মা'আরিফুল হাদীস

গুণাবলী ও ফযীলত অধ্যায়

হাদীস নং: ১৬৫
গুণাবলী ও ফযীলত অধ্যায়
হযরত উসমান যিন্নুরাইন রাযি.-এর ফযীলত ও মর্যাদা
১৬৫. হযরত মুররাহ ইবনে কা'ব রাযি. থেকে বর্ণিত, তিনি বলেন, আমি রাসূলুল্লাহ (ﷺ)কে (এক ভাষণে বলতে) শুনেছি। এ ভাষণে তিনি বিভিন্ন ফেতনার কথা আলোচনা করছিলেন এবং এগুলো যে নিকটবর্তী সময়েই প্রকাশিত হবে, একথাও উল্লেখ করছিলেন। এমন সময় কাপড়ে মাথা ঢেকে এক ব্যক্তি যাচ্ছিল। তিনি তার দিকে ইশারা করে বললেন, এ লোকটি ঐ ফেতনার সময় সঠিক পথে থাকবে। (বর্ণনাকারী বলেন, আমি এ কথা শুনে) তার নিকট গেলাম, (যাতে লোকটা কে তা চিনতে পারি।) লক্ষ করে দেখলাম যে, তিনি হযরত উসমান রাযি.। আমি তাঁর দিকে ইশারা করে জিজ্ঞাসা করলাম, ইনিই কি তিনি? (যার ব্যাপারে আপনি বলেছেন যে, ফেতনার সময় হেদায়াত ও সঠিক পথে থাকবে?) তিনি উত্তরে বললেন, হ্যাঁ। -তিরমিযী, ইবনে মাজাহ্
کتاب المناقب والفضائل
عَنْ مُرَّةُ بْنُ كَعْبٍ قَالَ: سَمِعْتُ مِنْ رَسُولِ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ وَذَكَرَ الفِتَنَ فَقَرَّبَهَا، فَمَرَّ رَجُلٌ مُقَنَّعٌ فِي ثَوْبٍ فَقَالَ: هَذَا يَوْمَئِذٍ عَلَى الهُدَى، فَقُمْتُ إِلَيْهِ فَإِذَا هُوَ عُثْمَانُ بْنُ عَفَّانَ. قَالَ: فَأَقْبَلْتُ عَلَيْهِ بِوَجْهِهِ، فَقُلْتُ: هَذَا؟ قَالَ: نَعَمْ. (رواه الترمذى وابن ماجه)

হাদীসের ব্যাখ্যা:

হাদীসটির কোন ব্যাখ্যা বিশ্লেষণের প্রয়োজন নেই। এর মর্ম সম্পূর্ণ স্পষ্ট যে, হুযূর (ﷺ) আল্লাহ প্রদত্ত সংবাদের ভিত্তিতে ভবিষ্যদ্বাণী হিসাবে হযরত উসমান রাযি.-এর ব্যাপারে নিজের এ ভাষণে ঘোষণা করেছেন যে, আমার পর নিকটবর্তী সময়ে যেসব ফেতনা উম্মতের উপর আসবে, এগুলোতে হযরত উসমান ইবনে আফফান রাযি. হেদায়াত ও সঠিক পথের উপর থাকবে। এ কথা সুবিদিত যে, হুযুর (ﷺ)-এর পর উম্মতের মধ্যে সবচেয়ে বড় ও সর্বপ্রথম ফেতনা স্বয়ং হযরত উসমান রাযি.-এর বিরুদ্ধে মাথাচাড়া দিয়ে উঠা ফেতনা ছিল, যাতে তিনি অত্যন্ত নির্দয় ও নির্মমভাবে শহীদ হন, যেমন সামনে উল্লিখিত হাদীসসমূহ থেকেও জানা যাবে।

রাসূলুল্লাহ (ﷺ)-এর এ জাতীয় বাণী সমূহের আলোকেই আহলে সুন্নতের আকীদা এই যে, ফেতনার যুগে হযরত উসমান রাযি. সত্য ও হেদায়াতের উপর ছিলেন এবং তাঁর বিরুদ্ধবাদীরা যারা ফেতনা খাড়া করেছিল- গোমরাহ ও পথভ্রষ্ট ছিল।
نعُوذ بالله تعالى من الشرور والفتن ما ظهر منها وما بطن
ব্যাখ্যা সূত্রঃ_ মা'আরিফুল হাদীস (মাওলানা মনযূর নোমানী রহ.)
tahqiqতাহকীক:তাহকীক চলমান
মা'আরিফুল হাদীস - হাদীস নং ১৬৫ | মুসলিম বাংলা