মা'আরিফুল হাদীস
ইলম অধ্যায়
হাদীস নং: ১০
ইলম অধ্যায়
পার্থিব উদ্দেশ্যে দীনী ইলম অজর্নকারীদের ঠিকানা জাহান্নাম, তারা জান্নাতের সুগন্ধি থেকে পর্যন্ত বঞ্চিত
১০. হযরত আব্দুল্লাহ ইবনে উমর (রা) থেকে বর্ণিত, রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন, যে ব্যক্তি দীনী ইলম আল্লাহর সন্তুষ্টির জন্য নয় বরং গাইরুল্লাহর জন্য (অর্থাৎ নিজের পার্থিব ও আত্মার উদ্দেশ্যে) অর্জন করে জাহান্নামে সে তার ঠিকানা নির্ধারণ করুক। (জামি' তিরমিযী)
کتاب العلم
عَنِ ابْنِ عُمَرَ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ:مَنْ تَعَلَّمَ عِلْمًا لِغَيْرِ اللَّهِ أَوْ أَرَادَ بِهِ غَيْرَ اللَّهِ فَلْيَتَبَوَّأْ مَقْعَدَهُ مِنَ النَّارِ. (رواه الترمذى)
হাদীসের ব্যাখ্যা:
আল্লাহ তা'আলা দীনের ইলম নবী (আ) গণের মাধ্যমে এবং সর্বশেষে সায়্যিদিনা হযরত মুহাম্মদ খাতিমুন্নাবিয়্যীন সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ও তাঁর স্বীয় শেষ পবিত্র কিতাব কুরআন মজীদের মাধ্যমে এজন্য নাযিল করেছেন যে, এর আলোকে ও পথ প্রদর্শনে তাঁর বান্দাগণ আল্লাহর সন্তুষ্টির পথে চলে তাঁর রহমতের ঘর-জান্নাতে পৌঁছে যাবে। এখন যে হতভাগা এই পবিত্র ইলমকে আল্লাহ তা'আলার সন্তুষ্টি ও রহমতের পরিবর্তে নিজের আত্মার প্রবৃত্তি পূর্ণ করা ও পার্থিব সম্পদ অর্জনের হেতু বানায় আর এজন্য তা অর্জন করে, সে আল্লাহ তা'আলার নাযিলকৃত ও রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম-এর আনীত এই পবিত্র ইলমের ওপর বিরাট যুলুম করে। এটা নিকৃষ্টতম গুনাহ। এ সব হাদীসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ঘোষণা দিয়েছেন যে, এর শাস্তি হচ্ছে- জান্নাতের সুগন্ধি থেকে বঞ্চনা ও জাহান্নামের ভয়ানক আযাব। (আল্লাহ আমাদের রক্ষা করুন)
ব্যাখ্যা সূত্রঃ_ মা'আরিফুল হাদীস (মাওলানা মনযূর নোমানী রহ.)