আল জামিউস সহীহ- ইমাম বুখারী রহঃ

৩৯- দাসমুক্তির অধ্যায়

হাদীস নং: ২৩৭৮
আন্তর্জাতিক নং: ২৫৪৬
- দাসমুক্তির অধ্যায়
১৫৯৭. গোলাম যদি উত্তমরূপে তার প্রতিপালকের ইবাদত করে আর তার মালিকের হিতাকাঙ্ক্ষী হয়
২৩৭৮। আব্দুল্লাহ ইবনে মাসলামা (রাহঃ) .... ইবনে উমর (রাযিঃ) থেকে বর্ণিত, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, গোলাম যদি তার মনিবের হিতাকাঙ্ক্ষী হয় এবং তার প্রতিপালকের উত্তমরূপে ইবাদত করে, তাহলে তার সাওয়াব হবে দ্বিগুণ।
كتاب العتق
باب الْعَبْدِ إِذَا أَحْسَنَ عِبَادَةَ رَبِّهِ وَنَصَحَ سَيِّدَهُ
2546 - حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ مَسْلَمَةَ، عَنْ مَالِكٍ، عَنْ نَافِعٍ، عَنِ ابْنِ عُمَرَ رَضِيَ اللَّهُ عَنْهُمَا أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «العَبْدُ إِذَا نَصَحَ سَيِّدَهُ، وَأَحْسَنَ عِبَادَةَ رَبِّهِ، كَانَ لَهُ أَجْرُهُ مَرَّتَيْنِ»

হাদীসের ব্যাখ্যা:

রাসূলুল্লাহ (ﷺ)-এর হেদায়াত ও শিক্ষার এটা একটা মূলনীতি যে, প্রত্যেক ব্যক্তি ও প্রতিটি শ্রেণীকে তিনি উৎসাহিত করেন ও তাকীদ করেন যে, তারা যেন অন্যদের অধিকার আদায় করে এবং এ অধিকার আদায়কেই যেন নিজের সফলতা মনে করে।

মনিব ও মালিকদেরকে তিনি নির্দেশ দিয়েছেন যে, তারা যেন গোলাম ও অধীনস্থদের ব্যাপারে আল্লাহকে ভয় করে, তাদের সাথে সুন্দর আচরণ করে, তাদেরকে নিজের ভাই মনে করে এবং পরিবারের একজন সদস্যের মত মনে করে। অপরদিকে গোলাম ও চাকরদেরকে নির্দেশ দিয়েছেন যে, তারা যেন মনিব ও মালিকদের কল্যাণকামী ও বিশ্বস্ত হয়ে থাকে।

আমাদের এ দুনিয়ার সকল অশান্তি ও বিপর্যয়ের মূল শিকড় এটাই যে, প্রত্যেকেই অন্যের অধিকার দিতে নারায অথবা কমপক্ষে এ ব্যাপারে বেপরোয়া ও উদাসীন। অথচ নিজের অধিকার অন্যের নিকট থেকে আদায় করে নিতে; বরং ছিনিয়ে আনতে সবধরনের বল প্রয়োগকে সঠিক মনে করা হয়। এটাই দুনিয়াটাকে জাহান্নাম বানিয়ে রেখেছে। আর সে পর্যন্ত এ দুনিয়া শান্তি ও নিরাপত্তা থেকে বঞ্চিত থাকবে, যে পর্যন্ত অধিকার লাভ ও এটা ছিনিয়ে আনার স্থলে হক ও অধিকার আদায়ের উপর জোর না দেওয়া হবে। যদি জ্ঞান ও দূরদৃষ্টি থেকে আমরা বঞ্চিত না হয়ে গিয়ে থাকি, তাহলে এ বিষয়টি একেবারে স্পষ্ট।
ব্যাখ্যা সূত্রঃ_ মা'আরিফুল হাদীস (মাওলানা মনযূর নোমানী রহ.)
tahqiqতাহকীক:বিশুদ্ধ (পারিভাষিক সহীহ)