কিতাবুস সুনান - ইমাম আবু দাউদ রহঃ
১০. কুরবানীর অধ্যায়
হাদীস নং: ২৭৮১
আন্তর্জাতিক নং: ২৭৯০
কুরবানীর অধ্যায়
৭৯. মৃত ব্যক্তির পক্ষে কুরবানী করা।
২৭৮১. উছমান ইবনে আবী শায়বা (রাহঃ) ..... হানাশ (রাহঃ) থেকে বর্ণিত। তিনি বলেনঃ আমি আলী (রাযিঃ)-কে দু‘টি দুম্বা যবেহ করতে দেখে জিজ্ঞাসা করি, ব্যাপার কি? তখন তিনি বলেনঃ রাসূলুল্লাহ্ (ﷺ) আমাকে এরূপ ওসীয়ত করে গেছেন যে, আমি যেন (তাঁর ইনতিকালের পর) তাঁর পক্ষে কুরবানী করি। তাই আমি তাঁর পক্ষ হতে এ কুরবানী করছি।
كتاب الضحايا
باب الأُضْحِيَةِ عَنِ الْمَيِّتِ
حَدَّثَنَا عُثْمَانُ بْنُ أَبِي شَيْبَةَ، حَدَّثَنَا شَرِيكٌ، عَنْ أَبِي الْحَسْنَاءِ، عَنِ الْحَكَمِ، عَنْ حَنَشٍ، قَالَ رَأَيْتُ عَلِيًّا يُضَحِّي بِكَبْشَيْنِ فَقُلْتُ مَا هَذَا فَقَالَ إِنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم أَوْصَانِي أَنْ أُضَحِّيَ عَنْهُ فَأَنَا أُضَحِّي عَنْهُ .
হাদীসের ব্যাখ্যা:
হযরত আবদুল্লাহ্ ইবনে উমর (রা) বর্ণিত হাদীস থেকে জানা যায় যে, রাসূলুল্লাহ ﷺ মদীনায় অবস্থানকালে প্রতি বছর কুরবানী করেন। আর হযরত আলী (রা) বর্ণিত হাদীস থেকে জানা যায় যে, নবী কারীম ﷺ তাঁকে এ মর্মে ওসীয়াত করে যান যে, তিনি যেন তাঁর নামে কুরবানী করেন। সে মতে এই ওসীয়াত মুতাবিক হযরত আলী মুরতাযা (রা) সব সময় নবী কারীম ﷺ এর পক্ষ থেকে কুরবানী করতেন।
ব্যাখ্যা সূত্রঃ_ মা'আরিফুল হাদীস (মাওলানা মনযূর নোমানী রহ.)