মা'আরিফুল হাদীস

গুণাবলী ও ফযীলত অধ্যায়

হাদীস নং: ১৮৮
গুণাবলী ও ফযীলত অধ্যায়
হযরত আলী রাযি.-এর ফযীলত ও মর্যাদা
১৮৮. হযরত আলী রাযি. থেকে বর্ণিত যে, নবী করীম (ﷺ) একদিন হযরত হাসান ও হুসাইনের হাত ধরলেন। তারপর বললেন, যে ব্যক্তি আমাকে ভালবাসে, এ দু'জনকে ভালবাসে এবং তাদের পিতা মাতা (হযরত আলী ও ফাতেমা)-কে ভালবাসে, সে কিয়ামতের দিন আমার মর্যাদায় আমার সাথে জান্নাতে থাকবে। (তিরমিযী)
کتاب المناقب والفضائل
عَنْ عَلِيِّ بْنِ أَبِي طَالِبٍ، أَنَّ رَسُولَ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَخَذَ بِيَدِ حَسَنٍ وَحُسَيْنٍ فَقَالَ: مَنْ أَحَبَّنِي وَأَحَبَّ هَذَيْنِ وَأَبَاهُمَا وَأُمَّهُمَا كَانَ مَعِي فِي دَرَجَتِي يَوْمَ القِيَامَةِ. (رواه الترمذى)

হাদীসের ব্যাখ্যা:

মা'আরিফুল হাদীসের এ সিরিজেই (২য় খণ্ড) বুখারী ও মুসলিমের বরাতে পাঠকবৃন্দ হযরত আনাস রাযি.-এর ঐ হাদীস পাঠ করে এসেছেন, যেখানে বর্ণনা করা হয়েছে যে, এক ব্যক্তি রাসূলুল্লাহ (ﷺ)এর খেদমতে উপস্থিত হয়ে জিজ্ঞসা করল: متى الساعة (কিয়ামত কবে আসবে?) তিনি বললেন, তুমি কিয়ামতের ব্যাপারে জিজ্ঞাসা করছ, তুমি এর জন্য কি প্রস্তুতি গ্রহণ করেছ? সে বলল, আমি কিয়ামতের জন্য বিশেষ কোন প্রস্তুতি গ্রহণ করিনি, তবে আমি আল্লাহ ও তাঁর রাসূলকে ভালবাসি। হুযুর (ﷺ) তখন বললে, أنت مع من أحببت অর্থ এই যে, তুমি নিশ্চিন্ত থাক, আখেরাতে তোমাকে তাদের সাথেই মিলিয়ে দেওয়া হবে, যাদের সাথে তোমার ভালবাসা রয়েছে। অর্থাৎ, যখন তোমার মধ্যে আমার প্রতি ভালবাসা রয়েছে, তখন তোমাকে আমার সাথেই করে দেওয়া হবে। এ হাদীসের রাবী হযরত আনাস রাযি. বলেন, হুযুর (ﷺ)-এর এ কথা শুনে সকল সাহাবায়ে কেরাম এমন খুশী হলেন যে, ইসলাম গ্রহণের পর তাদের এমন আনন্দ আর লাভ হয়নি। সামনে হযরত আনাস রাযি. নিজের ব্যাপারে বলেন:

فأنا أحب النبي صلى الله عليه وسلم وأبا بكر، وعمر، وأرجو أن أكون معهم بحبي إياهم

তাই আমার অবস্থা এই যে, আমি ভালবাসা রাখি রাসূলুল্লাহ (ﷺ)-এর প্রতি এবং আবু বকর ও উমরের প্রতি। আর আমি আশা করি যে, তাদেরকে ভালবাসার বদৌলতে আমি তাদের সাথে থাকব।
সারকথা, এটা আল্লাহ্ তা'আলার অনুগ্রহ বিধি যে, রাসূলুল্লাহ (ﷺ) এর সাথে এবং তাঁর প্রিয়পাত্রদের প্রতি ভালবাসা পোষণকারীদেরকে আখেরাতে তাঁর সাথে মিলিয়ে দেওয়া হবে। (আর নিঃসন্দেহে হযরত হাসান হুসাইন, তাদের মাতা ও হুযুর (ﷺ)-এর কলিজার টুকরা হযরত ফাতেমা এবং তাঁর সম্মানিত স্বামী ও হুযুর (ﷺ)-এর প্রিয় ভাই হযরত আলী রাযি.-এর তাঁর প্রিয়পাত্রদের মধ্যে বিশেষ অবস্থান রয়েছে।) অতএব, যেসব ভাগ্যবান মু'মিনদের অন্তরে আল্লাহর মাহবুব মুহাম্মাদুর রাসূলুল্লাহ (ﷺ)এর ভালবাসা এবং তাঁর প্রিয়পাত্রদের ভালবাসা থাকবে, আল্লাহ্ তা'আলার এ অনুগ্রহনীতির অধীনে তারা আখেরাতে ও জান্নাতে হুযুর (ﷺ)-এর সাথে থাকবে। আল্লাহ তা'আলা এ অধম সংকলক ও পাঠকদেরকে তাঁর ভালবাসা, তাঁর মাহবুব হুযূর (ﷺ) এর ভালবাসা এবং তাঁর প্রিয়পাত্রদের ভালবাসা নসীব করুন।
ব্যাখ্যা সূত্রঃ_ মা'আরিফুল হাদীস (মাওলানা মনযূর নোমানী রহ.)
tahqiqতাহকীক:তাহকীক চলমান
মা'আরিফুল হাদীস - হাদীস নং ১৮৮ | মুসলিম বাংলা