মা'আরিফুল হাদীস

মু‘আশারাত ও মু‘আমালাত অধ্যায়

হাদীস নং: ৩৬৫
মু‘আশারাত ও মু‘আমালাত অধ্যায়
ইসলামী শরীয়তে যেভাবে তালাকপ্রাপ্তা নারীর জন্য ইদ্দতের নির্দেশ রয়েছে অনুরূপভাবে সেই বিধবা নারীর জন্যও ইদ্দতের নির্দেশ রয়েছে যার স্বামী মৃত্যুবরণ করেছে। এ ইদ্দতের নির্দেশও কুরআন মজীদে বিশদভাবে বর্ণনা করা হয়েছে। আল্লাহ বলেন:
{وَالَّذِينَ يُتَوَفَّوْنَ مِنْكُمْ وَيَذَرُونَ أَزْوَاجًا يَتَرَبَّصْنَ بِأَنْفُسِهِنَّ أَرْبَعَةَ أَشْهُرٍ وَعَشْرًا } [البقرة: 234]
তোমাদের মধ্যে যারা স্ত্রী রেখে মারা যায় তাদের স্ত্রীগণ চার মাস দশ দিন প্রতীক্ষায় থাকবে। (২:২৩৪)

এই ইদ্দত সেই সব বিধবা নারীদের জন্য যারা গর্ভবতী নয়। আর যে নারী গর্ভবস্থায় আছে তার ইদ্দত অন্য আয়াতে সন্তান প্রসব পর্যন্ত নির্ধারণ করা হয়েছে। সময় কম-বেশী যাই হোক। এই ওফাতের ইদ্দতের মধ্যে শোক পালনেরও নির্দেশ রয়েছে। অর্থাৎ বৈধব্য বরণকারী নারীর জন্য অত্যাবশ্যক করা হয়েছে যে, সে ইদ্দতের পূর্ণ সময় শোক পালন করবে। যে সব জিনিস সাজ-গোজের জন্য ব্যবহৃত হয়, ঐ সময় সে সেসব মোটেই ব্যবহার করবে না। মোদ্দা কথা, এই পূর্ণ সময় সে এমনভাবে থাকবে যেন তার আকুতি, পোশাক ও অবয়ব দ্বায়া তার বৈধব্যও প্রকাশ পায়। আর তাঁর বাহ্যিক অবস্থার প্রেক্ষিতে অন্যদেরও মনে হবে যে, স্বামীর ইন্তিকালে তার এরূপই দুঃখ ও পেরেশানী হয়েছে যেরূপ একজন ভদ্র ও পবিত্র স্ত্রীর হওয়া উচিত।

তবে এ নির্দেশ কেবল ইদ্দতকালের জন্য। ইদ্দতের সময় অতিক্রান্ত হওয়ার পর শোকপালন শেষ হওয়া চাই। শরীয়াতে এ কথার অনুমতি নেই যে, কোন স্ত্রীলোক বিধবা হয়ে যাবার পর সব সময়ের জন্য সে শোক পালনের প্রথা গ্রহণ করবে।

স্বামী ছাড়া নিজের অন্য কোন নিকটবর্তী প্রিয়জন যে সব, পিতা, ভাই প্রমুখের ইন্তিকালে যদি নারী তার হৃদয়ের বেদনা ও অনুভূতি শোকের আকারে প্রকাশ করে তবে কেবল তিন দিন পর্যন্ত অনুমতি আছে, এর অতিরিক্ত নয়।
৩৬৫. উম্মুল মু'মিনীন হযরত উম্মে হাবীবা ও জয়নব বিনতি জাহশ (রা) থেকে বর্ণিত। রাসূলুল্লাহ ﷺ বলেছেন, আল্লাহ ও আখিরাতের প্রতি বিশ্বাস রাখে এরূপ নারীর জন্য কোন মৃত আত্মীয়ের উপর তিন দিনের বেশি শোক প্রকাশ বৈধ নয়, তবে স্বামীর উপর চার মাস দশ দিন বৈধ। (বুখারী, মুসলিম)
کتاب المعاشرت والمعاملات
عَنْ أُمِّ حَبِيْبَةَ وَ زَيْنَبَ بِنْتِ جَحْشٍ عَنْ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «لاَ يَحِلُّ لِامْرَأَةٍ تُؤْمِنُ بِاللَّهِ وَاليَوْمِ الآخِرِ أَنْ تُحِدَّ عَلَى مَيِّتٍ فَوْقَ ثَلاَثِ لَيَالٍ، إِلَّا عَلَى زَوْجٍ أَرْبَعَةَ أَشْهُرٍ وَعَشْرًا» (رواه البخارى ومسلم)
tahqiqতাহকীক:তাহকীক চলমান