কিতাবুস সুনান - ইমাম আবু দাউদ রহঃ
৩৬. ইসলামী শিষ্টাচারের অধ্যায়
হাদীস নং: ৪৭৩৭
আন্তর্জাতিক নং: ৪৮১২
ইসলামী শিষ্টাচারের অধ্যায়
১২. ভাল কাজে শোকর আদায় করা সম্পর্কে।
৪৭৩৭. মুসা ইবনে ইসমাঈল (রাহঃ) ..... আনাস (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেনঃ একবার মুহাজির সাহাবীরা বলেঃ ইয়া রাসূলাল্লাহ! আনসাররা তো সব ছওয়ারের অধিকারী হলো? তিনি বলেনঃ না, যতক্ষণ তোমরা তাদের জন্য দুআ করবে এবং তাদের প্রশংসা করবে, (ততক্ষণ তোমরাও সাওয়াব পাবে।)
كتاب الأدب
باب فِي شُكْرِ الْمَعْرُوفِ
حَدَّثَنَا مُوسَى بْنُ إِسْمَاعِيلَ، حَدَّثَنَا حَمَّادٌ، عَنْ ثَابِتٍ، عَنْ أَنَسٍ، أَنَّ الْمُهَاجِرِينَ، قَالُوا يَا رَسُولَ اللَّهِ ذَهَبَتِ الأَنْصَارُ بِالأَجْرِ كُلِّهِ . قَالَ " لاَ مَا دَعَوْتُمُ اللَّهَ لَهُمْ وَأَثْنَيْتُمْ عَلَيْهِمْ " .
হাদীসের ব্যাখ্যা:
যখন রাসুলুল্লাহ ﷺ মক্কা মুআযযামা থেকে হিজরত করে পবিত্র মদীনায় এলেন, আর সাথে মুহাজিরদের এক বড় দল ছিল, যারা তাঁর পূর্বে বা পরে নিজ নিজ ঘর ছেড়ে পবিত্র মদীনায় এসেছিলেন, একথা সর্বজনবিদিত যে, প্রাথমিক দিনগুলোতে তাঁদের সবাইকে মদীনার আনসারগণ আল্লাহর উদ্দেশ্যে নিজেদের মেহমান করেছিলেন, জমি-জমা ও অন্যান্য কাজে নিজেরা পরিশ্রম করতেন আর তা থেকে যা উপার্জিত হত তাতে মুহাজিরদের শরীক করে নিতেন। সেই আনসারগণের মধ্যে বিত্তশালীও ছিলেন আবার দরিদ্রও ছিলেন। তবে নিজ নিজ অবস্থা অনুযায়ী মুহাজিরগণের সেবায় সবাই অংশ গ্রহণ করতেন। যাঁরা বিত্তশালী ছিলেন তাঁরা পূর্ণ প্রশস্ত হৃদয়ে মুহাজিরদের পেছনে নিজেদের সম্পদ দ্বিধাহীন চিত্তে ব্যয় করতেন। আর যাঁরা দরিদ্র ছিলেন তাঁরা নিজেদের পেট ক্ষুধার্ত রেখে তাঁদের খিদমত ও মেহমানদারী করতেন।
এমতাবস্থায় মুহাজিরগণের হৃদয়ে এ ধারণা জন্মাল, এমন না হয় যে, আনসারদের এ অসাধারণ আত্মত্যাগ ও ইহসানের কারণে আমাদের হিজরত ও ইবাদত ইত্যাদির সওয়াবও আমাদের ইহসানকারী অতিথিপরায়ণরা নিয়ে নেয়। আর আমরা লোকসানে থেকে যাই। তাঁরা রাসূলুল্লাহ ﷺ-এর খিদমতে নিজেদের এ আশংকার কথা পেশ করলেন। তিনি তাঁদের আশ্বস্ত করলেন যে, এরূপ হবে না। তবে শর্ত হচ্ছে তোমরা তাঁদের এ ইহসানের পরিবর্তে তাদের জন্য আল্লাহর নিকট দু'আ করবে এবং অন্তরে ও মুখে তাদের ইহসানের স্বীকারোক্তি ও শুকরিয়া আদায় করে চলবে। আল্লাহ তা'আলা তোমাদের এ কাজকেই তাদের ইহসানের বিনিময়ে কবুল করবেন এবং তোমাদের পক্ষ হতে তাদের এই ইহসান ও আত্মত্যাগের পূর্ণ প্রতিদান তাদের দান করবেন।

ব্যাখ্যা সূত্রঃ_ মা'আরিফুল হাদীস (মাওলানা মনযূর নোমানী রহ.)