কিতাবুস সুনান - ইমাম আবু দাউদ রহঃ

৩৬. ইসলামী শিষ্টাচারের অধ্যায়

হাদীস নং: ৪৭৮১
আন্তর্জাতিক নং: ৪৮৫৭
ইসলামী শিষ্টাচারের অধ্যায়
৩১. মজলিসের কাফফারা সম্পর্কে।
৪৭৮১. আহমদ ইবনে সালিহ (রাহঃ) .... আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেনঃ এমন কয়েকটি বাক্য আছে, যদি কেউ তা মজলিস থেকে উঠার সময় তিনবার পড়ে, তবে তা সে ব্যক্তির জন্য ঐ মজলিসের কাফফারা স্বরূপ হয়ে যায়, (অর্থাৎ সেখানে গুনাহের কিছু হলে তা মাফ হয়ে যায়।) আর যে ব্যক্তি তা কোন ভাল মজলিসে বা যিক্‌রের মজলিসে পড়বে, তা সে ব্যক্তির জন্য মোহর বা সিল স্বরূপ হবে, যা কাগজের বা কিতাবের উপর দেয়া হয়। সেগুলো হলোঃ সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বি-হামদিকা, লা-ইলাহা ইল্লা আনতা আসতাগফিরুকা ওয়া-আতুবু ইলায়কা।
كتاب الأدب
باب فِي كَفَّارَةِ الْمَجْلِسِ
حَدَّثَنَا أَحْمَدُ بْنُ صَالِحٍ، حَدَّثَنَا ابْنُ وَهْبٍ، قَالَ أَخْبَرَنِي عَمْرٌو، أَنَّ سَعِيدَ بْنَ أَبِي هِلاَلٍ، حَدَّثَهُ أَنَّ سَعِيدَ بْنَ أَبِي سَعِيدٍ الْمَقْبُرِيَّ حَدَّثَهُ عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عَمْرِو بْنِ الْعَاصِ، أَنَّهُ قَالَ كَلِمَاتٌ لاَ يَتَكَلَّمُ بِهِنَّ أَحَدٌ فِي مَجْلِسِهِ عِنْدَ قِيَامِهِ ثَلاَثَ مَرَّاتٍ إِلاَّ كُفِّرَ بِهِنَّ عَنْهُ وَلاَ يَقُولُهُنَّ فِي مَجْلِسِ خَيْرٍ وَمَجْلِسِ ذِكْرٍ إِلاَّ خُتِمَ لَهُ بِهِنَّ عَلَيْهِ كَمَا يُخْتَمُ بِالْخَاتَمِ عَلَى الصَّحِيفَةِ سُبْحَانَكَ اللَّهُمَّ وَبِحَمْدِكَ لاَ إِلَهَ إِلاَّ أَنْتَ أَسْتَغْفِرُكَ وَأَتُوبُ إِلَيْكَ .

হাদীসের ব্যাখ্যা:

কত মুখতাসার অথচ ব্যাপক অর্থবোধক এ দু'আটি। এতে আল্লাহ তা'আলার পবিত্রতা ও স্তব-স্তুতির বর্ণনা যেমন রয়েছে, তেমনি আছে তাঁর একত্বের সাক্ষ্য এবং গুনাহসমূহ থেকে তাওবা ও ইস্তিগফার। আল্লাহর কোন কোন মকবুল বান্দাকে দেখার সুযোগ হয়েছে, তাঁরা কিছুক্ষণ পর পরই বিশেষত কোন প্রসঙ্গে কথাবার্তা শেষেই অন্তরের অন্তঃস্থল থেকে-যা তাঁদের সে সময়ের চেহারার অভিব্যক্তি এবং আওয়ায থেকেই সুস্পষ্ট অনুভূত হতো- এ কালিমাগুলো এমনভাবে উচ্চারণ করতেন যে, শ্রোতাদের অন্তরে পর্যন্ত তা রেখাপাত করতো।

নিঃসন্দেহে এ কালিমাগুলো অর্থ ও বিন্যাসের দিক থেকে এমনি তাৎপর্যপূর্ণ যে, বান্দা যদি ইখলাসের সাথে তা আল্লাহর দরবারে নিবেদন করে তাহলে তাঁর রহমত ও করুণার দৃষ্টি তার দিকে পতিত না হয়ে যায় না। এ কালিমাগুলোও রাসূলুল্লাহ ﷺ-এর বিশেষ উপঢৌকন। আল্লাহ তা'আলা আমাদের সকলকে এগুলোর মূল্য অনুধাবনের এবং এথেকে উপকৃত হওয়ার তাওফীক দান করুন!
ব্যাখ্যা সূত্রঃ_ মা'আরিফুল হাদীস (মাওলানা মনযূর নোমানী রহ.)