মা'আরিফুল হাদীস

মু‘আশারাত ও মু‘আমালাত অধ্যায়

হাদীস নং: ৩৮৯
মু‘আশারাত ও মু‘আমালাত অধ্যায়
কর্জের বিষয় খুবই কঠিন এবং এ বিষয়ে কঠোর হুঁশিয়ারী

রাসূলুল্লাহ ﷺ এক দিকে তো সম্পদশালী সাহাবীগণকে অভাবী ভাইদেরকে কর্জ দিতে ও তা আদায়ের ব্যাপারে কর্জগ্রহীতাকে সময় দিতে উৎসাহিত করেছেন যে, যখন সুযোগ পাবে পরিশোধ করবে। আর যদি অপারগ ও অভাবী হয় তবে কর্জের সমুদয় অথবা আংশিক ক্ষমা করে দিবে। এর বিরাট পুণ্য বর্ণনা করেছেন। অপরদিকে কর্জ গ্রহীতাকে সতর্ক করেছেন যে, যে যথাসম্ভব তাড়াতাড়ি কর্জ পরিশোধ করবে এবং এর বোঝা হতে ভারমুক্ত হতে চেষ্টা করবে। আল্লাহ না করুন, কর্জ পরিশোধ ছাড়া যদি এ দুনিয়া হতে চলে যায় তবে আখিরাতে এর পরিণাম তার জন্যে খুবই মন্দ হবে। কেননা তিনি ইহাকে কঠিনতম ও ক্ষমার অযোগ্য বলেছেন। কখনো এরূপ হয়েছে যে, কোন মৃত ব্যক্তি সম্পর্কে তিনি অবগত হয়েছেন, তার উপর কারো কর্জ রয়েছে যাকে পরিশোধ করেনি, তখন তিনি তার জানাযায় নামায পড়াতে অস্বীকার করেছেন। স্পষ্টতঃই এটা তাঁর পক্ষ হতে চূড়ান্ত পর্যায়ের হুঁশিয়ারী ছিল।
৩৮৯. হযরত আবু মুসা আশ'আরী (রা) থেকে বর্ণিত। রাসুলুল্লাহ ﷺ বলেন, আল্লাহ তা'আলা যেসব কবীরা গুনাহ হতে নিষেধ করেছেন (যেমন শিরক, যিনা ইত্যাদি) সেসব গুনাহর পর সর্বাধিক বড় গুনাহ এই যে, মানুষ ঋণগ্রস্ত অবস্থায় মৃত্যুবরণ করে আর ইহা পরিশোধের সম্পদ রেখে যায় না। (মুসনাদে আহমদ, আবু দাউদ)
کتاب المعاشرت والمعاملات
عَنْ أَبِي مُوسَى عَنِ النَّبِىِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَالَ: «إِنَّ أَعْظَمَ الذُّنُوبِ عِنْدَ اللَّهِ أَنْ يَلْقَاهُ بِهَا عَبْدٌ بَعْدَ الْكَبَائِرِ الَّتِي نَهَى اللَّهُ عَنْهَا، أَنْ يَمُوتَ رَجُلٌ وَعَلَيْهِ دَيْنٌ، لَا يَدَعُ لَهُ قَضَاءً» (رواه احمد وابوداؤد)
tahqiqতাহকীক:তাহকীক চলমান