কিতাবুস সুনান- ইমাম ইবনে মাজা রহঃ

৭. রোযা ও ই'তিকাফের অধ্যায়

হাদীস নং: ১৭১৬
আন্তর্জাতিক নং: ১৭১৬
রোযা ও ই'তিকাফের অধ্যায়
শাওয়াল মাসের ছয় দিনের সিয়াম
১৭১৬। 'আলী ইবন মুহাম্মাদ (রাহঃ)......আবু আয়্যূব (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ যে ব্যক্তি রামাযানের সিয়াম পালনের পর শাওয়ালের ছয়টি সিয়াম পালন করে, তা পুরা বছর সাওম পালন সমতুল্য।
أبواب الصيام
بَاب صِيَامِ سِتَّةِ أَيَّامٍ مِنْ شَوَّالٍ
حَدَّثَنَا عَلِيُّ بْنُ مُحَمَّدٍ حَدَّثَنَا عَبْدُ اللهِ بْنُ نُمَيْرٍ عَنْ سَعْدِ بْنِ سَعِيدٍ عَنْ عُمَرَ بْنِ ثَابِتٍ عَنْ أَبِي أَيُّوبَ قَالَ قَالَ رَسُولُ اللهِ صلى الله عليه وسلم مَنْ صَامَ رَمَضَانَ ثُمَّ أَتْبَعَهُ بِسِتٍّ مِنْ شَوَّالٍ كَانَ كَصَوْمِ الدَّهْرِ

হাদীসের ব্যাখ্যা:

রমযান মাস যদি ২৯ দিনেরও হয়, তবুও আল্লাহ তা'আলা নিজ অনুগ্রহে ৩০ দিনেরই সওয়াব দিয়ে দেন। আর শাওয়ালের ছয়টি রোযা যোগ করলে রোযার সংখ্যা ৩৬ হয়ে যায়। এদিকে আল্লাহ্ তা'আলার অনুগ্রহমূলক বিধান (একে দশ) অনুযায়ী ৩৬ এর দশগুণ ৩৬০ হয়ে যায়, আর চাঁদের হিসাবে বছরের দিন সংখ্যা ৩৬০ থেকে কমই হয়ে থাকে।

অতএব, কোন ব্যক্তি যদি সারা রমযানে রোযা রাখার পর শাওয়ালে ৬টি নফল রোযা রাখে, তাহলে সে এ হিসাবে ৩৬০টি রোযার সওয়াবের অধিকারী হবে। তাই সওয়াব ও প্রতিদানের দিক দিয়ে এটা এমনই হল যে, যেমন কেউ সারা বছরই রোযা রাখল।
ব্যাখ্যা সূত্রঃ_ মা'আরিফুল হাদীস (মাওলানা মনযূর নোমানী রহ.)
tahqiqতাহকীক:বিশুদ্ধ (পারিভাষিক সহীহ)