মা'আরিফুল হাদীস

মু‘আশারাত ও মু‘আমালাত অধ্যায়

হাদীস নং: ৪৪৪
মু‘আশারাত ও মু‘আমালাত অধ্যায়
ঋণ প্রসঙ্গে
৪৪৪. হযরত উমাইয়া ইবনে সাফওয়ান স্বীয় পিতা সাফওয়ান ইবনে উমাইয়া থেকে বর্ণনা করেন যে, রাসূলুল্লাহ ﷺ হুনাইন যুদ্ধ (যাত্রা) কালে তার নিকট তার লৌহ বর্ম চান (অর্থাৎ তিনি তাকে বললেন, তোমার লৌহবর্ম যুদ্ধে ব্যবহারের জন্য আমাকে দাও) এবং সাফওয়ান (তখনও তিনি মুসলমান হননি) বললেন, হে মুহাম্মদ! আমার লৌহবর্ম লুন্ঠন করে নিতে চান? (অর্থাৎ যেহেতু আপনি বিজয়ী এবং শক্তি ও ক্ষমতা আপনার হাতে এ জন্যে?) তিনি বললেন, না, বরং কর্জ হিসাবে (নিতে চাই) যা পরে ফেরত দেওয়ার জিম্মা রইল। (আবু দাউদ)
کتاب المعاشرت والمعاملات
عَنْ أُمَيَّةَ بْنِ صَفْوَانَ، عَنْ أَبِيهِ، أَنَّ النَّبِىَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ اسْتَعَارَ مِنْهُ أَدْرَعَهُ يَوْمَ حُنَيْنٍ، فَقَالَ: أَغَصْبًا يَا مُحَمَّدُ؟ قَالَ: «بَلْ عَارِيَةٌ مَضْمُونَةٌ؟» (رواه ابوداؤد)

হাদীসের ব্যাখ্যা:

এই সাফওয়ান ইবনে উমাইয়া মক্কায় কুরাইশের নেতা ও রাসূলুল্লাহ ﷺ-এর ভীষণ শত্রু ছিলেন। অষ্টম হিজরী সনে যখন মক্কা বিজয় হয় এবং সেখানে রাসূলুল্লাহ ﷺ ও ইসলামের শক্তি প্রতিষ্ঠিত হল সাফওয়ান সে দিন মক্কা থেকে পলায়ন করেন। তার সাথে সুসম্পর্কশীল কোন কোন সাহাবা তার জন্যে রাসূলুল্লাহ ﷺ-এর নিকট নিরাপত্তার আবেদন করলেন। তিনি আবেদন মঞ্জুর করলেন। তাঁরা তার খোঁজে বের হলেন, তাকে পাওয়া গেল। তাকে রাসূলুল্লাহ ﷺ-এর নিকট নিয়ে আসা হল। কিন্তু তিনি স্বীয় কুফরীতে অটল থাকেন। এরপর যখন রাসূলুল্লাহ ﷺ মক্কা বিজয় সুসম্পন্ন করে হুনাইনের উদ্দেশ্যে বের হলেন তখন মক্কার এমন বহুলোক তাঁর অনুমতিক্রমে সে সফরে তাঁর সাথী হলেন, যারা তখনও ইসলাম গ্রহণ করেননি। তাদের মধ্যে সাফওয়ান ইবনে উমাইয়াও ছিলেন। এ সময়ই রাসুলুল্লাহ ﷺ তার মজবুত লৌহ বর্মটি কর্জ চেয়েছিলেন। এতে তার এ সন্দেহ দেখা দিল যে, সম্ভবত এখন আমার এ লৌহবর্ম লুণ্ঠন ও জব্দ করা হবে। যা আমাকে আর ফেরৎ দেওয়া হবে না। এ সন্দেহ তিনি পরিষ্কারভাবে প্রকাশও করলেন। রাসূলুল্লাহ ﷺ তাকে নির্ভয় প্রদান করলেন যে, এ লৌহ বর্ম তোমার নিকট কেবল কর্জ হিসাবে চাওয়া হচ্ছে। ইহা ফেরত দেওয়ার দায়িত্ব রয়েছে। এরপর লৌহবর্মটি তিনি তাঁকে সমর্পণ করেন।

এ হুনাইন যুদ্ধ সফরেই রাসুলুল্লাহ ﷺ-এর সাথে থেকে এবং তাঁর কর্মপদ্ধতি, বিশেষ করে নিজের পুরাতন ও রক্তপিপাসু শত্রুর সাথে তাঁর উত্তম অসাধারণ আচরণ দেখে তাঁর 'সত্য নবী' হওয়ার ব্যাপারে তার বিশ্বাস জন্মায়। তিনি ইসলাম গ্রহণ করলেন। অতএব তিনি একজন সাহাবী। আর তাঁর থেকে এ ঘটনা বর্ণনাকারী তাঁর ছেলে উমাইয়া ইবনে সাফওয়ানও একজন সাহাবী।
ব্যাখ্যা সূত্রঃ_ মা'আরিফুল হাদীস (মাওলানা মনযূর নোমানী রহ.)
tahqiqতাহকীক:তাহকীক চলমান