মা'আরিফুল হাদীস

গুণাবলী ও ফযীলত অধ্যায়

হাদীস নং: ১০৫
গুণাবলী ও ফযীলত অধ্যায়
রাসূলুল্লাহ (ﷺ)-এর জন্ম নবুওয়াত লাভ, ওহীর সূচনা ও জীবনকাল
১০৫. হযরত আনাস রাযি. থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) ইন্তিকাল করেন, যখন তাঁর বয়স ছিল তেষট্টি বছর। হযরত আবূ বকর সিদ্দীক রাযি. ইন্তিকাল করেন, যখন তাঁর বয়স ছিল তেষট্টি বছর। হযরত উমর রাযি. ও ইন্তিকাল করেন, যখন তাঁর বয়স ছিল তেষট্টি বছর। -মুসলিম
کتاب المناقب والفضائل
عَنْ أَنَسٍ قَالَ قُبِضَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ وَهُوَ ابْنُ ثَلاَثٍ وَسِتِّينَ وَأَبُو بَكْرٍ وَهُوَ ابْنُ ثَلاَثٍ وَسِتِّينَ وَعُمَرُ وَهُوَ ابْنُ ثَلاَثٍ وَسِتِّينَ. (رواه مسلم)

হাদীসের ব্যাখ্যা:

হযরত আবূ বকর সিদ্দীক ও উমর ফারুক রাযি.-এর রাসূলুল্লাহ (ﷺ) এর সাথে যে বিশেষ সম্বন্ধ ছিল, এর একটি বহিঃপ্রকাশ এও ছিল যে, হুযূর (ﷺ)-এর ন্যায় ঐ দু'জনও তেষট্টি বছর বয়সেই ইন্তিকাল করেন। এরই আরেকটি বহিঃপ্রকাশ এটাও যে, ওফাতের পর এ দু'জন রওযা শরীফে হুযুর (ﷺ)-এর সাথে দাফন হয়ে আছেন। কিয়ামতের আলামত অধ্যায়ে ঐ হাদীস অতিক্রান্ত হয়েছে, যেখানে বলা হয়েছে যে, কিয়ামতের দিন যখন হুযূর '(ﷺ) কবর শরীফ থেকে উঠে হাশরের ময়দানে অথবা আল্লাহর দরবারের দিকে যাবেন, তখন তাঁর এ দুই সাথী তাঁর ডানে-বামে থাকবেন।

সামনে হযরত আবূ বকর ও উমরের ফযীলত অধ্যায়ে ইন্‌শাআল্লাহ্ হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাযি.-এর রিওয়ায়াত উল্লেখ করা হবে, যেখানে তিনি বলেছেন যে, যখন হযরত উমর ফারুক রাযি.-এর ওফাত হল, তখন হযরত আলী রাযি. রাসূলুল্লাহ্ (ﷺ)-এর সাথে শায়খাইনের (হযরত আবু বকর ও উমর) এই বিশেষ সম্পর্কের কথা স্বয়ং রাসূলুল্লাহ্ (ﷺ)-এর বাণীর বরাত দিয়ে অত্যন্ত স্পষ্ট ভাষায় তুলে ধরেছিলেন।
ব্যাখ্যা সূত্রঃ_ মা'আরিফুল হাদীস (মাওলানা মনযূর নোমানী রহ.)
tahqiqতাহকীক:তাহকীক চলমান