মা'আরিফুল হাদীস
গুণাবলী ও ফযীলত অধ্যায়
হাদীস নং: ১৪৮
গুণাবলী ও ফযীলত অধ্যায়
ফারুকে আযম হযরত উমর ইবনুল খাত্তাব রাযি.-এর ফযীলত ও মর্যাদা
১৪৮. হযরত উকবা ইবনে আমের রাযি. থেকে বর্ণিত, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন: আমার পর যদি কেউ নবী হত তাহলে উমর ইবনুল খাত্তাবই হত। -তিরমিযী
کتاب المناقب والفضائل
عَنْ عُقْبَةَ بْنِ عَامِرٍ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: لَوْ كَانَ بَعْدِي نَبِيٌّ لَكَانَ عُمَرَ بْنَ الْخَطَّابِ. (رواه الترمذى)
হাদীসের ব্যাখ্যা:
মর্ম এই যে, আল্লাহ তা'আলা নবুওয়াতের ধারা আমার উপর খতম করে দিয়েছেন এবং কিয়ামত পর্যন্ত নবুওয়াতের দরজা বন্ধ হয়ে গিয়েছে। (যার ঘোষণা কুরআন পাকেও দিয়ে দেওয়া হয়েছে।) যদি আল্লাহ তা'আলার পক্ষ থেকে এ সিদ্ধান্ত না দিয়ে দেওয়া হত এবং আমার পরেও নবুওয়াতের ধারা চালু থাকত, তাহলে উমর ইবনুল খাত্তাব স্বীয় আত্মিক বৈশিষ্ট্যের কারণে এর উপযুক্ত ছিলেন যে, তাঁকে নবী বানিয়ে নেওয়া হত। এ হাদীসেও তাঁর ঐ বিশেষ গুণ ও অনন্য বৈশিষ্ট্যের দিকে ইশারা রয়েছে, যার উল্লেখ উপরের হাদীসসমূহে করা হয়েছে, অর্থাৎ, আল্লাহ তা'আলার পক্ষ থেকে তাঁর অন্তরে হক ও সত্যের উদয় এবং ইলহামের আধিক্য।
ব্যাখ্যা সূত্রঃ_ মা'আরিফুল হাদীস (মাওলানা মনযূর নোমানী রহ.)