কিতাবুস সুনান (আলমুজতাবা) - ইমাম নাসায়ী রহঃ

২৩. যাকাতের অধ্যায়

হাদীস নং: ২৫৩৫
আন্তর্জাতিক নং: ২৫৩৫
যাকাতের অধ্যায়
উপরোক্ত হাদীসের ব্যাখ্যা
২৫৩৭. আমর ইবনে আলী এবং মুহাম্মাদ ইবনে মুছান্না (রাহঃ) ......... আবু হুরায়রা (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ্ (ﷺ) বলেছেনঃ তোমরা সাদ্‌কা করতে থাকো, এক ব্যক্তি বলল, ইয়া রাসূলাল্লাহ্! আমার কাছে শুধুমাত্র একটি দীনার আছে, তিনি বললেন, তুমি তা নিজের জন্য ব্যয় কর। সে বলল, আমার কাছে অন্য আর একটি দীনার আছে। তিনি বললেন, তুমি তা নিজ স্ত্রীর জন্য ব্যয় কর। সে বলল, আমার কাছে অন্য আর একটি দীনার আছে, তিনি বললেন তুমি তা নিজ সন্তানের জন্য ব্যয় কর, সে বলল, আমার কাছে অন্য আর একটি দীনার আছে, তিনি বললেন, তুমি তা নিজ খাদেমের জন্য ব্যয় কর। সে বলল, আমার কাছে অন্য আর একটি দীনার আছে, তিনি বললেন, সে ব্যাপারে তুমিই অধিক বিবেচনাকারী।
كتاب الزكاة
تَفْسِيرُ ذَلِكَ
أَخْبَرَنَا عَمْرُو بْنُ عَلِيٍّ وَمُحَمَّدُ بْنُ الْمُثَنَّى قَالَ حَدَّثَنَا يَحْيَى عَنْ ابْنِ عَجْلَانَ عَنْ سَعِيدٍ عَنْ أَبِي هُرَيْرَةَ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ تَصَدَّقُوا فَقَالَ رَجُلٌ يَا رَسُولَ اللَّهِ عِنْدِي دِينَارٌ قَالَ تَصَدَّقْ بِهِ عَلَى نَفْسِكَ قَالَ عِنْدِي آخَرُ قَالَ تَصَدَّقْ بِهِ عَلَى زَوْجَتِكَ قَالَ عِنْدِي آخَرُ قَالَ تَصَدَّقْ بِهِ عَلَى وَلَدِكَ قَالَ عِنْدِي آخَرُ قَالَ تَصَدَّقْ بِهِ عَلَى خَادِمِكَ قَالَ عِنْدِي آخَرُ قَالَ أَنْتَ أَبْصَرُ

হাদীসের ব্যাখ্যা:

সম্ভবতঃ এ ব্যক্তির বাহ্যিক অবস্থা দেখে রাসূলুল্লাহ (ﷺ) অনুমান করতে পেরেছিলেন যে, লোকটি নিজেই অভাবী ও গরীব। আর তার কাছে কেবল একটি দীনারই রয়েছে এবং সে এটা আল্লাহ্ তা'আলার সন্তুষ্টি লাভ ও আখেরাতের সওয়াবের জন্য কোথাও খরচ করতে চায়। তার এ কথা জানা নেই যে, মু'মিন বান্দা যা কিছু নিজের প্রয়োজনে খরচ করে অথবা আপন স্ত্রী-সন্তান ও গোলামদের পেছনে ব্যয় করে, এর সবকিছুই সদাকা হিসাবে গণ্য হয় এবং এটা আল্লাহ্ তা'আলার সন্তুষ্টি ও সওয়াব লাভের ওসীলা হয়। এ জন্য হুযুর (ﷺ) তাকে এ ক্রমানুসারে এ পরামর্শ দিয়েছেন। সাধারণ নিয়ম ও নির্দেশ এটাই যে, মানুষ প্রথমে ঐসব হক ও দায়িত্ব পালন করবে, যেগুলো ব্যক্তিগতভাবেই তার উপর বর্তায় এবং নিজস্ব দায়িত্ব হিসাবেই বিবেচিত হয়। তারপর সে সামনে অগ্রসর হবে। হ্যাঁ, তবে আল্লাহর ঐসব বিশেষ বান্দা- যারা তাওয়াক্কুল ও আল্লাহর প্রতি নির্ভরশীলতার উঁচু স্তর অর্জন করে নিয়েছে এবং তাদের পরিবার-পরিজনও এ মহাসম্পদ থেকে অংশ লাভ করে নিয়েছে, তাদের জন্য এটা ঠিক যে, নিজেরা উপোস করবে, পেটে পাথর বাঁধবে আর ঘরে যে খাবার রয়েছে সেটা গরীব-দুস্থদেরকে বিলিয়ে দেবে। স্বয়ং রাসূলুল্লাহ (ﷺ) এবং বিশিষ্ট সাহাবীদের অবস্থা ও রীতি এটাই ছিল। আল্লাহ্ তা'আলা বলেন: وَیُؤۡثِرُوۡنَ عَلٰۤی اَنۡفُسِہِمۡ وَلَوۡ کَانَ بِہِمۡ خَصَاصَۃٌ অর্থাৎ, তারা নিজেরা অভাবগ্রস্ত হওয়া সত্ত্বেও অন্যদেরকে অগ্রাধিকার দেয়। (সূরা হাশর)
ব্যাখ্যা সূত্রঃ_ মা'আরিফুল হাদীস (মাওলানা মনযূর নোমানী রহ.)
tahqiqতাহকীক:তাহকীক চলমান