কিতাবুস সুনান - ইমাম আবু দাউদ রহঃ

৩২. যুদ্ধ-বিগ্রহ ও কিয়ামতের বর্ণনা

হাদীস নং: ৪২৭৩
আন্তর্জাতিক নং: ৪৩২৪
যুদ্ধ-বিগ্রহ ও কিয়ামতের বর্ণনা
১৪. দাজ্জাল বের হওয়া সম্পর্কে।
৪২৭৩. হুদবা ইবনে খালিদ (রাহঃ) .... আবু হুরায়রা (রাযিঃ) থেকে বর্ণিত যে, নবী (ﷺ) বলেছেনঃ আমরা এবং ঈসা (আলাইহিস সালাম)-এর মাঝে কোন নবী আসবে না। অবশ্য তিনি (আসমান থেকে) অবতরণ করবেন। তোমরা যখন তাঁকে দেখবে, তখন তাঁকে এভাবে চিনবে যে, ‘তিনি হবেন মধ্যম আকৃতির, তাঁর দেহের রং হবে লাল-সাদা মিশ্রিত, তাঁর পরিধানের কাপড় হবে হালকা হলুদ রং বিশিষ্ট দু’খানি চাদর এবং তাঁর মাথায় চুল ভিজে না থাকা সত্ত্বেও সেখান থেকে ফোঁটায় ফোঁটায় পানি ঝরতে থাকবে।

তিনি ইসলামের জন্য লোকদের বিরুদ্ধে জিহাদ করবেন, ক্রুশ ভেঙে ফেলবেন, শূকর নিধন করবেন এবং জিযিয়া কর রহিত করবেন। আল্লাহ তাআলা তাঁর সময়ে ইসলাম ব্যতীত আর সব মতবাদকে ধ্বংস করে দেবেন। তিনি-ই দাজ্জালকে হত্যা করবেন। এরপর তিনি পৃথিবীতে চল্লিশ বছর জীবিত থাকার পর ইনতিকাল করবেন এবং মুসলমানরা তাঁর জানাযার নামায আদায় করবেন।
كتاب الملاحم
باب خُرُوجِ الدَّجَّالِ
حَدَّثَنَا هُدْبَةُ بْنُ خَالِدٍ، حَدَّثَنَا هَمَّامُ بْنُ يَحْيَى، عَنْ قَتَادَةَ، عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ آدَمَ، عَنْ أَبِي هُرَيْرَةَ، أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم قَالَ " لَيْسَ بَيْنِي وَبَيْنَهُ نَبِيٌّ - يَعْنِي عِيسَى - وَإِنَّهُ نَازِلٌ فَإِذَا رَأَيْتُمُوهُ فَاعْرِفُوهُ رَجُلٌ مَرْبُوعٌ إِلَى الْحُمْرَةِ وَالْبَيَاضِ بَيْنَ مُمَصَّرَتَيْنِ كَأَنَّ رَأْسَهُ يَقْطُرُ وَإِنْ لَمْ يُصِبْهُ بَلَلٌ فَيُقَاتِلُ النَّاسَ عَلَى الإِسْلاَمِ فَيَدُقُّ الصَّلِيبَ وَيَقْتُلُ الْخِنْزِيرَ وَيَضَعُ الْجِزْيَةَ وَيُهْلِكُ اللَّهُ فِي زَمَانِهِ الْمِلَلَ كُلَّهَا إِلاَّ الإِسْلاَمَ وَيُهْلِكُ الْمَسِيحَ الدَّجَّالَ فَيَمْكُثُ فِي الأَرْضِ أَرْبَعِينَ سَنَةً ثُمَّ يُتَوَفَّى فَيُصَلِّي عَلَيْهِ الْمُسْلِمُونَ " .

