মা'আরিফুল হাদীস
কল্যাণের দিকে আহ্বান: সৎ কাজের আদেশ ও মন্দ কাজ হতে নিষেধ অধ্যায়
হাদীস নং: ৩০
কল্যাণের দিকে আহ্বান: সৎ কাজের আদেশ ও মন্দ কাজ হতে নিষেধ অধ্যায়
হিদায়াত ও ইরশাদ এবং উত্তম কাজের প্রতি আহ্বানের পুরস্কার ও সাওয়াব
৩০. হযরত আবূ হুরাইরা (রা) থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন, যে ব্যক্তি কোন উত্তম কাজের দিকে লোকজনকে আহ্বান করল, তবে সেই আহ্বানকারী সে সব ব্যক্তির পুরস্কারের সমান পুরস্কার পাবে যারা তার কথা মেনে নেকীর সেই পথে চলবে ও আমল করবে। আর একারণে সেই আমলকারীদের পুরস্কারে কোন কমতি হবে না। অনুরূপভাবে যে ব্যক্তি (লোকজনকে) কোন গোমরাহী (এবং মন্দ কাজ)-এর প্রতি আহ্বান করল, তবে সেই আহ্বানকারীর, সেই সব লোকদের গুনাহ সমূহের সমান গুনাহ হবে, যারা তার আহ্বানে সেই গোমরাহী ও মন্দ কাজের দোষী হয়েছিল। আর এ কারণে সেই মন্দ কাজে লিপ্ত লোকদের গুনাহ্ ও তাদের শাস্তিতে কোন কমতি হবে না। (সহীহ্ মুসলিম)
دعوت الی الخیر امربالمعروف نہی عن المنکر
عَنْ أَبِي هُرَيْرَةَ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: مَنْ دَعَا إِلَى هُدًى كَانَ لَهُ مِنَ الأَجْرِ مِثْلُ أُجُورِ مَنْ تَبِعَهُ لاَ يَنْقُصُ ذَلِكَ مِنْ أُجُورِهِمْ شَيْئًا وَمَنْ دَعَا إِلَى ضَلاَلَةٍ كَانَ عَلَيْهِ مِنَ الإِثْمِ مِثْلُ آثَامِ مَنْ تَبِعَهُ لاَ يَنْقُصُ ذَلِكَ مِنْ آثَامِهِمْ شَيْئًا. (رواه مسلم)
হাদীসের ব্যাখ্যা:
আলোচ্য হাদীসে হক ও হিদায়াতের আহ্বানকারীদেরকে সুসংবাদ শুনানোর সাথে সাথে গোমরাহীর প্রতি আহ্বানকারীদের মন্দ পরিণতিও বর্ণনা করা হয়েছে। প্রকৃতপক্ষে যে সব সৌভাগ্যবান ব্যক্তির উত্তম কাজের প্রতি আহ্বান ও হিদায়াতের সৌভাগ্য অর্জিত হয়, তারা রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম-এর বরং সব নবী (আ) গণের মিশনের খাদিম ও তাঁদের সেনাবাহিনীর সিপাহী। আর যাদের দুর্ভাগ্য তাদেরকে গোমরাহী ও মন্দ কাজের আহ্বানকারী বানিয়েছে তারা শয়তানের এজেন্ট এবং সৈন্য। এ উভয়ের পরিণতি তাই যা হাদীসে বর্ণনা করা হয়েছে।
ব্যাখ্যা সূত্রঃ_ মা'আরিফুল হাদীস (মাওলানা মনযূর নোমানী রহ.)