মা'আরিফুল হাদীস

কল্যাণের দিকে আহ্বান: সৎ কাজের আদেশ ও মন্দ কাজ হতে নিষেধ অধ্যায়

হাদীস নং: ৪৫
কল্যাণের দিকে আহ্বান: সৎ কাজের আদেশ ও মন্দ কাজ হতে নিষেধ অধ্যায়
আল্লাহর পথে জিহাদ, হত্যা ও শাহাদত
৪৫. হযরত আনাস (রা) থেকে বর্ণিত, রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম যখন তাবুক থেকে প্রত্যাবর্তন করছিলেন, মদীনার নিকটবর্তী হয়ে তিনি বললেন, মদীনার মধ্যে কতক এমন ব্যক্তিও রয়েছে; যারা পূর্ণ সফরে তোমাদের সাথী ছিল। তোমরা যখন কোন মাঠ অতিক্রম করছিলে তখন তারাও তোমাদের সাথী ছিল। কোন কোন সফর সঙ্গী তাঁকে বললেন, ইয়া রাসূলাল্লাহ্! তারা তো মদীনায় ছিল। (এরপরও ভ্রমণে তাঁরা আমাদের সঙ্গী ছিল?) তিনি বললেন, হ্যাঁ তারা মদীনায়ই ছিল। কোন ওযর, বাধ্যতবাধকতায় তারা আমাদের সফর সঙ্গী হতে পারেনি। (সহীহ্ বুখারী, সহীহ্ মুসলিম)
دعوت الی الخیر امربالمعروف نہی عن المنکر
عَنْ أَنَسٍ أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ رَجَعَ مِنْ غَزْوَةِ تَبُوكَ فَدَنَا مِنَ الْمَدِينَةِ فَقَالَ: إِنَّ بِالْمَدِينَةِ أَقْوَامًا مَا سِرْتُمْ مَسِيرًا وَلاَ قَطَعْتُمْ وَادِيًا إِلاَّ كَانُوا مَعَكُمْ. قَالُوا يَا رَسُولَ اللَّهِ وَهُمْ بِالْمَدِينَةِ قَالَ: وَهُمْ بِالْمَدِينَةِ، حَبَسَهُمُ الْعُذْرُ. (رواه البخارى ورواه مسلم عن جابر)

হাদীসের ব্যাখ্যা:

উদ্দেশ্য এই যে, মদীনা মুনাওয়ারায় তাঁর সাহাবীগণের মধ্যে কতক এরূপ ব্যক্তি ছিলেন যাঁরা তাবুক অভিযানে তাঁর সঙ্গী হতে চাচ্ছিলেন। তাঁদের দৃঢ় সংকল্পও ছিল। কিন্তু কোন সাময়িক অপারগতা ও বাধ্যবাধকতার কারণে যেতে পারেননি। সুতরাং যেহেতু হুযুর সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম-এর সাথে যেতে তাঁদের নিয়ত ছিল, এজন্য আল্লাহ্ তা'আলার দফতরে তাঁরা অভিযান কারীদের তালিকায়ই লিপিবদ্ধ হন। আলোচ্য হাদীসের এক বর্ণনায় এ শব্দাবলিও এসেছে, إِلَّا شَرَكُوكُمْ فِي الْأَجْرِ অথার্ৎ সেই নিষ্ঠাবান মু'মিনগণ নিজেদের সঠিক নিয়তের কারণে এই তাবুক যুদ্ধের সাওয়াবে তোমাদের শরীক ও অংশীদার নির্ধারিত হয়েছে। এ হাদীস থেকে জানা গেল যে, যদি কোন লোক কোন নেক কাজে শরীক হওয়ার নিয়ত রাখে, কিন্তু কোন অপরাগতা ও বাধ্যবাধকতার কারণে সময়ে শরীক হতে পারেনি তবে আল্লাহ্ তা'আলা তার নিয়তের ওপরই কার্যত শরীক হওয়ার পুরস্কার ও সাওয়াব দান করবেন।
ব্যাখ্যা সূত্রঃ_ মা'আরিফুল হাদীস (মাওলানা মনযূর নোমানী রহ.)
tahqiqতাহকীক:তাহকীক চলমান
মা'আরিফুল হাদীস - হাদীস নং ৪৫ | মুসলিম বাংলা