হাদীসের ব্যাখ্যা:

আলোচ্য হাদীসে রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম হযরত ঈসা (আ)-এর অবতরণের সংবাদের সাথে তার কতক প্রকাশ্য চিহ্নও বর্ণনা করেছেন। প্রথমত তিনি নাতিদীর্ঘ অর্থাৎ মধ্যম আকৃতির হবেন। দ্বিতীয়ত তাঁর রং লাল-সাদা হবে। তৃতীয়ত তাঁর পোশাক হালকা হলুদ রংগের দু'টি কাপড় হবে। চতুর্থত দর্শকের মনে হবে, তাঁর মাথার চুলগুলো থেকে পানির ফোঁটা ঝরছে অথচ তাঁর মাথায় পানি থাকবে না। তখনই তিনি আসমান থেকে অবতরণ করে থাকবেন। অর্থাৎ তিনি এরূপ পরিষ্কার পরিচ্ছন্ন হবেন এবং তাঁর মাথার চুল গুলোর অবস্থা এরূপ হবে যেমন এখনই গোসল সেরে এসেছেন।

এই কতক প্রকাশ্য চিহ্ন বর্ণনার পর তিনি তাঁর বিশেষ পদক্ষেপ ও কার্যাবলির উল্লেখ করেন। এ ধারাবাহিকতার প্রথম এবং সর্বাধিক গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে-তিনি লোকজনকে আল্লাহর সত্য দীন ইসলামের দাওআত দেবেন। (যার দাওআত স্ব স্ব যুগে আল্লাহ্ তা'আলার নিকট হতে আগমনকারী সব নবী দিয়েছেন)। আসমান থেকে অবতরণ করে তাঁর ইসলামের দাও'আত প্রদান ইসলাম সত্য দীন হওয়ার এরূপ উজ্জ্বল দলীল হবে যার পর তা কবুল করা থেকে কেবল সেই হতভাগা ও অন্ধ হৃদয়ের লোকই অস্বীকার করবে, যাদের অন্তর সত্যদ্রোহী হবে এবং তা কবুল করার যোগ্য থাকবে না। তখন হযরত ঈসা (আ) তাদেরকেও সত্য ইসলামের নিয়ামতরাজি সম্বন্ধে অবগত করার জন্য অবশেষে শক্তি প্রয়োগ করবেন। সশস্ত্র জিহাদ করবেন। এছাড়া বিশেষভাবে তাঁর দু'টি পদক্ষেপ তাঁর নামধারী খ্রিস্টানদের সম্পর্কিত হবে। ১. তিনি ক্রুশ টুকরা টুকরা করবেন, যে ক্রুশ খ্রিস্টানরা নিজেদের চিহ্ন এবং যেন মাবুদ বানিয়েছে নিয়েছে। এরই ওপর তাদের চূড়ান্ত গোমরাহী আকীদা-কুফরীর ভিত্তি। এর মাধ্যমে এ সত্যও প্রকাশিত হবে যে, তাঁকে ফাঁসীতে চড়ানো হয়নি, এ বিষয়ে ইয়াহুদী ও নাসরা উভয় দলের আকীদা ভুল ও ভ্রান্ত। কুরআন মজীদে যা বলা হয়েছে এবং মুসলিম জাতির যা বিশ্বাস- তাই সত্য। ২. তাঁর নামধারী খ্রিস্টানদের সম্বন্ধে তাঁর অন্য পদক্ষেপ এই হবে, তিনি শুকর ধ্বংস করবেন। যেগুলো খ্রিস্টানরা নিজেদের জন্য হালাল নির্ধারণ করেছিল। অথচ সব আসমানী শরী'আতে এটা হারাম হিসাবে চলে আসছে। এরপর হাদীস শরীফে হযরত ঈসা (আ)-এর এই পদক্ষেপের উল্লেখ করা হয়েছে যে, জিযয়া গ্রহণ তিনি রহিত করবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এ কথা প্রকাশ্যে বলে দিয়েছেন, আমাদের শরী'আতে জিযয়ার কানুন ঈসা (আ)-এর অবতরণ পর্যন্ত সময়ের জন্য। যখন তিনি অবতরণ করবেন এবং আমার খলীফা হিসেবে মুসলিম জাতির নেতা ও শাসক হবেন, তখন জিযয়ার আইন রহিত হয়ে যাবে। (এর এক প্রকাশ্য কারণ এটাও হতে পারে যে, তাঁর অবতরণের পর আল্লাহ্ তা'আলার পক্ষ হতে যে অস্বাভাবিক বরকত হবে তখন রাষ্ট্রের জিযয়া আদায়ের প্রয়োজনই থাকবে না, যা এক প্রকার ট্যাক্স) এরপর হাদীস শরীফে তাঁর আরো দু'টি গুরুত্বপূর্ণ কার্যাবলির উল্লেখ করা হয়েছে। ১. আল্লাহ্ তা'আলা তাঁর মাধ্যমে সত্য দীন ইসলাম ছাড়া অন্যান্য বাতিল মাযহাব ও মিল্লাত বিলীন করবেন। সবাই ঈমান এনে ইসলাম গ্রহণ করবে। ২. আল্লাহ্ তা'আলা তাঁর হাতে দাজ্জালকে নিহত করিয়ে তাকে জাহান্নামে পাঠাবেন। দুনিয়া দাজ্জালের ফিতনা থেকে মুক্তি পাবে, যা ছিল এ দুনিয়ার সর্বাধিক বড় ফিতনা ।

