيْرٍ، قَالَ سَمِعْتُ ابْنَ عَبَّاسٍ، يَقُولُ قَالَ رَسُولُ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ ‏ "‏ لَيَأْتِيَنَّ هَذَا الْحَجَرُ يَوْمَ الْقِيَامَةِ وَلَهُ عَيْنَانِ يُبْصِرُ بِهِمَا وَلِسَانٌ يَنْطِقُ بِهِ يَشْهَدُ عَلَى مَنْ يَسْتَلِمُهُ بِحَقٍّ ‏"‏ ‏.‏

হাদীসের ব্যাখ্যা:

হাজরে আসওয়াদ দেখতে পাথরের একটি টুকরা; কিন্তু এর মধ্যে একটি আত্মিক শক্তি রয়েছে। তাই সে প্রত্যেক ঐ বান্দাকে চিনতে পারে, যারা আল্লাহ্ তা'আলার সাথে এর সম্পর্কের কারণে আদব ও মহব্বতের সাথে সরাসরি, হাত ইশারায় অথবা কোন কিছুর মাধ্যমে এটাকে চুমু দেয় কিংবা হাতে স্পর্শ করে। কিয়ামতের দিন আল্লাহ্ তা'আলা এটাকে দৃষ্টিশক্তি ও বাকশক্তি দিয়ে উঠাবেন, আর সে ঐ বান্দাদের বেলায় সাক্ষ্য দিবে, যারা আল্লাহর নির্দেশমত এশক ও ভক্তির শান নিয়ে এটাকে স্পর্শ করত ও চুমু খেত।
ব্যাখ্যা সূত্রঃ_ মা'আরিফুল হাদীস (মাওলানা মনযূর নোমানী রহ.)
সুনানে ইবনে মাজা - হাদীস নং ২৯৪৪ | মুসলিম বাংলা