মা'আরিফুল হাদীস

মু‘আশারাত ও মু‘আমালাত অধ্যায়

হাদীস নং: ৪৯৮
মু‘আশারাত ও মু‘আমালাত অধ্যায়
অভাবীদের জন্য শাসকের দ্বার উন্মুক্ত থাকা চাই
৪৯৮. হযরত আমর ইবনে মুররা (রা) থেকে বর্ণিত। তিনি হযরত মু'আবিয়া (রা) কে বললেন, আমি রাসূলুল্লাহ ﷺ-কে বলতে শুনেছি, যে শাসক প্রয়োজনশীল ও অভাবী লোকদের জন্য নিজের দরজা বন্ধ করবে তবে আল্লাহ তা'আলা তার অভাবের সময় আসমানের দরজা বন্ধ করে দেবেন। (অর্থাৎ তার প্রয়োজনের সময় আল্লাহর পক্ষ হতে তার প্রতি কোন সাহায্য হবে না। (তিরমিযী)
کتاب المعاشرت والمعاملات
عَنْ عَمْرِو بْنِ مُرَّةَ لِمُعَاوِيَةَ: سَمِعْتُ رَسُولَ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مَا مِنْ إِمَامٍ يُغْلِقُ بَابَهُ دُونَ ذَوِي الحَاجَةِ، وَالخَلَّةِ، وَالمَسْكَنَةِ إِلاَّ أَغْلَقَ اللَّهُ أَبْوَابَ السَّمَاءِ دُونَ خَلَّتِهِ، وَحَاجَتِهِ، وَمَسْكَنَتِهِ (رواه الترمذى)

হাদীসের ব্যাখ্যা:

রাসূলুল্লাহ ﷺ এবং তাঁর পরবর্তী খুলাফায়ে রাশেদীন-এর এ রীতিই ছিল যে, প্রয়োজনশীল ব্যক্তিবর্গ বিনা বাধায় প্রবেশ করে নিজেদের সমস্যা পেশ করতে পারতেন। তাদের জন্য দরজা বন্ধ থাকত না। কিন্তু খারিজীদের পক্ষ হতে যখন চোরাগুপ্তা হামলার ধারাবহিকতা শুরু হল এবং হযরত আলী মুরতাজা (রা) তাদের হাতে শহীদ হলেন আর হযরত মু'আবিয়া-এর ওপর হত্যার উদ্দেশ্যে হামলা হল তখন তিনি লোকজনের যাতায়াতের ওপর বাধ্যবাধকতা আরোপ করেন। এই প্রেক্ষিতে হাদীসের বর্ণনাকারী হযরত আমর ইব্‌ন মুররা তাঁকে রাসূলুল্লাহ ﷺ-এর এ বাণী শুনিয়েছিলেন। এর বর্ণনায় সামনে রয়েছে যে, রাসূলুল্লাহ ﷺ-এর এ বাণী শুনার পর হযরত মু'আবিয়া দরজার নিকট একজন বিশেষ দারোয়ান নিযুক্ত করেছিলেন, যিনি মানুষের প্রয়োজন ও সমস্যা অবগত হয়ে হযরত মু'আবিয়া পর্যন্ত পৌঁছাতেন।
ব্যাখ্যা সূত্রঃ_ মা'আরিফুল হাদীস (মাওলানা মনযূর নোমানী রহ.)
tahqiqতাহকীক:তাহকীক চলমান