মা'আরিফুল হাদীস

বিপর্যয় ও ফিতনা অধ্যায়

হাদীস নং: ৭১
বিপর্যয় ও ফিতনা অধ্যায়
উম্মতে সৃষ্টি লাভকারী ফিতনাসমূহের বর্ণনা
৭১. হযরত যুবাইর ইবনে 'আদী তাবিঈ থেকে বর্ণিত, তিনি বলেন, আমরা হযরত আনাস ইবনে মালিক (রা)-এর দরবারে হাযির হলাম। আমরা তাঁকে হাজ্জাজের অত্যাচারের অভিযোগ করলাম। তিনি বললেন, (এই অত্যাচার ও মুসীবতের ওপর) ধৈর্য ধারণ কর। আর বিশ্বাস কর, যে যুগ তোমাদের প্রতি আসবে তার পরের যুগ তার থেকে নিকৃষ্ট হবে। এমনকি তোমাদের আত্মা স্বীয় প্রতিপালকের সাথে মিলিত হবে। এ কথা আমি তোমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম-এর নিকট থেকে শুনেছি। (সহীহ বুখারী)
کتاب الفتن
عَنِ الزُّبَيْرِ بْنِ عَدِيٍّ قَالَ أَتَيْنَا أَنَسَ بْنَ مَالِكٍ فَشَكَوْنَا إِلَيْهِ مَا نَلْقَى مِنَ الْحَجَّاجِ فَقَالَ: اصْبِرُوا، فَإِنَّهُ لاَ يَأْتِي عَلَيْكُمْ زَمَانٌ إِلاَّ الَّذِي بَعْدَهُ شَرٌّ مِنْهُ، حَتَّى تَلْقَوْا رَبَّكُمْ. سَمِعْتُهُ مِنْ نَبِيِّكُمْ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ. (رواه البخارى)

হাদীসের ব্যাখ্যা:

মা'আরিফুল হাদীসের এই ধারাবাহিকতায় এ কথা উল্লেখ করা হয়েছে যে, রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম-এর সাহাবায়ে কিরামের মধ্যে তাঁর বিশেষ খাদিম হযরত আনাস ইবনে মালিক (রা) কে আল্লাহ্ তা'আলা দীর্ঘ জীবন দান করেছিলেন। হুযুর সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম-এর ইন্তিকালের পর তিনি প্রায় আশি বছর জীবিত ছিলেন। এবং বসরায় অবস্থান করছিলেন। হযরত মু'আবীয়্যা (রা) এর পর বনু উমাইয়্যাদের যে যুগ ছিল তাতে হাজ্জাজ সাকাফীর যুলুম ও তার রক্ত তৃষ্ণা ছিল প্রবাদ বাক্যস্বরূপ। হযরত যুবাইর ইবনে 'আদী একজন তাবিঈ। তিনি বর্ণনা করেন, আমরা হযরত আনাস ইবনে মালিক (রা)-এর খিদমতে উপস্থিত হই এবং আমরা তাঁর নিকট হাজ্জাজের অত্যাচারের অভিযোগ পেশ করি। তিনি বললেন, যা কিছু হচ্ছে ধৈর্য ও স্থৈর্য দ্বারা এর মুকাবালা কর। সামনে এর থেকেও অধিক মন্দ আগমনকারী যুগ। আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম থেকে শুনেছি, তিনি বলেছিলেন, পরবর্তী যুগ পূর্ববর্তী যুগ থেকে মন্দই হবে।

ঘটনা এই যে, হুযূরের বাণীর সম্পর্ক কেবল রাষ্ট্র ও রাষ্ট্রীয় কর্ণধারদের সাথে নয়, বরং সাধারণ উম্মতের সাধারণ অবস্থা তিনি বলেছেন যে, পরবর্তী যুগ পূর্ববর্তী যুগ থেকে মন্দই হবে। আর এতে কোন সন্দেহ নেই। এটা দেখা যাচ্ছে। নিঃসন্দেহে হাজ্জাজ এরূপই ছিল, যেমন তাকে জানা যায়। এছাড়া তখন শাসক শ্রেণীর মধ্যে আরো ছিলেন যাদের মধ্যে মন্দ ছিল। কিন্তু তখন উম্মতের এক বিশেষ সংখ্যক সাহাবা কিরাম বর্তমান ছিলেন। বুযুর্গ তাবিঈ'গণ যারা সাহাবা কিরামের পর উম্মতের মধ্যে সর্বাধিক উত্তম তাঁরা বর্তমান ছিলেন। সাধারণ মু'মিনগণের মধ্যেও যোগ্যতা এবং তাকওয়া ছিল। পরবর্তী সব যুগ সামগ্রিকভাবে এর তুলনায় নিঃসন্দেহে মন্দই ছিল।

ইতিহাস সাক্ষী, অতীত ও ভবিষ্যতের মধ্যে পার্থক্য এরূপই চলে আসছে। আর নিজের জীবনেই তো দেখা যাচ্ছে। আল্লাহ্ তা'আলা ফিতনা থেকে আমাদের ঈমান হিফাযত করুন।
ব্যাখ্যা সূত্রঃ_ মা'আরিফুল হাদীস (মাওলানা মনযূর নোমানী রহ.)
tahqiqতাহকীক:তাহকীক চলমান