মা'আরিফুল হাদীস

গুণাবলী ও ফযীলত অধ্যায়

হাদীস নং: ১৪৩
গুণাবলী ও ফযীলত অধ্যায়
হযরত আবূ বকর সিদ্দীক রাযি.-এর ফযীলত ও মর্যাদা
১৪৩. হযরত উমর রাযি. থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) আমাদেরকে দান করার (অর্থাৎ, আল্লাহর রাহে মাল-সম্পদ পেশ করার) নির্দেশ দিলেন। এ হুকুমটি এমন সময় দিলেন, যখন আমার নিকট প্রচুর সম্পদ ছিল। আমি (মনে মনে) বললাম, আমি যদি কখনো আবু বকর রাযি. থেকে অগ্রগামী হতে পারি, তাহলে আজ অগ্রগামী হতে পারব। হযরত উমর রাযি. বলেন, আমি বাড়ীতে আসলাম এবং ঘরে যে সম্পদ ছিল, সেখান থেকে পূর্ণ অর্ধেক নিয়ে খেদমতে পেশ করলাম। রাসূলুল্লাহ (ﷺ) আমাকে জিজ্ঞাসা করলেন, তোমার পরিবার-পরিজনের জন্য কতটুকু অবশিষ্ট রেখে এসেছ? আমি উত্তর দিলাম, যতটুকু এখানে নিয়ে এসেছি এতটুকুই পরিবারের জন্য রেখে এসেছি। অপরদিকে আবূ বকর রাযি. তাঁর নিকট যা ছিল, এর সবটুকুই নিয়ে আসলেন। রাসূলুল্লাহ (ﷺ) জিজ্ঞাসা করলেন, আবু বকর। তোমার পরিবার-পরিজনের জন্য কি রেখে এসেছ? তিনি উত্তর দিলেন, তাঁদের জন্য আল্লাহ্ ও তাঁর রাসূলকে রেখে এসেছি। হযরত উমর রাযি. বলেন, আমি তখন (মনে মনে) বললাম, আমি কখনো কোন বিষয়ে আবু বকর রাযি. থেকে অগ্রগামী হতে পারব না। -তিরমিযী, আবু দাউদ
کتاب المناقب والفضائل
عَنْ عُمَرَ قَالَ: أَمَرَنَا رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ أَنْ نَتَصَدَّقَ، وَوَافَقَ ذَلِكَ مَالًا عِنْدِي، فَقُلْتُ: الْيَوْمَ أَسْبِقُ أَبَا بَكْرٍ إِنْ سَبَقْتُهُ يَوْمًا. قال: فَجِئْتُ بِنِصْفِ مَالِي، فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «مَا أَبْقَيْتَ لِأَهْلِكَ؟» قُلْتُ: مِثْلَهُ، قَالَ: فَأَتَى أَبُو بَكْرٍ بِكُلِّ مَا عِنْدَهُ. فَقَالَ: «يَا أَبَا بَكْرٍ مَا أَبْقَيْتَ لِأَهْلِكَ؟» فَقَالَ: أَبْقَيْتُ لَهُمُ اللَّهَ وَرَسُولَهُ. قُلْتُ: لَا أُسَابِقُكَ إِلَى شَيْءٍ أَبَدًا. (رواه الترمذى وابوداؤد)

হাদীসের ব্যাখ্যা:

হতে পারে যে, হযরত উমর রাযি. যিনি নিজ সম্পদের অর্ধেক নিয়ে এসেছিলেন, সেটা পরিমাণে হযরত আবু বকর রাযি.-এর আনীত সম্পদ থেকে বেশী হবে। কিন্তু আবূ বকর রাযি.-এর এ কাজ ও অবস্থাটি যে, তিনি পরিবারের জন্য কিছুই রেখে আসলেন না, কেবল আল্লাহ ও রাসূলের প্রতি ঈমান এবং তাদের সন্তুষ্টি কামনাকে সবকিছু মনে করে এর উপর তুষ্ট রইলেন, নিঃসন্দেহে এটা বড় উঁচু মাকাম।
ব্যাখ্যা সূত্রঃ_ মা'আরিফুল হাদীস (মাওলানা মনযূর নোমানী রহ.)
tahqiqতাহকীক:তাহকীক চলমান