মা'আরিফুল হাদীস
কিয়ামতের আলামতসমূহ অধ্যায়
হাদীস নং: ৮৬
কিয়ামতের আলামতসমূহ অধ্যায়
হযরত মাহদীর আগমন, তাঁর মাধ্যমে অনুষ্ঠিতব্য বিপ্লব
৮৬. হযরত জাবির (রা) থেকে বর্ণিত, রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন, শেষ যুগে এক খলীফা (অর্থাৎ ন্যায়পরায়ণ সুলতান) হবে, যে মাল বণ্টন করবে, আর গুণে গুণে দেবে না। (সহীহ মুসলিম)
کتاب علاماتِ قیامت
عَنْ جَابِرٍ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: يَكُونُ فِي آخِرِ الزَّمَانِ خَلِيفَةٌ يَقْسِمُ الْمَالَ وَلاَ يَعُدُّهُ. (رواه مسلم)
হাদীসের ব্যাখ্যা:
প্রকাশ থাকে যে, রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম-এর এই বাণীর উদ্দেশ্য ও দাবি কেবল এই যে, শেষ যুগে আমার উম্মতের মধ্যে এমন এক সুলতান ও শাসক হবে যার রাজত্বকালে আল্লাহ্ তা'আলার নিকট হতে বিরাট বরকত এবং ধন-দৌলতের আধিক্য হবে। স্বয়ং তার মধ্যে বদান্যতা থাকবে। সে ধন-দৌলতকে সঞ্চয় করে রাখবে না, বরং গণনা ও হিসাব ছাড়াই উপযুক্ত লোকদের মধ্যে বন্টন করে দেবে। সহীহ মুসলিমেরই অন্য এক বর্ণনায় এ শব্দ এসেছে- يَحْثُو المالَ حَثْيًا، لا يَعُدُّهُ عَدَدًا. -যার অর্থ এই যে, তিনি উভয় হাতে যোগ্য ব্যক্তিকে পরিপূর্ণ দান করবেন এবং গণনা ও হিসাব করবেন না। হাদীসের কোন কোন ভাষ্যকার অভিমত ব্যক্ত করেছেন যে, আলোচ্য হাদীসে যে খলীফার উল্লেখ করা হয়েছে সম্ভবত তিনি মাহদীই হবেন। কেননা, হাদীস থেকে জানা যায়, তাঁর যুগে আল্লাহ্ তা'আলার নিকট হতে অসাধারণ বরকতসমূহ প্রকাশ পাবে, আর ধন-দৌলতের প্রাচুর্য হবে। (আল্লাহই ভাল জানেন)
ব্যাখ্যা সূত্রঃ_ মা'আরিফুল হাদীস (মাওলানা মনযূর নোমানী রহ.)