কিতাবুস সুনান- ইমাম ইবনে মাজা রহঃ

২৩. হজ্ব - উমরার অধ্যায়

হাদীস নং: ২৮৮৯
আন্তর্জাতিক নং: ২৮৮৯
হজ্ব - উমরার অধ্যায়
হজ্জ ও উমরার ফযীলত
২৮৮৯। আবু বকর ইবন আবু শায়রা (রাহঃ)...... আবু হুরায়রা (রাযিঃ) থেকে বর্ণিত তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ যে ব্যক্তি এই ঘরের হজ্জ করেছে এবং তাতে অশালীন কথাবার্তা বা কাজকর্ম করেনি, সে প্রত্যাবর্তন করবে যেমন তার মা তাকে প্রসব করেছে।
كتاب المناسك
بَاب فَضْلِ الْحَجِّ وَالْعُمْرَةِ
حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ، حَدَّثَنَا وَكِيعٌ، عَنْ مِسْعَرٍ، وَسُفْيَانَ، عَنْ مَنْصُورٍ، عَنْ أَبِي حَازِمٍ، عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ قَالَ رَسُولُ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ ‏ "‏ مَنْ حَجَّ هَذَا الْبَيْتَ فَلَمْ يَرْفُثْ وَلَمْ يَفْسُقْ رَجَعَ كَمَا وَلَدَتْهُ أُمُّهُ ‏"‏ ‏.‏

হাদীসের ব্যাখ্যা:

কুরআন মজীদে বলা হয়েছে:

اَلۡحَجُّ اَشۡہُرٌ مَّعۡلُوۡمٰتٌ ۚ فَمَنۡ فَرَضَ فِیۡہِنَّ الۡحَجَّ فَلَا رَفَثَ وَلَا فُسُوۡقَ ۙ وَلَا جِدَالَ فِی الۡحَجِّ

আয়াতে হজ্ব পালনকারীদেরকে দিক নির্দেশনা দেওয়া হয়েছে যে, তারা যেন বিশেষভাবে হজ্বের সময়ে অশ্লীল বিষয়াদি ও আল্লাহর নাফরমানীর সকল কাজ এবং পরস্পর ঝগড়া-বিবাদ থেকে বেঁচে থাকে। হযরত আবূ হুরায়রা রাযি.-এর এ হাদীসে এই দিকনির্দেশনার উপর আমলকারীদেরকে সুসংবাদ দেওয়া হয়েছে যে, যে ব্যক্তি হজ্ব করবে এবং হজ্বের দিনগুলোতে সে কোন অশ্লীল কাজও করবে না, আল্লাহ্ তা'আলার অবাধ্যতামূলক এমন কোন কাজও করবে না, যা ফাসেকীর সীমায় এসে যায়, তাহলে হজ্বের বরকতে তার সকল গুনাহ্ মাফ করে দেওয়া হবে এবং সে এমন পাক পবিত্র হয়ে হজ্ব থেকে ফিরবে, যেমন, সে মাতৃগর্ভ থেকে ভূমিষ্ঠ হওয়ার দিন ছিল। আল্লাহ্ তাঁর অপার অনুগ্রহে আমাদেরকে এ সম্পদ নছীব করুন।
ব্যাখ্যা সূত্রঃ_ মা'আরিফুল হাদীস (মাওলানা মনযূর নোমানী রহ.)
tahqiqতাহকীক:বিশুদ্ধ (পারিভাষিক সহীহ)