কিতাবুস সুনান - ইমাম আবু দাউদ রহঃ

৩৬. ইসলামী শিষ্টাচারের অধ্যায়

হাদীস নং: ৪৭০০
আন্তর্জাতিক নং: ৪৭৭৫
ইসলামী শিষ্টাচারের অধ্যায়
১. সহিষ্ণুতা ও নবী (ﷺ)-এর পূত-চরিত্র সম্পর্কে।
৪৭০০. হারুন ইবনে আব্দুল্লাহ (রাহঃ) ...... আবু হুরায়রা (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেনঃ রাসূলুল্লাহ (ﷺ) মসজিদে বসে আমাদের সাথে কথাবার্তা বলতেন। আর তিনি যখন উঠে দাঁড়াতেন, তখন আমরাও উঠে দাঁড়াতাম, যতক্ষণ না আমরা দেখতাম যে, তিনি তাঁর কোন বিবির ঘরে প্রবেশ করেছেন।

একদিন তিনি আমাদের সাথে কথাবার্তা বলে দাঁড়ালে, আমরাও দাঁড়িয়ে যাই। এ সময় আমরা দেখি যে, একজন বেদুঈন আরব তাঁকে ধরে তাঁর গলায় চাদর পেঁচিয়ে তাকে টানছে, যাতে তাঁর গলা লাল হয়ে যায়।

রাবী আবু হুরায়রা (রাযিঃ) বলেনঃ সে ব্যক্তির চাদরটি ছিল মোটা কাপড়ের। নবী (ﷺ) তার দিকে তাকালে সে বলেঃ আপনি আমার এ দু’টি উটের পিঠ শস্য দিয়ে ভরে দিন; কেননা আপনি আপনার মাল থেকে দিচ্ছেন না, না আপনার পিতার মাল থেকে। তখন নবী (ﷺ) বলেনঃ না, আমি আমার মাল থেকে দেই না, আমি আল্লাহর কাছে মাফ চাই। একথা তিনি তিনবার বলেন।

এরপর তিনি বলেনঃ আমি তোমার উটের পিঠ ততক্ষণ ভরে দেব না, যতক্ষণ না তুমি আমাকে টানার বিনিময় দেবে। বেদুঈন (আরব) প্রতিবারই এরূপ কসম করে বলতে থাকে যে, আল্লাহর শপথ! আমি এর বিনিময় আপনাকে দেব না, (কারণ সে জানতো যে, নবী (ﷺ) কারো থেকে প্রতিশোধ নিতেন না।)

এরপর রাবী হাদীস বর্ণনা প্রসঙ্গে বলেনঃ তারপর নবী (ﷺ) এক ব্যক্তিকে ডেকে বলেন, এ ব্যক্তির দু’টি উটের পিঠ শস্য দিয়ে ভরে দাও। এক উটের পিঠে যব এবং অন্য উটের পিঠে খেজুর দিয়ে দাও। এরপর তিনি আমাদের দিকে ফিরে বলেনঃ তোমরা আল্লাহর বরকতের উপর ভরসা করে চলে যাও।
كتاب الأدب
باب فِي الْحِلْمِ وَأَخْلاَقِ النَّبِيِّ صلى الله عليه وسلم
حَدَّثَنَا هَارُونُ بْنُ عَبْدِ اللَّهِ، حَدَّثَنَا أَبُو عَامِرٍ، حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ هِلاَلٍ، سَمِعَ أَبَاهُ، يُحَدِّثُ قَالَ قَالَ أَبُو هُرَيْرَةَ وَهُوَ يُحَدِّثُنَا كَانَ النَّبِيُّ صلى الله عليه وسلم يَجْلِسُ مَعَنَا فِي الْمَجْلِسِ يُحَدِّثُنَا فَإِذَا قَامَ قُمْنَا قِيَامًا حَتَّى نَرَاهُ قَدْ دَخَلَ بَعْضَ بُيُوتِ أَزْوَاجِهِ فَحَدَّثَنَا يَوْمًا فَقُمْنَا حِينَ قَامَ فَنَظَرْنَا إِلَى أَعْرَابِيٍّ قَدْ أَدْرَكَهُ فَجَبَذَهُ بِرِدَائِهِ فَحَمَّرَ رَقَبَتَهُ قَالَ أَبُو هُرَيْرَةَ وَكَانَ رِدَاءً خَشِنًا فَالْتَفَتَ فَقَالَ لَهُ الأَعْرَابِيُّ احْمِلْ لِي عَلَى بَعِيرَىَّ هَذَيْنِ فَإِنَّكَ لاَ تَحْمِلُ لِي مِنْ مَالِكَ وَلاَ مِنْ مَالِ أَبِيكَ . فَقَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم " لاَ وَأَسْتَغْفِرُ اللَّهَ لاَ وَأَسْتَغْفِرُ اللَّهَ لاَ وَأَسْتَغْفِرُ اللَّهَ لاَ أَحْمِلُ لَكَ حَتَّى تُقِيدَنِي مِنْ جَبْذَتِكَ الَّتِي جَبَذْتَنِي " . فَكُلُّ ذَلِكَ يَقُولُ لَهُ الأَعْرَابِيُّ وَاللَّهِ لاَ أَقِيدُكَهَا . فَذَكَرَ الْحَدِيثَ قَالَ ثُمَّ دَعَا رَجُلاً فَقَالَ لَهُ " احْمِلْ لَهُ عَلَى بَعِيرَيْهِ هَذَيْنِ عَلَى بَعِيرٍ شَعِيرًا وَعَلَى الآخَرِ تَمْرًا " . ثُمَّ الْتَفَتَ إِلَيْنَا فَقَالَ " انْصَرِفُوا عَلَى بَرَكَةِ اللَّهِ تَعَالَى " .

হাদীসের ব্যাখ্যা:

সাহাবায়ে কেরামের এ কার্যধারায় রাসূলুল্লাহ (ﷺ) এর নিষেধ ও আপত্তি না করা একথার প্রমাণ বহন করে যে, তিনি এটা মেনে নিতেন। অথচ অন্য হাদীস থেকে জানা যায় যে, মজলিসে আগমনের সময় লোকদের দাঁড়িয়ে যাওয়াকে তিনি অপছন্দ করতেন। এ সংকলক-এর নিকট এ দু'টি অবস্থার মধ্যে পার্থক্য হচ্ছে এই যে, মজলিসে আগমনের সময় মজলিসের লোকদের দাঁড়িয়ে যাওয়া কেবল তা'যীম ও সম্মান প্রদর্শনের জন্যই হত, যা তাঁর জন্য মনঃকষ্টের কারণ হত। আর মজলিস থেকে হুযুর (ﷺ)-এর উঠে যাওয়ার সময় লোকদের দাঁড়িয়ে যাওয়া মজলিস সমাপ্ত হয়ে যাওয়ার কারণেও হত। এরপর মজলিসের লোকেরাও নিজ নিজ ঠিকানায় ফিরে যেত। এ জন্য এই সময়ে দাঁড়িয়ে যাওয়ার ব্যাপারটি তিনি মেনে নিতেন।
ব্যাখ্যা সূত্রঃ_ মা'আরিফুল হাদীস (মাওলানা মনযূর নোমানী রহ.)
tahqiqতাহকীক:তাহকীক চলমান