মা'আরিফুল হাদীস

মু‘আশারাত ও মু‘আমালাত অধ্যায়

হাদীস নং: ৩০১
মু‘আশারাত ও মু‘আমালাত অধ্যায়
আংটি ও মোহরের ব্যাপারে হুযুর (ﷺ)-এর রীতি ও দিকনির্দেশনা
৩০১. হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাযি. থেকে বর্ণিত, রাসূলুল্লাহ (ﷺ) এক ব্যক্তির হাতে একটি সোনার আংটি দেখলেন। তিনি তখন এটা তার হাত থেকে খুলে নিয়ে ছুঁড়ে মারলেন। তারপর বললেন, তোমাদের কারো অবস্থা এই যে, সে সখ করে দোযখের অঙ্গার নিজের হাতে পরে নেয়। (অর্থাৎ, পুরুষের জন্য সোনার আংটি যেন দোযখের আগুন, যা সখ করে নিজের হাতে পরে নেয়। তারপর যখন রাসূলুল্লাহ (ﷺ) সেখান থেকে চলে গেলেন, তখন কেউ ঐ ব্যক্তিকে (যার হাত থেকে সোনার আংটি ফেলে দেওয়া হয়েছিল।) বলল, এবার তোমার আংটি উঠিয়ে নাও এবং কোনভাবে নিজের কাজে লাগিয়ে নাও। (যেমন, বিক্রি করে দিতে পার, বাড়ীর মহিলাদেরকে ব্যবহারের জন্য দিয়ে দিতে পার।) ঐ ব্যক্তি বলল, আল্লাহর কসম। রাসূলুল্লাহ (ﷺ) যখন এটা ফেলে দিয়েছেন, তখন আমি এটা আর কখনো উঠাব না। -মুসলিম
کتاب المعاشرت والمعاملات
عَنْ عَبْدِ اللهِ بْنِ عَبَّاسٍ، أَنَّ رَسُولَ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ رَأَى خَاتَمًا مِنْ ذَهَبٍ فِي يَدِ رَجُلٍ، فَنَزَعَهُ فَطَرَحَهُ، وَقَالَ: «يَعْمِدُ أَحَدُكُمْ إِلَى جَمْرَةٍ مِنْ نَارٍ فَيَجْعَلُهَا فِي يَدِهِ»، فَقِيلَ لِلرَّجُلِ بَعْدَ مَا ذَهَبَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: خُذْ خَاتِمَكَ انْتَفِعْ بِهِ، قَالَ: لَا وَاللهِ، لَا آخُذُهُ أَبَدًا وَقَدْ طَرَحَهُ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ. (رواه مسلم)

হাদীসের ব্যাখ্যা:

এ হাদীস থেকে জানা গেল যে, সোনার অন্যান্য অলংকারের ন্যায় এর আংটি ব্যবহারও পুরুষদের জন্য নাজায়েয ও হারাম। একথাও জানা গেল যে, যদি সমীচীন ও উপকারী মনে করা হয়, তাহলে নিজের শিষ্য-শাগরিদ ও ঘনিষ্ঠ লোকদের সংশোধনের জন্য এ পদ্ধতিও অবলম্বন করা যায় যে, তার কাছে শরী‘আতবিরোধী যে জিনিস থাকে, এটা ছিনিয়ে নিয়ে ছুঁড়ে মারা যায় এবং ভেঙ্গে দেওয়া যায়।
ঐ সাহাবী লোকদের বলা সত্ত্বেও সোনার আংটিটি আর উঠিয়ে নেননি এবং ঐ উত্তর দিয়েছেন, যা হাদীসে উল্লেখ করা হয়েছে। এর দ্বারা অনুমান করা যেতে পারে যে, সাহাবায়ে কেরামের ঈমানী স্তর কি ছিল। আল্লাহ্ তা'আলা এর কিছুটা আমাদেরকেও নছীব করুন।
ব্যাখ্যা সূত্রঃ_ মা'আরিফুল হাদীস (মাওলানা মনযূর নোমানী রহ.)
tahqiqতাহকীক:তাহকীক চলমান