কিতাবুস সুনান - ইমাম আবু দাউদ রহঃ
৬. বিবাহ-শাদীর অধ্যায়
হাদীস নং: ২১২৭
আন্তর্জাতিক নং: ২১৩০
বিবাহ-শাদীর অধ্যায়
১৩১. দম্পতির জন্য দুআ করা।
২১২৭. কুতায়বা ইবনে সাঈদ .... আবু হুরায়রা (রাযিঃ) হতে বর্ণিত। তিনি বলেন, নবী করীম (ﷺ) কোন মানুষের জন্য তার বিবাহের সময় এরূপ দুআ করতেন। তিনি বলতেনঃ (অর্থাৎ) আল্লাহ্ তোমার মঙ্গল সাধন করুন, তোমাকে উন্নতি দিন এবং তোমাদের উভয়ের মধ্যে সৎকাজে সহযোগিতা রাখুন।
كتاب النكاح
باب مَا يُقَالُ لِلْمُتَزَوِّجِ
حَدَّثَنَا قُتَيْبَةُ بْنُ سَعِيدٍ، حَدَّثَنَا عَبْدُ الْعَزِيزِ، - يَعْنِي ابْنَ مُحَمَّدٍ - عَنْ سُهَيْلٍ، عَنْ أَبِيهِ، عَنْ أَبِي هُرَيْرَةَ، أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم كَانَ إِذَا رَفَّأَ الإِنْسَانَ إِذَا تَزَوَّجَ قَالَ " بَارَكَ اللَّهُ لَكَ وَبَارَكَ عَلَيْكَ وَجَمَعَ بَيْنَكُمَا فِي خَيْرٍ " .
হাদীসের ব্যাখ্যা:
দুনিয়ার বিভিন্ন জাতি ও গোষ্ঠির মধ্যে বিয়ে শাদী উপলক্ষে মুবারকবাদ প্রদানের বিভিন্ন প্রথা চালু আছে। এ উপলক্ষে রাসুলুল্লাহ ﷺ স্বীয় শিক্ষা ও কার্যপ্রণালী দ্বারা এ পদ্ধতি নির্ধারণ করেছেন যে, উভয়ের জন্য আল্লাহর কাছে কল্যাণের দু'আ করা হবে। যার অর্থ আল্লাহ তা'আলা তোমাদেরকে পরিপূর্ণ কল্যাণ ও উত্তম জিনিস দান করুন ও তাঁর অনুগ্রহের বৃষ্টি বর্ষণ করুন। বিয়ে-শাদী মানুষের দৈহিক উত্তেজনা প্রশমনের অবলম্বন; তবে রাসূলুল্লাহ ﷺ এসব দু'আ শিক্ষা দিয়ে এটাকেও আল্লাহর নৈকট্য লাভের উপায় ও উৎকৃষ্ট কাজে পরিণত করেছেন।
ব্যাখ্যা সূত্রঃ_ মা'আরিফুল হাদীস (মাওলানা মনযূর নোমানী রহ.)