মা'আরিফুল হাদীস

মু‘আশারাত ও মু‘আমালাত অধ্যায়

হাদীস নং: ৪৩৩
মু‘আশারাত ও মু‘আমালাত অধ্যায়
যদি ব্যবসা সততা ও তাকওয়ার সাথে না হয় তবে হাশর খুবই মন্দ
৪৩৩. হযরত রিফাআ (রা) থেকে বর্ণিত। রাসূলুল্লাহ ﷺ বলেন, মুত্তাকী, পরহেযগার ও সত্যবাদী ব্যবসায়ীগণ ছাড়া সব ব্যবসায়ীকে পাপী ও বদকার হিসাবে উঠানো হবে। (তিরমিযী, ইবনে মাজাহ, দারিমী)
کتاب المعاشرت والمعاملات
عَنْ رِفَاعَةَ عَنِ النَّبِىِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «التُّجَّارُ يُحْشَرُونَ يَوْمَ الْقِيَامَةِ فُجَّارًا إِلَّا مَنِ اتَّقَى وَبَرَّ وَصَدَقَ» (رواه والترمذى وابن ماجة والدارمى)

হাদীসের ব্যাখ্যা:

আলোচ্য হাদীসে সেই সব লোকের জন্য বিরাট কঠিন ধমক ও সতর্কবাণী রয়েছে, যারা আল্লাহ-ভীতি, শরীয়তের নির্দেশ, সত্যবাদীতা ও পুণ্যের কাজ থেকে মুক্ত হয়ে ব্যবসা বাণিজ্য করে এবং সত্য মিথ্যা যে ভাবেই হউক নিজের সম্পদের বৃদ্ধি চায়, এরূপ লোক সম্পর্কে আলোচ্য হাদীসে বলা হয়েছে যে, কিয়ামতের দিন তাদের হাশর পাপী অর্থাৎ বদকার হিসাবে হবে। আর এ হিসাবেই আল্লাহ তা'আলার দরবারে তারা উপস্থিত হবে। আল্লাহর আশ্রয় চাই।

পক্ষান্তরে যে সব ব্যবসায়ী নিজের ব্যবসা ও কারবারে আখিরাতের পরিণামকে দৃষ্টিতে রেখে সততা, আমানতদারীর প্রতি লক্ষ্য রেখে ব্যবসা-বাণিজ্য করে, তাদেরকে রাসুলুল্লাহ ﷺ সুসংবাদ শুনিয়েছেন যে, তারা কিয়ামতের দিন নবী, সিদ্দীক ও শহীদগণের সাথে থাকবেন। এ হাদীস তিরমিযী ও দারিমী ইত্যাদি গ্রন্থের বরাতে (এ ধারাবাহিকতায়ই মা'আরিফুল হাদীসে পূর্বে লিপিবদ্ধ হয়েছে এবং সেখানে এর ব‍্যাখ্যাও করা হয়েছে)।
ব্যাখ্যা সূত্রঃ_ মা'আরিফুল হাদীস (মাওলানা মনযূর নোমানী রহ.)
tahqiqতাহকীক:তাহকীক চলমান