মা'আরিফুল হাদীস
মু‘আশারাত ও মু‘আমালাত অধ্যায়
হাদীস নং: ৩৪১
মু‘আশারাত ও মু‘আমালাত অধ্যায়
বিয়ে পরবর্তী ওলীমা
৩৪১. হযরত আনাস (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসুলুল্লাহ ﷺ তাঁর অন্য কোন স্ত্রীর বিয়েতে এরূপ ওলীমা করেন নি, যেরূপ করেছিলেন যায়নাব বিনতি জাহশ এর বিয়েতে। গোটা এক বকরী দিয়ে ওলীমা করেছিলেন। (বুখারী, মুসলিম)
کتاب المعاشرت والمعاملات
عَنْ أَنَسٍ قَالَ مَا أَوْلَمَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ عَلَى أَحَدٍ مِنْ نِسَائِهِ مَا أَوْلَمَ عَلَى زَيْنَبَ أَوْلَمَ بِشَاةٍ. (رواه البخارى ومسلم)
হাদীসের ব্যাখ্যা:
আলোচ্য হাদীস থেকে জানা গেল যে, অন্যান্য স্ত্রীগণের বিয়েতে তিনি ওলীমার যে দাওয়াত করেছিলেন তা এ থেকে সংক্ষিপ্ত ও হালকা জাতীয় ছিল। সুতরাং সহীহ বুখারীতে সাফিয়া বিনতে শায়বা এর বর্ণনায় এ হাদীস বর্ণিত হয়েছে যে, তিনি কোন কোন স্ত্রীর বিয়েতে ওলীমার যে দাওয়াত করেছিলেন, তাতে কেবল দু'সের আটা ব্যয় হয়েছিল। আর বুখারী শরীফেই হযরত আনাস (রা)-এর বর্ণনা বর্ণিত হয়েছে যে, রাসূলুল্লাহ ﷺ যখন সাফীয়াকে বিয়ে করেন এবং সে উপলক্ষে লোকজনকে ওলীমার যে দাওয়াত দেন তাতে দস্তরখানায় গোশত-রুটি কিছুই ছিল না। কিছু খেজুর, পনীর ও মাখন ছিল। এতে বুঝা গেল যে, ওলীমার জন্য যথারীতি খাবারের দাওয়াত জরুরী নয়। পানাহার জাতীয় বস্তু যা-ই পাওয়া যায় তা-ই মেহমানের সামনে পেশ করা হবে। কিন্তু অতিশয় দুর্ভাগ্য যে, অধুনা মুসলমানগণ যৌতুকের ন্যায় ওলীমাকেও এক মুসীবতে পরিণত করেছে।
ব্যাখ্যা সূত্রঃ_ মা'আরিফুল হাদীস (মাওলানা মনযূর নোমানী রহ.)