মা'আরিফুল হাদীস

গুণাবলী ও ফযীলত অধ্যায়

হাদীস নং: ১৬৬
গুণাবলী ও ফযীলত অধ্যায়
হযরত উসমান যিন্নুরাইন রাযি.-এর ফযীলত ও মর্যাদা
১৬৬. হযরত আবূ মূসা আশআরী রাযি. থেকে বর্ণিত, তিনি বলেন, আমি নবী করীম (ﷺ) এর সাথে মদীনার এক বাগানে ছিলাম। এমন সময় এক ব্যক্তি আসল এবং দরজা খুলে দিতে অনুরোধ করল। নবী করীম (ﷺ) বললেন, তাঁর জন্য দরজা খুলে দাও এবং তাঁকে জান্নাতের সুসংবাদ দান কর। আমি তাঁর জন্য দরজা খুলে দিলাম এবং দেখলাম যে, ইনি হচ্ছেন আবু বকর রাযি.। আমি তাঁকে জান্নাতের সুসংবাদ দিলাম। তিনি আল্লাহর প্রশংসা ও শুকরিয়া আদায় করলেন। তারপর আরেক ব্যক্তি আসল এবং দরজা খুলে দেওয়ার জন্য অনুরোধ করল। নবী করীম (ﷺ) বললেন, তাঁর জন্যও দরজা খুলে দাও এবং তাঁকেও জান্নাতের সুসংবাদ দান কর। আমি দরজা খুলে দিলাম এবং দেখলাম যে, ইনি হচ্ছেন হযরত উমর রাযি.। আমি তাঁকে ঐ কথা শুনিয়ে দিলাম, যা রাসূলুল্লাহ (ﷺ) বলেছিলেন। তিনিও আল্লাহর প্রশংসা ও শুকরিয়া আদায় করলেন। তারপর আরেক ব্যক্তি এসে দরজা খোলার জন্য অনুরোধ করল। রাসূলুল্লাহ (ﷺ) আমাকে বললেন, তার জন্যও দরজা খুলে দাও এবং তাঁকেও জান্নাতের সুসংবাদ দাও একটি বড় বিপদের সাথে, যা তাঁর উপর আসবে। আমি (দরজা খুলে দিয়ে) দেখলাম যে, ইনি হযরত উসমান রাযি.। আমি তাঁকে ঐ কথা বলে দিলাম- যা রাসূলুল্লাহ (ﷺ) তাঁর বেলায় বলেছিলেন। তিনিও আল্লাহর প্রশংসা ও তাঁর শুকরিয়া আদায় করলেন। তারপর বললেন, الله المستعان (অর্থাৎ আগত বিপদে আল্লাহই আমার সহায়।) -বুখারী, মুসলিম
کتاب المناقب والفضائل
عَنْ أَبِي مُوسَى الْاَشْعَرِىْ، قَالَ: كُنْتُ مَعَ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي حَائِطٍ مِنْ حِيطَانِ المَدِينَةِ فَجَاءَ رَجُلٌ فَاسْتَفْتَحَ، فَقَالَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «افْتَحْ لَهُ وَبَشِّرْهُ بِالْجَنَّةِ» فَفَتَحْتُ لَهُ، فَإِذَا أَبُو بَكْرٍ، فَبَشَّرْتُهُ بِمَا قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَحَمِدَ اللَّهَ، ثُمَّ جَاءَ رَجُلٌ فَاسْتَفْتَحَ، فَقَالَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «افْتَحْ لَهُ وَبَشِّرْهُ بِالْجَنَّةِ»، فَفَتَحْتُ لَهُ فَإِذَا هُوَ عُمَرُ، فَأَخْبَرْتُهُ بِمَا قَالَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَحَمِدَ اللَّهَ، ثُمَّ اسْتَفْتَحَ رَجُلٌ، فَقَالَ لِي: «افْتَحْ لَهُ وَبَشِّرْهُ بِالْجَنَّةِ، عَلَى بَلْوَى تُصِيبُهُ»، فَإِذَا عُثْمَانُ، فَأَخْبَرْتُهُ بِمَا قَالَ النَّبِىُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فَحَمِدَ اللَّهَ، ثُمَّ قَالَ: اللَّهُ المُسْتَعَانُ. (رواه البخارى ومسلم)

হাদীসের ব্যাখ্যা:

