কিতাবুস সুনান - ইমাম আবু দাউদ রহঃ

৬. বিবাহ-শাদীর অধ্যায়

হাদীস নং: ২১৩১
আন্তর্জাতিক নং: ২১৩৪
বিবাহ-শাদীর অধ্যায়
১৩৩. একাধিক স্ত্রীর মধ্যে ইনসাফভিওিক বণ্টন।
২১৩১. মুসা ইবনে ইসমাঈল ..... আয়িশা (রাযিঃ) হতে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) তাঁর স্ত্রীদের মধ্যে ইনসাফভিত্তিক (সব কিছুই) বণ্টন করতেন এবং বলতেন, হে আল্লাহ্! আমার পক্ষে যা সম্ভব, আমি তা করছি। আর আপনি যার মালিক (অন্তরের) এবং আমি নই, সে ব্যাপারে আমাকে দোষারোপ করবেন না।
كتاب النكاح
باب فِي الْقَسْمِ بَيْنَ النِّسَاءِ
حَدَّثَنَا مُوسَى بْنُ إِسْمَاعِيلَ، حَدَّثَنَا حَمَّادٌ، عَنْ أَيُّوبَ، عَنْ أَبِي قِلاَبَةَ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ يَزِيدَ الْخَطْمِيِّ، عَنْ عَائِشَةَ، قَالَتْ كَانَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم يَقْسِمُ فَيَعْدِلُ وَيَقُولُ " اللَّهُمَّ هَذَا قَسْمِي فِيمَا أَمْلِكُ فَلاَ تَلُمْنِي فِيمَا تَمْلِكُ وَلاَ أَمْلِكُ " . يَعْنِي الْقَلْبَ .

হাদীসের ব্যাখ্যা:

উদ্দেশ্য এই যে, বসবাস ও আচার-আচরণ সম্পর্কিত বিষয়ে রাসূলুল্লাহ তাঁর পবিত্র স্ত্রীগণের সঙ্গে সমতা ও পূর্ণ ইনসাফ করতেন। এক জনের সাথে যে ব্যবহার ছিল তা সবার সাথে ছিল। তবে অন্তরের ভালবাসা ও হৃদয়ের টান এমন বিষয়, যার ওপর কোন মানুষের হাত নেই। তাঁরও হাত ছিল না। হৃদয়ের অবস্থা একরূপ ছিল না। এ জন্য আল্লাহ্ তা'আলার সমীপে নিবেদন পেশ করতেন "হে আল্লাহ। এ বিষয় আমার অধীনে নেই, আপনার অধীনে রয়েছে, সেজন্য অভিযুক্ত করবেন না বা হিসাব নেবেন না।" এটা ছিল তাঁর পরিপূর্ণ দাসত্বের প্রকাশ। তা না হলে কুরআন মজীদে তো রয়েছেঃ {لَا يُكَلِّفُ اللَّهُ نَفْسًا إِلَّا وُسْعَهَا } [البقرة: 286]
ব্যাখ্যা সূত্রঃ_ মা'আরিফুল হাদীস (মাওলানা মনযূর নোমানী রহ.)