কিতাবুস সুনান (আলমুজতাবা) - ইমাম নাসায়ী রহঃ

৫০. আল্লাহর আশ্রয় প্রার্থনার ক্ষেত্রসমূহ

হাদীস নং: ৫৪৯০
আন্তর্জাতিক নং: ৫৪৯০
আল্লাহর আশ্রয় প্রার্থনার ক্ষেত্রসমূহ
চরম বার্ধক্য থেকে আশ্রয় প্রার্থনা করা
৫৪৮৯. মুহাম্মাদ ইবনে আব্দুল হাকাম (রাহঃ) ......... শুআয়ব (রাহঃ) তাঁর পিতা ও দাদা থেকে বর্ণনা করেছেন। তিনি বলেন, আমি রাসূলুল্লাহ্ (ﷺ)-কে বলতে শুনেছিঃ হে আল্লাহ্! আমি আলস্য, চরম বার্ধক্য, ঋণ এবং গুনাহ থেকে আপনার নিকট আশ্রয় প্রার্থনা করছি। আর কানা দাজ্জালের অনিষ্ট হতে আশ্রয় চাচ্ছি এবং আপনার নিকট আশ্রয় প্রার্থনা করছি কবরের আযাব থেকে, আর আপনার নিকট আশ্রয় চাচ্ছি দোযখের আযাব হতে।
كتاب الاستعاذة
الِاسْتِعَاذَةُ مِنْ الْهَرَمِ
أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ عَبْدِ اللَّهِ بْنِ عَبْدِ الْحَكَمِ عَنْ شُعَيْبٍ عَنْ اللَّيْثِ عَنْ يَزِيدَ بْنِ الْهَادِ عَنْ عَمْرِو بْنِ شُعَيْبٍ عَنْ أَبِيهِ عَنْ جَدِّهِ قَالَ سَمِعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ اللَّهُمَّ إِنِّي أَعُوذُ بِكَ مِنْ الْكَسَلِ وَالْهَرَمِ وَالْمَغْرَمِ وَالْمَأْثَمِ وَأَعُوذُ بِكَ مِنْ شَرِّ الْمَسِيحِ الدَّجَّالِ وَأَعُوذُ بِكَ مِنْ عَذَابِ الْقَبْرِ وَأَعُوذُ بِكَ مِنْ عَذَابِ النَّارِ

হাদীসের ব্যাখ্যা:

আলোচ্য হাদীসে বর্ণিত দু'আটি দুনিয়া ও আখিরাতের যাবতীয় বিপদাপদ এবং সর্ববিধ অনভিপ্রেত অবস্থা থেকে রক্ষা পাওয়ার ক্ষেত্রে একটি ব্যাপক দু'আ। এতে জাহান্নাম ও কবরের শাস্তি থেকে মুক্তি লাভের দু'আ বিধৃত হয়েছে, যার শাস্তি অত্যন্ত ভয়াবহ এবং যা মানুষের জন্য সবচেয়ে আধিক হতভাগ্য হওয়ার প্রমাণ। তার পর দুনিয়ার সবচেয়ে বড় ফিতনাবাজ দাজ্জালের ফিতনা থেকে পানাহ চাওয়া হয়েছে, যার প্রভাব থেকে ঈমান নিরাপদ রাখা বড়ই কঠিন ব্যাপার। এর পর জীবন মরণের সর্ববিধ ফিতনা পরীক্ষা, ছোট বড় বালা মুসীবাত এবং ভ্রষ্টতা থেকে পানাহ চাওয়া হয়েছে। এ দু'আ পাঠের উপযুক্ত সময় হল শেষ বৈঠকে তাশাহহুদ পাঠের পর এবং সালামের পূর্বে।
ব্যাখ্যা সূত্রঃ_ মা'আরিফুল হাদীস (মাওলানা মনযূর নোমানী রহ.)