হাদীসে 'বাগান' এর জন্য حائط শব্দ ব্যবহার করা হয়েছে। حائط ঐ বাগানকে বলা হয়, যার চতুর্দিকে বেষ্টনী দেওয়া থাকে। এতে প্রবেশের জন্য দরজা থাকে। এ হাদীসে এ ঘটনা বর্ণনা করা হয়েছে যে, রাসূলুল্লাহ (ﷺ) মদীনার এ জাতীয় কোন বাগানেই অবস্থান করছিলেন এবং তখন কেবল আবূ মূসা আশআরীই তাঁর কাছে ছিলেন। (এ হাদীসেরই অন্য এক বর্ণনায় একথাও রয়েছে যে, রাসূলুল্লাহ (ﷺ) তাঁকে নির্দেশ দিয়েছিলেন যে, তিনি যেন দরজায় পাহারা দেন এবং কাউকে বিনা অনুমতিতে ভিতরে আসতে না দেন।) এমন সময় এক ব্যক্তি দরজা খুলে ভিতরে আসতে চাইল। হুযূর (ﷺ) আবু মূসা আশআরীকে বললেন যে, তাঁর জন্য দরজা খুলে দাও এবং তাঁকে জান্নাতের সুসংবাদ দিয়ে দাও। আবূ মূসা আশআরীর জানা ছিল না যে, এ আগন্তুক কে। যখন দরজা খুললেন তখন দেখলেন যে, তিনি হযরত আবু বকর রাযি.। আবূ মূসা তখন তাঁকে ঐ কথা শুনিয়ে দিলেন, যা হুযুর (ﷺ) বলেছিলেন এবং জান্নাতের সুসংবাদ দিলেন। হযরত আবূ বকর রাযি. জান্নাতের সুসংবাদ শুনে আল্লাহর প্রশংসা ও শুকরিয়া আদায় করলেন। তারপর হযরত উমর রাযি. দরজা খুলে ভিতরে আসতে চাইলেন। হুযুর (ﷺ) আবু মুসাকে তাই বললেন, যা এর পূর্বে হযরত আবু বকরের জন্য বলেছিলেন। আবু মুসা রাযি.-এর জানা ছিল না যে, এবার যিনি এসেছেন তিনি কে? যখন দরজা খুললেন, তখন দেখলেন যে, ইনি হযরত উমর রাযি.। তিনি তাঁকে জান্নাতের সুসংবাদ দিলেন। হযরত উমর রাযি. ও সুসংবাদ শুনে আল্লাহর প্রশংসা ও শুকরিয়া আদায় করলেন। এরপর তৃতীয় এক ব্যক্তি এসে দরজা খোলার অনুরোধ করলেন এবং ভিতরে আসতে চাইলেন। হুযুর (ﷺ) হযরত আবু মুসা আশআরীকে বললেন যে, তাঁর জন্যও দরজা খুলে দাও এবং তাঁকে জান্নাতের সুসংবাদ দাও- তাঁর উপর আগত একটি বিপদের সাথে। আবু মুসা আশআরীর জানা ছিল না যে, এবারের আগন্তুক কে। তিনি যখন হুযুর (ﷺ)-এর নির্দেশ অনুযায়ী দরজা খুললেন, তখন দেখলেন যে, তিনি হযরত উসমান ইবনে আফফান রাযি.। তিনি তাঁকে ঐ কথা শুনিয়ে দিলেন, যা হুযুর (ﷺ) বলেছিলেন এবং জান্নাতের সুসংবাদ দিলেন। এর সাথে এ কথাও বলে দিলেন যে, তিনি একটি বিরাট পরীক্ষা ও বিপদের সম্মুখীন হবেন। হযরত উসমান রাযি. জান্নাতের সুসংবাদ লাভে আল্লাহর প্রশংসা ও শুকরিয়া আদায় করলেন এবং বিপদের কথা শুনে বললেনঃ । الله المستعان (আল্লাহই আমার সাহায্যকারী।) হযরত উসমান রাযি.-এর উপর এ বিপদের কিছুটা বিস্তারিত আলোচনা সামনের হাদীসসমূহ থেকে জানা যাবে।
ব্যাখ্যা সূত্রঃ_ মা'আরিফুল হাদীস (মাওলানা মনযূর নোমানী রহ.)
tahqiqতাহকীক:তাহকীক চলমান
মা'আরিফুল হাদীস - হাদীস নং ১৬৬ | মুসলিম বাংলা