কিতাবুস সুনান - ইমাম আবু দাউদ রহঃ
৫. হজ্ব আদায়ের নিয়মাবলীর বিবরণ
হাদীস নং: ২০০১
আন্তর্জাতিক নং: ২০০৫
হজ্ব আদায়ের নিয়মাবলীর বিবরণ
৮৪. বিদায়ী তাওয়াফ।
২০০১. ওয়াহব ইবনে বাকিয়্যা (রাহঃ) ...... আয়িশা (রাযিঃ) হতে বর্ণিত। তিনি বলেন, আমি উমরার জন্য তানঈম নামক স্থান হতে ইহরাম বাঁধি। অতঃপর আমি (মক্কায়) প্রবেশ করে উমরা সম্পন্ন করি। এ সময় রাসূলুল্লাহ (ﷺ) আমার জন্য আবতাহ্ নামক স্থানে অপেক্ষায় ছিলেন। অতঃপর আমি উমরা সম্পন্ন করে ফেললে তিনি লোকদেরকে (মদীনার দিকে) গমনের জন্য নির্দেশ প্রদান করেন। আয়িশা (রাযিঃ) বলেন, এ সময় রাসূলুল্লাহ (ﷺ) বায়তুল্লাহ্ গমন করেন এবং বিদায়ী তাওয়াফ সম্পাদন করে (মদীনার উদ্দেশ্যে) রওয়ানা হন।
كتاب المناسك
باب طَوَافِ الْوَدَاعِ
حَدَّثَنَا وَهْبُ بْنُ بَقِيَّةَ، عَنْ خَالِدٍ، عَنْ أَفْلَحَ، عَنِ الْقَاسِمِ، عَنْ عَائِشَةَ، - رضى الله عنها - قَالَتْ أَحْرَمْتُ مِنَ التَّنْعِيمِ بِعُمْرَةٍ فَدَخَلْتُ فَقَضَيْتُ عُمْرَتِي وَانْتَظَرَنِي رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم بِالأَبْطَحِ حَتَّى فَرَغْتُ وَأَمَرَ النَّاسَ بِالرَّحِيلِ . قَالَتْ وَأَتَى رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم الْبَيْتَ فَطَافَ بِهِ ثُمَّ خَرَجَ .
হাদীসের ব্যাখ্যা:
হযরত আয়েশা রাযি. বিদায় হজ্বের সময় যখন মদীনা থেকে রওয়ানা হয়েছিলেন, তখন তিনি তামাত্তু হজ্বের ইচ্ছা করেছিলেন এবং এ জন্য উমরার ইহরাম বেঁধে ছিলেন। কিন্তু যখন মক্কা শরীফের কাছে পৌঁছলেন, তখন তার হায়েয শুরু হয়ে গেল, যে কারণে তিনি উমরার তাওয়াফ ইত্যাদি কিছুই করতে পারলেন না। অবশেষে তিনি রাসূলুল্লাহ (ﷺ)-এর নির্দেশে উমরা ছেড়ে দিয়ে ৮ই যিলহজ্ব হজ্বের ইহরাম বেঁধে নিলেন এবং তাঁর সাথে সম্পূর্ণ হজ্ব আদায় করলেন। ১৩ই যিলহজ্ব শয়তানকে কংকর নিক্ষেপ করে রাসূলুল্লাহ (ﷺ) যখন ফিরে আসলেন, তখন আবতাহ নামক স্থানে অবতরণ করলেন এবং এখানেই রাত কাটাবার সিদ্ধান্ত নিলেন। ঐ রাতেই তিনি হযরত আয়েশাকে তার ভাই আব্দুর রহমান ইবনে আবু বকরের সাথে পাঠালেন, যেন তিনি হারামের সীমানার বাইরে তানয়ীমে গিয়ে সেখান থেকে উমরার ইহরাম বেঁধে উমরা আদায় করে এখানে এসে যান। এ হাদীসে ঐ ঘটনার কথাই বলা হয়েছে। হযরত আয়েশা যখন উমরা সমাধা করে আসলেন, তখন তিনি কাফেলাকে রওয়ানা হওয়ার হুকুম দিলেন। কাফেলা আবতাহ থেকে মসজিদুল হারামে আসল। হুযুর (ﷺ) এবং তাঁর সাথীগণ শেষ রাতে বিদায়ী তাওয়াফ করলেন এবং তখনই মদীনার উদ্দেশ্যে রওয়ানা হয়ে গেলেন।
হযরত আয়েশা রাযি.-এর এ উমরাটি ঐ উমরার কাযা ছিল, যা ইহরাম বাঁধা সত্ত্বেও তিনি তখন করতে পারেননি। এ হাদীস থেকে জানা গেল যে, বিদায়ী তাওয়াফ মক্কা শরীফ থেকে বিদায়ের সময়ই করা চাই।
হযরত আয়েশা রাযি.-এর এ উমরাটি ঐ উমরার কাযা ছিল, যা ইহরাম বাঁধা সত্ত্বেও তিনি তখন করতে পারেননি। এ হাদীস থেকে জানা গেল যে, বিদায়ী তাওয়াফ মক্কা শরীফ থেকে বিদায়ের সময়ই করা চাই।
ব্যাখ্যা সূত্রঃ_ মা'আরিফুল হাদীস (মাওলানা মনযূর নোমানী রহ.)