শেষে রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন, মাসীহ্ নাযিল হওয়ার পর এ জগতে চল্লিশ বছর থাকবেন। এরপর এখানেই ইন্তিকাল করবেন। মুসলমানগণ তাঁর জানাযার নামায পড়বেন। হযরত আবু হুরাইরা (রা)-এর এ হাদীস যা সুনানে আবূ দাউদ-এর বরাতে এখানে উদ্ধৃত করা হয়েছে।

হাদীসে আরো আছে, ঈসা (আ)-এর অবতরণের পর তাঁর রাষ্ট্রীয় ও খিলাফতের যুগে আল্লাহ্ তা'আলার নিকট হতে যে অস্বাভাবিক বরকতসমূহ হবে সেগুলোর মধ্যে একটি এটাও হবে যে, বাঘ, নেকড়ে ইত্যাদি হিংস্র জন্তুর স্বভাব পরিবর্তন হয়ে যাবে। হিংস্রতার পরিবর্তে সেগুলোর মধ্যে শান্ত স্বভাব এসে যাবে। উট, গাভী ও ষাঁড়গুলোর সাথে বাঘ এবং বকরীগুলোর সাথে নেকড়ে এ ভাবে ফিরবে যে, কেউ কারো ওপর হামলা করবে না। এ ভাবে ছোট শিশু সাপের সাথে খেলা করবে। আর সাপ তাকে দংশন করবে না। কারো দ্বারা কারো কষ্ট হবে না। এই অপ্রাকৃতিক নিয়মাবলি এবং হিংস্র জন্তুদের স্বভাবের পরিবর্তন ও বিপ্লব এ কথার চিহ্ন হবে যে, এ জগত এখন পর্যন্ত যে পদ্ধতিতে চলছিল, তা এখন সমাপ্তির পথে এবং কিয়ামত নিকটবর্তী। এরপর আখিরাতের পদ্ধতি চালু হবে। সে সময়কে কিয়ামতের সুবহে সাদিক মনে করা চাই। আল্লাহ্ তা'আলার কুদরতের প্রশস্ততার ওপর যার ঈমান রয়েছে তার জন্য এগুলোর মধ্যে কোন বিষয়ই অবোধগম্য ও বিশ্বাসের অযোগ্য নয়।
ব্যাখ্যা সূত্রঃ_ মা'আরিফুল হাদীস (মাওলানা মনযূর নোমানী রহ.)
tahqiqতাহকীক:তাহকীক চলমান