মা'আরিফুল হাদীস

মু‘আশারাত ও মু‘আমালাত অধ্যায়

হাদীস নং: ২৯৭
মু‘আশারাত ও মু‘আমালাত অধ্যায়
কাপড় পরিধানকালে হুযুর (ﷺ)-এর দু‘আ
২৯৭. হযরত আবু সাঈদ খুদরী রাযি. থেকে বর্ণিত, রাসূলুল্লাহ (ﷺ) যখন কোন নতুন কাপড় পরিধান করতেন, তখন এর নাম নিতেন, পাগড়ী, কুর্তা অথবা চাদর। তারপর এই দু‘আ পড়তেন-
اللَّهُمَّ لَكَ الْحَمْدُ كَمَا كَسَوْتَنِيهِ ، أَسْأَلُكَ خَيْرَهُ وَخَيْرَ مَا صُنِعَ لَهُ ، وَأَعُوذُ بِكَ مِنْ شَرِّهِ وَشَرِّ مَا صُنِعَ لَهُ
হে আল্লাহ্! তুমি যে আমাকে (এই পাগড়ী, কুর্তা অথবা চাদর) পরিধান করতে দিয়েছ, এর জন্য আমি তোমার প্রশংসা করছি। হে আল্লাহ! আমি তোমার কাছে এর মঙ্গল ও কল্যাণ প্রার্থনা করছি এবং যে উদ্দেশ্যে এটা তৈরী করা হয়েছে, এর কল্যাণও কামনা করছি। আর আমি এর অনিষ্ট থেকে এবং এর উদ্দেশ্যের অনিষ্ট থেকে তোমার আশ্রয় প্রার্থনা করছি।-তিরমিযী
کتاب المعاشرت والمعاملات
عَنْ أَبِي سَعِيدٍ الْخُدْرِىِّ قَالَ: كَانَ رَسُولُ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ إِذَا اسْتَجَدَّ ثَوْبًا سَمَّاهُ بِاسْمِهِ، عِمَامَةً، أَوْ قَمِيصًا، أَوْ رِدَاءً، ثُمَّ يَقُولُ: اللَّهُمَّ لَكَ الحَمْدُ أَنْتَ كَسَوْتَنِيهِ، أَسْأَلُكَ خَيْرَهُ وَخَيْرَ مَا صُنِعَ لَهُ، وَأَعُوذُ بِكَ مِنْ شَرِّهِ وَشَرِّ مَا صُنِعَ لَهُ. (رواه الترمذى)

হাদীসের ব্যাখ্যা:

পরিধানকালে রাসূলুল্লাহ (ﷺ)-এর আরেকটি সংক্ষিপ্ত দু‘আ হযরত আলী রাযি.-এর বর্ণনায় 'পোশাকের আদব' অধ্যায়ের একেবারে শুরুতে লিখে আসা হয়েছে। আর মা'আরিফুল হাদীস সিরিজের পঞ্চম খণ্ডে আবু দাউদ শরীফের বরাতে এ হাদীস লিপিবদ্ধ হয়েছে যে, যে ব্যক্তি পোশাক পরিধান করার সময় আল্লাহ্ তা'আলার প্রশংসা ও শুকরিয়ার এ বাক্যগুলো মুখে ও অন্তরে বলবে:
الْحَمْدُ لِلَّهِ الَّذِي كَسَانِي هَذَا وَرَزَقَنِيهِ مِنْ غَيْرِ حَوْلٍ مِنِّي وَلَا قُوَّةٍ
(অর্থঃ সমস্ত প্রশংসা আল্লাহর জন্য, যিনি আমাকে এ কাপড় পরিধান করিয়েছেন। আমার সাধ্য ও ক্ষমতা ছাড়াই যিনি আপন অনুগ্রহে আমাকে এটা দান করেছেন।) তার পূর্বাপর সকল গুনাহ মাফ করে দেওয়া হবে। আল্লাহ্ তা'আলা আমাদেরকে আমল করার এবং প্রতিটি নেয়ামতে তাঁর প্রশংসা ও শুকরিয়া আদায়ের তাওফীক দান করুন।
ব্যাখ্যা সূত্রঃ_ মা'আরিফুল হাদীস (মাওলানা মনযূর নোমানী রহ.)
tahqiqতাহকীক:তাহকীক চলমান