মা'আরিফুল হাদীস

গুণাবলী ও ফযীলত অধ্যায়

হাদীস নং: ১৭০
গুণাবলী ও ফযীলত অধ্যায়
হযরত উসমান যিন্নুরাইন রাযি.-এর ফযীলত ও মর্যাদা
১৭০. হযরত আবূ সাহলা থেকে বর্ণিত, তিনি বলেন, হযরত উসমান রাযি. গৃহবন্দী অবস্থায় আমাকে বিশেষভাবে একটি ওসিয়্যত করেছিলেন। আমি ধৈর্যের সাথে ঐ ওসিয়্যতের উপর আমল করার সিদ্ধান্ত নিয়েছি। -তিরমিযী
کتاب المناقب والفضائل
عَنْ أَبِي سَهْلَةَ، قَالَ: قَالَ لِىْ عُثْمَانُ يَوْمَ الدَّارِ: إِنَّ رَسُولَ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَدْ عَهِدَ إِلَيَّ عَهْدًا فَأَنَا صَابِرٌ عَلَيْهِ. (رواه الترمذى)

হাদীসের ব্যাখ্যা:

এই আবু সাহলা হযরত উসমান রাযি.-এর আযাদকৃত গোলাম ছিলেন। তিনি অবরোধের সময় হযরত উসমানের কাছে ছিলেন এবং অন্যান্য সহানুভূতিশীল ও বিশ্বস্ত বন্ধুদের সাথে তিনিও চাইতেন যে, বিদ্রোহীদের বিরুদ্ধে শক্তি প্রয়োগ করা হোক। সম্ভবতঃ এ কথাটিই তিনি হযরত উসমানের খেদমতে নিবেদন করেছিলেন। যার উত্তরে হযরত উসমান রাযি. হুযুর (ﷺ)-এর এ নির্দেশ ও ওসিয়্যতের বরাত দিলেন- যা হযরত আয়েশা বর্ণিত উপরের হাদীসে উল্লেখ করে আসা হয়েছে।

এটাই ছিল রাসূলুল্লাহ (ﷺ)-এর ঐ বিশেষ নির্দেশ ও ওসিয়্যত, যা পালন করতে গিয়ে হযরত উসমান রাযি. বিদ্রোহী ও হাঙ্গামা সৃষ্টিকারীদের দাবীর মুখে খেলাফত থেকে অব্যাহতি নিতে রাজী হলেন না; বরং এর বিপরীত মজলুম অবস্থায় শহীদ হয়ে যাওয়ার সিদ্ধান্ত নিলেন, যার ভবিষ্যদ্বাণী রাসূলুল্লাহ (ﷺ) বিভিন্ন সময়ে একাধিকবার করেছিলেন।
ব্যাখ্যা সূত্রঃ_ মা'আরিফুল হাদীস (মাওলানা মনযূর নোমানী রহ.)
tahqiqতাহকীক:তাহকীক চলমান