কিতাবুস সুনান (আলমুজতাবা) - ইমাম নাসায়ী রহঃ

৫০. আল্লাহর আশ্রয় প্রার্থনার ক্ষেত্রসমূহ

হাদীস নং: ৫৫২৩
আন্তর্জাতিক নং: ৫৫২৩
আল্লাহর আশ্রয় প্রার্থনার ক্ষেত্রসমূহ
আমলের অনিষ্ট হতে আশ্রয় প্রার্থনা করা
৫৫২২. ইউনুস ইবনে আব্দুল আ’লা (রাহঃ) ......... আব্দা ইবনে আবু লুবাবা (রাহঃ) থেকে বর্ণিত। ইবনে ইয়াসাফ তাঁর নিকট বর্ণনা করেছেন যে, একদা তিনি উম্মুল মু’মিনীন আয়েশা (রাযিঃ)-কে জিজ্ঞাসা করেছিলেন, রাসূলুল্লাহ্ (ﷺ) ইন্তিকালের পূর্বে কোন দুআ বেশী পড়তেন? তিনি বললেনঃ তিনি প্রায়ই এই দুআ পড়তেনঃ হে আল্লাহ্! আমি আমার আমলের অনিষ্ট হতে আপনার নিকট আশ্রয় প্রার্থনা করছি যা আমি করেছি এবং যা এখনও করিনি।
كتاب الاستعاذة
الِاسْتِعَاذَةُ مِنْ شَرِّ مَا عَمِلَ وَذِكْرُ الِاخْتِلَافِ عَلَى هِلَالٍ
أَخْبَرَنَا يُونُسُ بْنُ عَبْدِ الْأَعْلَى عَنْ ابْنِ وَهْبٍ قَالَ أَخْبَرَنِي مُوسَى بْنُ شَيْبَةَ عَنْ الْأَوْزَاعِيِّ عَنْ عَبْدَةَ بْنِ أَبِي لُبَابَةَ أَنَّ ابْنَ يَسَافٍ حَدَّثَهُ أَنَّهُ سَأَلَ عَائِشَةَ زَوْجَ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مَا كَانَ أَكْثَرُ مَا يَدْعُو بِهِ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَبْلَ مَوْتِهِ قَالَتْ كَانَ أَكْثَرُ مَا كَانَ يَدْعُو بِهِ اللَّهُمَّ إِنِّي أَعُوذُ بِكَ مِنْ شَرِّ مَا عَمِلْتُ وَمِنْ شَرِّ مَا لَمْ أَعْمَلْ

হাদীসের ব্যাখ্যা:

কোন মন্দ আমল সংঘটিত হয়ে যাওয়া বা কোন উত্তম আমল ছুটে যাওয়ার জন্যে আমাদের মত সাধারণ মানুষও এর অনিষ্ট থেকে আশ্রয় প্রার্থনা করে থাকে। কিন্তু আরেফীন তথা আল্লাহ ওয়ালা বুযুর্গগণ সর্বোত্তম আমলটি করার পরও বা সর্বনিম্ন পর্যায়ের মন্দ আমল থেকে বেঁচে চলার পরও তাঁদের মনে ভয় থাকে, না জানি আমাদের পুণ্য আমলের জন্যে আত্মশ্লাঘা এবং পুণ্যবান হওয়ার অহিমকা-ঔদ্ধত্য অন্তরে উদ্রেক হয়ে যায় (যা আল্লাহ তা'আলার দৃষ্টিতে অত্যন্ত ঘৃণ্য-অপসন্দনীয় এক বিরাট অপরাধ)! এ জন্যে তাঁরা তাঁদের পুণ্য কর্মের অনিষ্ট এবং পাপকর্ম থেকে বিরত থাকার অনিষ্টের দিক থেকেও আল্লাহ তা'আলার আশ্রয় প্রার্থনা করে থাকেন। যথার্থই বলা হয়েছে:
حَسَنَاتُ الْأَبْرَارِ سَيِّئَاتُ الْمُقَرَّبِينَ
অর্থাৎ “পুণ্যবানদের জন্যে যা' পুণ্যকর্ম, তাই অতি নৈকট্যপ্রাপ্ত আল্লাহ ওয়ালাদের জন্যে পাপ কাজ।" মানে, তাদের পান থেকে চুন খসলেই দারুণ অপরাধ, অথচ সাধারণ দৃষ্টিতে তাতে অপরাধের কিছুই নেই। এটি প্রেমের জগতের ব্যাপারে স্যাপার। অপ্রেমিকরা তার কী বুঝবে?
ব্যাখ্যা সূত্রঃ_ মা'আরিফুল হাদীস (মাওলানা মনযূর নোমানী রহ.)